শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:০১ পি.এম
শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে, দীর্ঘ সময় পর, মানুষ ও বন্যহাতির সংঘাত নিরসনের জন্য প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি অঞ্চলের ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা হাতির চলাচল পর্যবেক্ষণ করে এবং লোকালয়ে প্রবেশের পূর্বে মানুষকে সতর্ক করে। এসব ক্যামেরায় হাতির উপস্থিতি শনাক্ত হলে এক মিনিটের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোনে সতর্কবার্তা পৌঁছে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুরের ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় খাবারের সন্ধানে প্রায়ই বন্যহাতির পাল লোকালয়ে প্রবেশ করে। এর ফলে ঘরবাড়ি ভাঙচুর, ফসলের ক্ষতি এবং মানুষ ও হাতির প্রাণহানির ঘটনা ঘটছে। হাতি তাড়াতে গিয়ে অনেক সময় মানুষের মৃত্যু হচ্ছে, আবার প্রতিশোধমূলক আক্রমণসহ নানা কারণে বন্যহাতিরও প্রাণহানি ঘটছে।
গত ৩৩ বছরে এ সংঘাতে তিন উপজেলায় অন্তত ৩৫ জন মানুষ এবং ২৮ থেকে ৩০টি হাতি মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তথ্যমতে, এ সময়ে মানুষের মৃত্যু হয়েছে ৩৪ জনের এবং হাতি মারা গেছে ৩৩টি।
এ পরিস্থিতিতে সমচূড়া, মধুটিলা, বুরুঙ্গা, ডালুকোণা এবং দাওধারা-কাটাবাড়ীসহ ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স ও মোবাইল অপারেটর গ্রামীণফোনের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ক্যামেরায় হাতির উপস্থিতি শনাক্ত হলেই স্বয়ংক্রিয়ভাবে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে বার্তা চলে যায়। ফলে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও এলিফ্যান্ট রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে সক্ষম হচ্ছেন। এতে হাতি লোকালয়ে প্রবেশের আগে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে হাতি লোকালয়ে প্রবেশের পর তাদের উপস্থিতির খবর পাওয়া যেত। এখন অন্তত আগাম সংকেত পাওয়ার ফলে সতর্ক হওয়া সম্ভব হচ্ছে। তবে ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলাকেও এ প্রযুক্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
মধুটিলা রেঞ্জ অফিসার আব্দুল করিম বলেন, এআই ক্যামেরা স্থাপনের ফলে হাতির উপস্থিতির খবর আগের তুলনায় দ্রুত পাওয়া যাচ্ছে।
অন্যদিকে শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী ইনকিলাবকে জানান, উদ্যোগটি পরীক্ষামূলক হলেও ইতিমধ্যে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। ভবিষ্যতে হাতির চলাচলের আরও এলাকায় এআই ক্যামেরার আওতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রযুক্তির এই ব্যবহার সম্প্রসারিত হলে দীর্ঘদিনের মানুষ ও বন্যহাতির সংঘাত কমানোর পাশাপাশি উভয়ের প্রাণহানি রোধে কার্যকর ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর উত্তরা পূর্ব থানা পুলিশের একটি বিশেষ অভিযানে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য এবং মাদক কারবারি। শুক্রবার (১৩ নভেম্বর) এই অভিযান পরিচালিত হয়, যেখানে পুলিশ ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা উদ্ধার করে।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন তুরাগ থানার ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মিরাজ উদ্দিন মিয়া (৫০)। তাকে ১৮ মার্চ ২০২৫ তারিখে দায়ের করা একটি সহিংসতা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, শামীম হোসেন (৩০) নামের অপর এক আসামিকে ১০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১২ নভেম্বর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগরী পুলিশ (ডিএমপি) অধ্যাদেশ আইনে অন্যান্য অপরাধ ও মাদক সেবনের কারণে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে আরও ৯ জনকে সোপর্দ করা হয়েছে। এদের মধ্যে রয়েছে ১ পুড়িয়া গাঁজাসহ মোঃ সাজেদুল ইসলাম (২৩), মোঃ দীপ্ত (২৬) ও মোঃ রায়হান (২৬), ১টি গাঁজাভর্তি সিগারেটসহ মোঃ মারুফ আহম্মেদ (২৪), ২ পিস ইয়াবাসহ মোঃ হানিফ (৩৭) এবং ১ পিস করে ইয়াবাসহ মোঃ শোয়েইব শাওন (২৩) ও মোঃ মকবুল হোসেন (৩২)।
এছাড়াও অন্যান্য অপরাধের জন্য মোঃ ওসমান গনী প্রকাশ ইউসুফ (৩০) এবং মোঃ শান্তকে (১৯) গ্রেফতার করে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত, উত্তরা বিভাগে সোপর্দ করা হয়েছে।
উত্তরা পূর্ব থানার ওসি জানিয়েছেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিস্তার রোধে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের দুই সক্রিয় নেতাকে গ্রেপ্তার করেছে গফরগাঁও থানা পুলিশ। এই অভিযানটি বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে অনুষ্ঠিত হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন রসুলপুর ইউনিয়নের যুবলীগ নেতা মো. মনির (৩৬) এবং চরআলগী ইউনিয়নের সক্রিয় নেতা মো. আল আমিন (৪০)। এছাড়াও, পৃথক একটি অভিযানে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি মোছা. হাজেরা খাতুন (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।
গফরগাঁও থানার ওসি মো. মুশফিকুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃত তিন আসামিকে শুক্রবার ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অপরাধীদের ধরার জন্য পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে নিজের মোবাইল ফোনে আড়ি পাতার অভিযোগ করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁর কাছে থাকা বিভিন্ন অভিযোগের প্রমাণ তাঁর ফোনেই রয়েছে এবং মোদি এ বিষয়ে অবগত আছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) ইনস্টাগ্রামে অনুষ্ঠিত এক প্রশ্নোত্তর পর্বে রাহুল গান্ধী এই অভিযোগ করেন। এ সময় তিনি নিজের মোবাইল ফোনটি প্রদর্শন করে বলেন, ‘প্রমাণ এখানে, এই ফোনে। প্রধানমন্ত্রী জানেন, কারণ তিনি আমার ফোনে আড়ি পাতেন।’
অনুষ্ঠানে সমর্থকদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদিকে প্রকাশ্যে বিতর্কে বসার জন্য চ্যালেঞ্জ জানান। তিনি বলেন, দুই নেতার মুখোমুখি আলোচনা হলে বিদেশি শক্তির প্রভাব এবং দেশবিরোধী কর্মকাণ্ডের বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।
তবে ফোনে আড়ি পাতার অভিযোগের সমর্থনে ওই প্রশ্নোত্তর পর্বে রাহুল গান্ধী কোনো যাচাইযোগ্য প্রযুক্তিগত প্রমাণ উপস্থাপন করেননি। প্রধানমন্ত্রীর দপ্তর বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফোনে নজরদারির অভিযোগ তুলেছিলেন। ২০২১ সালে পেগাসাস স্পাইওয়্যার বিতর্কের সময় তিনি দাবি করেছিলেন, তাঁর ফোনেও এই স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছিল। সে সময় আরও কয়েকজন রাজনীতিকের ফোনে নজরদারির অভিযোগ ওঠে। তবে ফোন নম্বর সম্ভাব্য নজরদারির তালিকায় থাকা মানে এই নয় যে সংশ্লিষ্ট ফোনে সফলভাবে আড়ি পাতা হয়েছিল।
শুক্রবারের প্রশ্নোত্তর পর্বে রাহুল বলেন, সংসদে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে চাইলেও তাঁকে সুযোগ দেওয়া হয় না এবং তাঁর মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। কৃষি আইন, ভোট কারচুপির অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর), চীন এবং জেফরি এপস্টেইন-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তিনি সরাসরি বিতর্ক করতে চান বলেও জানান।
প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে রাহুল বলেন, তিনি দীর্ঘ বক্তৃতার পরিবর্তে সরাসরি প্রশ্নোত্তর ও বিতর্ক চান। এ ধরনের বিতর্ক হলে বিদেশি শক্তির প্রভাব এবং দেশবিরোধী কর্মকাণ্ড নিয়ে তাঁর কাছে থাকা তথ্য প্রকাশিত হবে বলে দাবি করেন তিনি। তথ্যসূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ এখন সমাপনীর অপেক্ষায়।
গত ৩ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে ফুটবল ইভেন্টের পর্দা নেমেছে। এবার ক্রিকেট ইভেন্টের পর্দা নামতে যাচ্ছে।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে সোনারগাঁও ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত দুই দল। তবে আজ একটি দল হাসবে শিরোপার হাসি, অন্য দলকে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হবে। খেলা শুরু হবে বিকেল ৪টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ইউটিউব চ্যানেল।
ব্যাটিং ও বোলিংয়ের ব্যক্তিগত পারফরম্যান্সের তালিকায় দুই ফাইনালিস্ট ক্রিকেটারদের আধিপত্য দেখা যাচ্ছে। ব্যাটিংয়ে শীর্ষ দুই স্থানই ইউল্যাবের দখলে রয়েছে। পাঁচ ম্যাচে ইনিংসে ২৬৪ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক জাকিরুল আহমেদ। দ্বিতীয় স্থানে থাকা একই দলের শাবাব জামিল ফেরদাউসের সংগ্রহ ২৫২ রান।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন সোনারগাঁও ইউনিভার্সিটির আলাউদ্দিন মোনা। তিনি পাঁচ ম্যাচে ১৯৯ রান করেছেন। চতুর্থ স্থানে থাকা ইউল্যাবের ফারহান জানির সংগ্রহ ১৬৩ রান। শীর্ষ পাঁচের শেষ জন সোনারগাঁওয়ের তানভীর হোসেন, যিনি চার ম্যাচে ১৬০ রান করেছেন।
বোলিংয়ের ক্ষেত্রে ইউল্যাবের ক্রিকেটার শীর্ষে রয়েছেন। পাঁচ ম্যাচে ১৯ ওভার বল করে ১৩ উইকেট নিয়ে তালিকার প্রথম স্থানে আছেন মাহমুদুল হাসান। দ্বিতীয় স্থানে সোনারগাঁও ইউনিভার্সিটির এবি জীবন, যিনি পাঁচ ম্যাচে ২০ ওভার বোলিং করে ১০ উইকেট শিকার করেছেন।
তৃতীয় স্থানে ইউল্যাবের আরিফুর রহমান রয়েছেন, যিনি ১৭.১ ওভারে ৯ উইকেট নিয়েছেন। সমান উইকেট নিয়ে চতুর্থ স্থানে সোনারগাঁওয়ের আসিফ হাসান। আর নর্থ সাউথ ইউনিভার্সিটির সাদমান ইসলাম ৭ উইকেট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছেন।
অপরাজিত থাকার ধারাবাহিকতা ধরে রেখে ট্রফি উঁচিয়ে ধরতে চায় দুই দলই। ব্যাটিং-বোলিংয়ের পরিসংখ্যানে এগিয়ে থাকা ইউল্যাব কি পারবে মাঠের লড়াইয়েও সেই আধিপত্য ধরে রাখতে, নাকি সোনারগাঁও ইউনিভার্সিটি শেষ ম্যাচে বাজিমাত করবে?
আনভীর ক্রিকেট স্টেডিয়ামের শ্রেষ্ঠত্বের মঞ্চে আজই মিলবে সেই উত্তর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ