শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:০৮ পি.এম
রুবেল মিয়া, যিনি তিন বা চার বছর বয়সে হাম রোগে আক্রান্ত হয়ে দুই পা অচল হয়ে গেছেন, এখন কর্মসংস্থানের সুযোগ খুঁজছেন। তার এই শারীরিক প্রতিবন্ধকতা তাকে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে বাধা দেয়। কখনো হামাগুড়ি দিয়ে এবং কখনো বাবার কাঁধে উঠে চলতে হয় তাকে। তবে, এই প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। রাষ্ট্র বিজ্ঞানে অনার্স সম্পন্ন করে তিনি এখন পরিবারের পাশে দাঁড়াতে চান।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের পূর্ব ঘুঘরাকান্দী গ্রামের বাসিন্দা রুবেল। তার বাবা ইব্রাহিম মিয়া এবং মা মৃত. ময়না বেগম। রুবেল নিজ বাড়ির পাশে ব্র্যাক স্কুলে পঞ্চম শ্রেণি পাস করেন। ২০১৮ সালে উত্তর নাকশী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২০ সালে হাজী নূরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজ থেকে এইচএসসি পাস করেন। সর্বশেষ ২০২৬ সালে নালিতাবাড়ী সরকারি নাজমুল স্মৃতি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন।
রুবেলের শিক্ষাযাত্রা সহজ ছিল না। তিনি এসএসসি পাসের আগেই মাকে হারান। মায়ের স্নেহের অভাব থাকলেও বাবার সহযোগিতা এবং নিজের ইচ্ছাশক্তি তাকে পড়ালেখা চালিয়ে যেতে সাহায্য করেছে।
দৈনিক ইনকিলাবকে রুবেল বলেন, "পড়ালেখার খরচ চালাতে ছাত্রজীবনেই হাঁস-মুরগি পালন করেছি। প্রতিবন্ধী ভাতার টাকা দিয়েও ব্যয় মেটানোর চেষ্টা করেছি। নানা সীমাবদ্ধতায় ও শিক্ষা অর্জনকে নিজের জীবন বদলের হাতিয়ার হিসেবে নিয়েছি।"
শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয়েছে। তার স্বপ্ন সমাজের বোঝা না হয়ে স্বাবলম্বী মানুষ হিসেবে বেঁচে থাকা। শারীরিক প্রতিবন্ধকতা চাকরি বা ভাল কর্মসংস্থানের সুযোগ পাওয়া তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি প্রশাসনের কাছে আবেদন করেছেন যাতে তার যোগ্যতা ও সক্ষমতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। তার বিশ্বাস, সুযোগ পেলেই শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সমাজে নিজেকে স্বাবলম্বী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি একটি সরকারি চাকরির সুযোগ করে দেয়ার জন্য আবেদন করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বার্সেলোনার তারকা ফরোয়ার্ড রাফিনিয়া আবারও ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলার প্রতি নিজের অঙ্গীকার স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, শারীরিকভাবে ফিট থাকলে জাতীয় দলের হয়ে প্রতিটি ম্যাচে এবং যত বেশি সম্ভব সময় মাঠে থাকতে চান। শুক্রবার (১৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন, যা ছিল জাতীয় দলের হয়ে খেলার সময় নিয়ন্ত্রণ নিয়ে দেওয়া মন্তব্যের ব্যাখ্যা। খবর গ্লোবো এস্পোর্তের।
রাফিনিয়া মন্তব্য করেন, ‘আমি প্রতিটি ম্যাচ খেলতে চাই এবং যত বেশি সম্ভব মিনিট মাঠে থাকতে চাই। আমার শরীর যদি সায় দেয়, তাহলে নিজের সেরাটা দেব।’
তিনি দাবি করেন, তার আগের বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে পায়ের প্রায় একই জায়গায় তিনবার চোটে পড়েছিলেন এই ফরোয়ার্ড। তার মূল উদ্বেগ ছিল নতুন করে চোট এড়ানো এবং জাতীয় দল ও বার্সেলোনা দুই দলের জন্য ফিট থাকা।
রাফিনিয়ার ভাষায়, প্রথমবার ব্রাজিলের জার্সি গায়ে চাপানোর পর থেকেই জাতীয় দলের হয়ে খেলার প্রতি তার আগ্রহ ও প্রতিশ্রুতি জানিয়ে আসছেন। ব্রাজিলের হয়ে খেলা সব সময়ই তার কাছে সম্মানের বিষয় এবং সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
তিনি জানান, কোন ম্যাচ খেলবেন আর কোন ম্যাচ খেলবেন না, এমন কোনো পছন্দের কথাও বলেননি। বরং জাতীয় দলের হয়ে সর্বোচ্চটা দিতে হলে শারীরিকভাবে সুস্থ থাকা জরুরি—সেটিই বোঝাতে চেয়েছিলেন তিনি।
আগের মন্তব্যের পর সমালোচনার মুখে পড়া নিয়েও কথা বলেছেন এই ফরোয়ার্ড। তার মতে, ব্রাজিলের জার্সি পরার সঙ্গে বিশাল দায়িত্ব জড়িয়ে আছে। প্রত্যাশা পূরণ করতে না পারলে সমালোচনা মেনে নেওয়ার মানসিকতাও খেলোয়াড়দের থাকতে হবে।
রাফিনিয়া বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই, ব্রাজিল বিশ্বের সেরা জাতীয় দল। পুরো দেশের মানুষ এই দলকে জিততে এবং ভালো খেলতে দেখতে চায়। সেই প্রত্যাশার ভার আমাদের বহন করতে হয়। ফল ভালো না হলে আমাদের জবাবদিহি করতে হবে।’
তবে তিনি স্বীকার করেছেন যে, সমালোচনা খেলোয়াড়দের মানসিক অবস্থায় প্রভাব ফেলে। নিজের সর্বোচ্চটা দেওয়ার পরও আক্রমণের শিকার হলে যে কেউ মানসিকভাবে ভেঙে পড়তে পারেন বলে মন্তব্য করেন এই তারকা।
বিশ্বকাপে চোটের কারণে নিজের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারার হতাশাও প্রকাশ করেছেন রাফিনিয়া। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে অবদান রাখতে চাইলেও শারীরিক সমস্যার কারণে তা সম্ভব হয়নি বলে জানান তিনি। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর বার্সেলোনার হয়ে বেশি ম্যাচ খেলতে পারেননি। পরে হাইতির বিপক্ষে ম্যাচের সময় আগের চোটের জায়গার ক্ষত আবার খুলে যায়।
সর্বশেষ আন্তর্জাতিক বিরতির পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে আলোচনার বিষয়টিও পরিষ্কার করেছেন রাফিনিয়া। তার দাবি, সেটি ছিল স্বাভাবিক ও অনানুষ্ঠানিক কথোপকথন। সেখানে মাঠে খেলার মিনিট নির্ধারণ বা কোনো বিধিনিষেধ নিয়ে আলোচনা হয়নি। বরং শতভাগ ফিট থাকা এবং নিজের শরীরের যত্ন নেওয়ার বিষয়টিই গুরুত্ব পেয়েছিল।
এদিকে শনিবার বিকেল ৪টা ১৫ মিনিটে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটির আগে রাফিনিয়ার এই বক্তব্যে জাতীয় দলের প্রতি তার প্রতিশ্রুতির বিষয়টি আবারও স্পষ্ট হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শীতকালে তাপমাত্রার পরিবর্তন, বায়ুদূষণ এবং বিভিন্ন মৌসুমি সংক্রমণের কারণে শিশুদের শ্বাসতন্ত্রের সমস্যা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে দূষিত বাতাসে থাকা সূক্ষ্ম কণাগুলি শিশুদের ফুসফুসের জন্য বিপজ্জনক। কারণ, এই সময় তাদের ফুসফুস ও রোগ প্রতিরোধব্যবস্থা পুরোপুরি পরিণত হয় না। তাই শীতের শুরুতেই শিশুদের শ্বাসতন্ত্রের সুরক্ষায় অভিভাবকদের বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নভেম্বর মাসে তাপমাত্রার ওঠানামা, বাতাসের চলাচল কমে যাওয়া এবং দূষণের মাত্রা বেড়ে যাওয়ার মতো বিষয়গুলি শিশুদের শ্বাসকষ্টের ঝুঁকি বৃদ্ধি করতে পারে। বায়ুদূষণের পাশাপাশি ঠাণ্ডা বাতাস এবং মৌসুমি ভাইরাসও এই সময় শ্বাসতন্ত্রের সমস্যার কারণ হতে পারে।
কেন শিশুরা বেশি ঝুঁকিতে
শিশুদের ফুসফুস ও রোগ প্রতিরোধব্যবস্থা এখনও বিকাশের পর্যায়ে থাকে। এ কারণে বাতাসে থাকা সূক্ষ্ম ধূলিকণা বা দূষিত উপাদান তাদের শ্বাসতন্ত্রে বেশি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পিএম২.৫ এবং পিএম১০-এর মতো ক্ষুদ্র দূষণকণা ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। নাইট্রোজেন ডাই-অক্সাইডের মতো দূষকও শ্বাসতন্ত্রে অস্বস্তি সৃষ্টি করতে পারে।
এছাড়া শিশুরা সাধারণত বাইরে বেশি সময় কাটায় এবং খেলাধুলা বা দৌড়ানোর সময় দ্রুত শ্বাস নেয়। ফলে দূষিত বাতাসের সংস্পর্শে আসার ঝুঁকিও বৃদ্ধি পায়।
যেসব লক্ষণে সতর্ক হবেন
শিশুর শ্বাসতন্ত্রে সমস্যা দেখা দিলে কিছু লক্ষণ খেয়াল করা জরুরি। যেমন—
দীর্ঘ সময় ধরে কাশি থাকা
শ্বাস নেওয়ার সময় শোঁ শোঁ শব্দ হওয়া
স্বাভাবিকের চেয়ে দ্রুত শ্বাস নেওয়া
বুকে অস্বস্তি বা ব্যথা অনুভব করা
শ্বাস নিতে কষ্ট হওয়া
অস্বাভাবিক ক্লান্তি বা নিস্তেজ হয়ে পড়া।
যদি শিশুর শ্বাস নিতে খুব কষ্ট হয়, শ্বাসের সময় বুকের নিচের অংশ ভেতরের দিকে দেবে যায়, ঠোঁট নীলচে হয়ে যায় অথবা অস্বাভাবিক ঘুমঘুম ভাব দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত।
শিশুর ফুসফুস সুরক্ষায় করণীয়
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, শীত ও দূষণের সময় কিছু বিষয়ে সতর্ক থাকলে শিশুদের ঝুঁকি কমানো সম্ভব।
প্রথমত, বাইরে যাওয়ার আগে এলাকার বায়ুমান সূচক বা একিউআই (AQI) দেখে নেওয়া উচিত। দূষণের মাত্রা বেশি থাকলে শিশুর বাইরের খেলাধুলা ও শরীরচর্চা সীমিত করে ঘরের ভেতরে খেলার ব্যবস্থা করা যেতে পারে।
দ্বিতীয়ত, দিনের যে সময়ে দূষণের মাত্রা বেশি থাকে, সেই সময়ে ঘরের জানালা বন্ধ রাখা এবং ঘরের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। ঘরে ধুলাবালি জমতে দেওয়া যাবে না। মশার কয়েল, ধূপ, সিগারেটের ধোঁয়া বা অন্য কোনো ধরনের ধোঁয়া থেকেও শিশুকে দূরে রাখতে হবে।
এছাড়া নিয়মিত হাত ধোয়ার অভ্যাস, পর্যাপ্ত পানি পান এবং সুষম খাবার শিশুর সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক। শিশুর হাঁপানি বা অন্য কোনো শ্বাসতন্ত্রের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও ইনহেলার ব্যবহার করতে হবে। চিকিৎসকের পরামর্শে মৌসুমি ফ্লুর টিকাও নেওয়া যেতে পারে।
শিশুর কাশি বা শ্বাসকষ্ট দীর্ঘস্থায়ী হলে অথবা লক্ষণ বৃদ্ধি পেলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শীতের সময় দূষিত বাতাস ও সংক্রমণ থেকে শিশুকে যতটা সম্ভব সুরক্ষিত রাখা সুস্থ শ্বাসতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারত সরকার ইসলামি আলোচক জাকির নায়েককে আরও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। একইসাথে, তার প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপরও নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে।
শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়। এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর আইআরএফ-এর ওপর নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছিল। ২০১৬ সালে প্রথমবারের মতো জাকিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত সরকার।
জাকির নায়েককে দীর্ঘদিন ধরে খুঁজছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও এনআইএ। তার বিরুদ্ধে তহবিল তছরুপের অভিযোগসহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে। ২০২০ সাল থেকে ভারতে তার বক্তৃতা প্রদান নিষিদ্ধ করা হয়েছে।
বর্তমানে জাকির নায়েক মালয়েশিয়ায় অবস্থান করছেন ২০১৭ সাল থেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সকার হল অব ফেমে স্থান পাচ্ছেন ডেভিড বেকহাম। ইংল্যান্ডের সাবেক অধিনায়ককে ২০২৭ সালের অন্তর্ভুক্তি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমবার মনোনয়ন পাওয়ার পর যুক্তরাষ্ট্রের নারী ফুটবলের দুই তারকা মেগান রাপিনো ও জুলি এর্তজও হল অব ফেমে জায়গা করে নিয়েছেন।
২০০৭ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ত্যাগ করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার মাধ্যমে আলোচনায় আসেন বেকহাম। পাঁচ বছরের চুক্তিতে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই মিডফিল্ডার। যুক্তরাষ্ট্রে তাঁর আগমন এমএলএসের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গ্যালাক্সির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২৪ ম্যাচে ২০টি গোল করেছেন বেকহাম। তাঁর সময়ে দলটি দুবার এমএলএস কাপ এবং দুবার সাপোর্টার্স শিল্ড জিতেছে। গ্যালাক্সিতে থাকার সময় ২০০৯ ও ২০১০ সালে ইতালিয়ান ক্লাব এসি মিলানে ধারে খেলেছেন তিনি।
২০১৩ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পরও যুক্তরাষ্ট্রের ফুটবলের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন বেকহাম। তিনি এমএলএস ক্লাব ইন্টার মায়ামির সহমালিক হন। তাঁর ক্লাবেই ২০২৩ সালে যোগ দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
বৃহস্পতিবার এমএলএসের বোর্ড অব গভর্নরসের সভায় ভেটেরান্স ব্যালটে নির্বাচিত হওয়ার খবর পান বেকহাম। যুক্তরাষ্ট্রে তাঁর সময়কে ‘অবিশ্বাস্য এক যাত্রা’ হিসেবে বর্ণনা করেছেন ৫১ বছর বয়সী সাবেক এই ফুটবলার। তিনি মন্তব্য করেন, ‘এই মহান দেশে লিগ ও খেলাটিকে আরও এগিয়ে নিতে আমি দীর্ঘদিন কাজ করতে চাই।’
হল অব ফেমে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিকতা আগামী ১৬ এপ্রিল ২০২৭ টেক্সাসের ফ্রিসকোতে অনুষ্ঠিত হবে। বেকহামের সঙ্গে যুক্তরাষ্ট্রের নারী ফুটবলের দুই সাবেক তারকা রাপিনো ও এর্তজও ২০২৭ সালের তালিকায় স্থান পেয়েছেন। প্রথমবার যোগ্যতা অর্জনের বছরেই নির্বাচিত হয়েছেন তাঁরা। ৪১ বছর বয়সী রাপিনো ২০১৯ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন। ৩৪ বছর বয়সী মিডফিল্ডার এর্তজ ছিলেন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য।
২০১৫ ও ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের হয়ে নারী বিশ্বকাপ জিতেছেন রাপিনো ও এর্তজ। স্বীকৃতি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাপিনো লিখেছেন, দেশের হয়ে খেলা সেরা ফুটবলারদের সঙ্গে একই স্বীকৃতি ভাগ করে নিতে পারা তাঁর কাছে বিশেষ সম্মানের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ