০৯:৫২ এম
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ‘বডি স্প্রে’র তীব্র ঘ্রাণে অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, নবম শ্রেণির এক শিক্ষার্থী তার সহপাঠীদের মাঝে পারফিউম বডি স্প্রে ব্যবহার করেন। মুহূর্তের মধ্যেই আশপাশে থাকা আরও কয়েকজন শিক্ষার্থী তীব্র ঘ্রাণে শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও বমিভাব অনুভব করতে শুরু করেন। পরে মোট ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন
চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলেন— কনা, আনিকা, অন্তরা, ইসরাত, সুমাইয়া, লামিয়া, মারুফ, লিসান, জিসান, মাহিন, তানজু, তানজিলা, শারামনি, সাদিয়া ও বিথী। তাদের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান মিয়া জানান, ক্লাস চলাকালীন এক শিক্ষার্থী ‘বডি স্প্রে’ ব্যবহার করলে তীব্র ঘ্রাণে আশপাশের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হয় এবং ব্যবহৃত স্প্রের বোতলটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুজিত ঢালি বলেছেন, ১৫ জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বরিশাল বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম জানিয়েছেন, ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং শিক্ষার্থীদের চিকিৎসা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার
এ ঘটনায় এলাকায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন