শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:১৫ পি.এম
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়ন, পরিমার্জন ও গবেষণাকর্মে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের যুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন।
এছাড়া, তিনি জানান, শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞতা শ্রেণিকক্ষে তুলে ধরার পাশাপাশি শিক্ষকদের শিল্পকারখানা পরিদর্শনের সুযোগ তৈরির পরিকল্পনা করছে কমিশন।
আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে যুক্ত করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে তিনি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের শ্রেণিকক্ষে আমন্ত্রণ জানিয়ে তাদের বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার পরামর্শ দেন। একই সঙ্গে, তিনি শিক্ষকদের শিল্পকারখানা পরিদর্শন করে সেখানকার কাজের ধরন ও সমস্যাগুলো বোঝার ওপর গুরুত্ব দেন।
অধ্যাপক মামুন আহমেদ আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও গবেষণার সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদার যথেষ্ট সমন্বয় নেই। অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বের হতে পারছেন না।
তিনি উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে হবে।
শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা সমাধানে দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের কাজে লাগানোর আহ্বান জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, ওষুধ, বস্ত্র ও টেলিযোগাযোগ খাতের অনেক প্রতিষ্ঠান সফটওয়্যার, প্রযুক্তি ও যন্ত্রপাতির জন্য বিদেশের ওপর নির্ভরশীল।
তিনি বলেন, উৎপাদন বা রাসায়নিক প্রক্রিয়ায় সমস্যা দেখা দিলেও বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিতে হয়। এমনকি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের জন্য মাইক্রোপিপেটের টিপসের মতো সামগ্রীও আমদানি করতে হয়। এসব সমস্যার সমাধানে দেশের গবেষকদের সক্ষমতা কাজে লাগানো প্রয়োজন।
অধ্যাপক মামুন আহমেদ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের সমস্যা চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সঙ্গে যৌথভাবে গবেষণা প্রস্তাব তৈরির আহ্বান জানান। তিনি বলেন, এসব প্রস্তাব ইউজিসিতে জমা দিলে কমিশন অর্থায়নের ব্যবস্থা করবে। তার মতে, গবেষণার অগ্রাধিকার হওয়া উচিত শিল্প ও দেশের বাস্তব সমস্যার সমাধান।
তিনি গবেষণার ক্ষেত্র শুধু বিজ্ঞান ও প্রযুক্তিতে সীমাবদ্ধ না রাখার পরামর্শ দিয়ে বলেন, কৃষি, মৎস্য, জলবায়ু পরিবর্তন, ওষুধ ও রাসায়নিক শিল্প এবং পর্যটন খাতের সমস্যা নিয়েও যৌথ গবেষণার সুযোগ রয়েছে।
শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করতে সফট স্কিল উন্নয়ন ও ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ চালুর লক্ষ্য রয়েছে। এ ছাড়া, প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরির উদ্যোগের কথাও জানান তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, খান বাহাদুর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান এবং গোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বের প্রযুক্তি খাতের শীর্ষ ধনকুবেরদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। চীনা বংশোদ্ভূত নারীরা তাদের অনেকের জীবনসঙ্গী কিংবা প্রেমিকার তালিকায় স্থান করে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন, ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন এবং ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান কয়েনবেসের সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান আর্মস্ট্রং—এদের মধ্যে অনেকের জীবনেই এই সম্পর্কের উদাহরণ দেখা যায়।
কিন্তু সিলিকন ভ্যালির ধনকুবেরদের জীবনে চীনা বংশোদ্ভূত নারীদের উপস্থিতি বেশি দেখা যায় কেন? এটি কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে শিক্ষা, পেশাগত যোগ্যতা ও সামাজিক পরিবেশের প্রভাব? সম্প্রতি যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্কের পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
যাদের জীবনসঙ্গী চীনা বংশোদ্ভূত নারী
সিলিকন ভ্যালির ধনকুবেরদের মধ্যে মার্ক জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান অন্যতম পরিচিত মুখ। তাদের পরিচয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। প্রিসিলা ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়া একটি চীনা পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় শিশুরোগ বিশেষজ্ঞ ও সমাজসেবী। স্বামীর সঙ্গে মিলে পরিচালনা করছেন ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ নামের একটি প্রতিষ্ঠান। ২০২৪ সালে ফোর্বস সাময়িকীর বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকাতেও তিনি স্থান পান।
গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন বিয়ে করেছিলেন চীনা বংশোদ্ভূত মার্কিন আইনজীবী ও প্রযুক্তি উদ্যোক্তা নিকোল শানাহানকে। পরে তাদের বিচ্ছেদ ঘটে।
অন্যদিকে, ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের সঙ্গে চীনা নারী জোলিন ঝুর সম্পর্ক রয়েছে। এছাড়া কয়েনবেসের প্রতিষ্ঠাতা ব্রায়ান আর্মস্ট্রং বিয়ে করেছেন বেইজিংয়ে জন্ম নেওয়া চীনা বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী অ্যাঞ্জেলা মেংকে।
কেন চীনা বংশোদ্ভূত নারীদের প্রতি আগ্রহ?
সমাজবিজ্ঞানী ও প্রযুক্তি বিশ্লেষকদের মতে, জাতিগত পরিচয়ের ভিত্তিতে এই প্রবণতা ব্যাখ্যা করা সঠিক হবে না। এসব নারীর মধ্যে অনেকেই উচ্চশিক্ষিত, স্বাবলম্বী এবং নিজ নিজ পেশায় প্রতিষ্ঠিত। প্রযুক্তি উদ্যোক্তাদের সঙ্গে তাদের পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠার পেছনে কয়েকটি সামাজিক ও পেশাগত কারণ রয়েছে।
শিক্ষা ও প্রযুক্তিতে এশীয়দের অংশগ্রহণ: যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত এবং স্ট্যানফোর্ড, বার্কলে ও হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়ে চীনা, ভারতীয় ও কোরীয় বংশোদ্ভূত শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। ফলে পড়াশোনা ও কর্মক্ষেত্রে তাদের মধ্যে পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠার সুযোগ তৈরি হয়।
শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার মিল: প্রযুক্তি খাতের শীর্ষ উদ্যোক্তাদের জীবনসঙ্গীদের মধ্যে অনেকেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। যেমন প্রিসিলা চ্যান একজন চিকিৎসক, নিকোল শানাহান আইনজীবী এবং অ্যাঞ্জেলা মেং সফল ব্যবসায়ী। তাদের শিক্ষাগত যোগ্যতা, চিন্তাভাবনা ও পেশাগত উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে প্রযুক্তি উদ্যোক্তাদের মিল থাকতে পারে।
বহুসাংস্কৃতিক পরিবেশ: যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ও সিলিকন ভ্যালি বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষের বসবাসের অঞ্চল। সেখানে ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে পরিচয়, বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠা স্বাভাবিক।
তবে সিলিকন ভ্যালির সব ধনকুবেরের জীবনেই এমন সম্পর্কের উদাহরণ নেই। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বিয়ে করেছেন মার্কিন সাংবাদিক লরেন সানচেজকে। অন্যদিকে, গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের স্ত্রী মার্কিন গবেষক লুসিন্ডা সাউথওয়ার্থ।
ব্যক্তিগত সম্পর্ক থেকে জাতীয় নিরাপত্তার বিতর্ক
সিলিকন ভ্যালির ধনকুবেরদের ব্যক্তিগত সম্পর্ক সাধারণত সামাজিক ও সাংস্কৃতিক আলোচনার বিষয় হলেও এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে সাম্প্রতিক ঘটনা বিষয়টিকে ভিন্ন মাত্রা দিয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরভিত্তিক তথ্যকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের কথিত সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ, অ্যালিস হুয়াং চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে কাজ করতেন।
অন্যদিকে, মেগাস্পিডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার নিয়ন্ত্রিত প্রযুক্তি চীনে পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।
তবে চীন এসব গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে চীনের অগ্রগতি বাধাগ্রস্ত করতে এসব অভিযোগ তোলা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত চিপ প্রযুক্তির প্রতিযোগিতার যুগে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের কাছে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও কৌশলগত তথ্য থাকে। ফলে তাদের ব্যক্তিগত সম্পর্কও কখনো কখনো আন্তর্জাতিক রাজনীতি ও জাতীয় নিরাপত্তার আলোচনায় চলে আসে।
তবে একটি বা দুটি বিতর্কিত ঘটনা দিয়ে সিলিকন ভ্যালির সব আন্তসাংস্কৃতিক সম্পর্ককে সন্দেহের চোখে দেখা উচিত নয়। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে জাতিগত পরিচয়ের চেয়ে ব্যক্তির শিক্ষা, যোগ্যতা, পেশা ও পারস্পরিক বোঝাপড়াই বেশি গুরুত্বপূর্ণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) আওতায় ২০ হাজার পেশাদার চালকের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মসূচি আগামী রোববার শুরু হতে যাচ্ছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বিআরটিসির তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ প্রশিক্ষণের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন।
প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের জন্য পাঁচ দিনব্যাপী সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনা, এই উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিআরএসপি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ) — এই দুটি প্রকল্পের আওতায় ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিআরটিসির চলমান কর্মসূচির অংশ হিসেবে এই প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে।
বিআরটিসির বিভিন্ন প্রকল্পের আওতায় বিপুলসংখ্যক নারীও প্রশিক্ষণ গ্রহণ করছেন।
বিআরটিসির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম বাসসকে জানান, শুরুতে নতুন নারী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণের হার কম থাকলেও দিন দিন তাদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে দুটি প্রকল্পের আওতায় বিপুলসংখ্যক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
তিনি উল্লেখ করেন, ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পেশাদার চালকদের ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে জ্ঞান, নিরাপদ ও প্রতিরক্ষামূলক গাড়ি চালানোর দক্ষতা বৃদ্ধি এবং সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে রিফ্রেশার প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
ফাতেমা বেগম জানান, বিআরএসপি প্রকল্পের আওতায় সম্পূর্ণ নতুন পেশাদার চালক তৈরির জন্য চার মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। অন্যদিকে, বিদ্যমান পেশাদার চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে পাঁচ দিনব্যাপী এই রিফ্রেশার প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, এসব প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে চালকদের নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তোলা, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নিজেদের দায়িত্ববোধ আরও জোরদার করতে উৎসাহিত করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের চলমান জ্বালানি সংকটের সমাধানে বায়োগ্যাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এ মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বায়োগ্যাসের ব্যবহার বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় বৃহৎ পরিসরে এই কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা সদরের আমড়াতলীর বানাশুয়ায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ঋণের চেক বিতরণ ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব উন্নয়ন অধিদপ্তর এই অনুষ্ঠানটির আয়োজন করেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকার সর্বাধিক বদ্ধপরিকর। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তরুণেরা নিজেদের স্বাবলম্বী করে তুলবেন এবং তাদের পরিবারকেও স্বাবলম্বী করবেন। এর ফলে সামগ্রিকভাবে দেশও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে।
তিনি উল্লেখ করেন, মাদক, বিভিন্ন ধরনের অপকর্ম ও সামাজিক অবক্ষয় থেকে আগামী প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করা প্রয়োজন। এজন্য তরুণদের জন্য খেলাধুলার উপযোগী মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদ্দবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক এ কে এম মহিবুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ ও জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে গ্রামীণ উদ্যোক্তাদের মধ্যে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ ও সম্প্রসারণের জন্য ঋণের চেক বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রে অভিবাসী বহিষ্কারের পরিসংখ্যান অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে। মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) ২০২৬ অর্থবছরে ৪ লাখ ৮৩ হাজার ২০০ জনকে বহিষ্কার করেছে। একই সময়ে ৪ লাখ ৯১ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিএইচএস) এই তথ্য প্রকাশ করেছে। আইসিইর ২৩ বছরের ইতিহাসে এক অর্থবছরে এত সংখ্যক মানুষকে বহিষ্কারের ঘটনা আগে ঘটেনি। এর আগে ২০২৫ সালে সর্বোচ্চ ৪ লাখ ৪২ হাজার ৬৪০ জনকে বহিষ্কারের রেকর্ড ছিল, যা এবার অতিক্রম করেছে ট্রাম্প প্রশাসন।
ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান ‘মাত্রাতিরিক্ত কঠোর’ হয়ে থাকতে পারে বলে স্বীকার করার কয়েক দিন পর এই পরিসংখ্যান প্রকাশ করা হলো। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন এক বিবৃতিতে জানান, ‘২০২৬ অর্থবছরে আইসিইর ইতিহাসে সবচেয়ে বেশি অভিবাসীকে গ্রেপ্তার ও বহিষ্কার করা হয়েছে। গ্রেপ্তারের দিক থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসও আইসিইর ইতিহাসে সেরা সেপ্টেম্বর ছিল।’
আইসিই জানায়, গত সেপ্টেম্বরে ৪৮ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আগের মাসে আগস্টে ৫০ হাজার ৯২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। টানা দুই মাস রেকর্ডসংখ্যক গ্রেপ্তারের পর সেপ্টেম্বরে এই সংখ্যা কিছুটা কমে এসেছে।
পরিসংখ্যান নিয়ে প্রশ্ন
ওয়াশিংটন ডিসিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের (সিআইএস) গবেষণা পরিচালক স্টিভেন ক্যামারোটা আলজাজিরাকে বলেন, ট্রাম্প প্রশাসন আগের যেকোনো প্রেসিডেন্টের তুলনায় অভিবাসন আইন প্রয়োগে বেশি কঠোর হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, আইন প্রয়োগের ভয়ে যুক্তরাষ্ট্র থেকে স্বেচ্ছায় চলে যাওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ফলে অবৈধ অভিবাসীর জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে অস্পষ্টতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ক্যামারোটা বলেন, ‘এই তথ্য সব সময়ই অসম্পূর্ণ থাকে এবং সঠিকভাবে পরিমাপ করাও কঠিন। প্রকাশিত সংখ্যাগুলোর ক্ষেত্রে যে বিষয়টি আমি এখনো বুঝতে পারিনি, তা হলো—গ্রেপ্তার হওয়া বা বহিষ্কৃত ব্যক্তিদের কত শতাংশ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পরিচালিত অভিযানে আটক হয়েছেন, কত শতাংশকে দেশটির অভ্যন্তর থেকে বহিষ্কার করা হয়েছে এবং কত শতাংশকে সীমান্ত বা বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, বহিষ্কারের সংখ্যা বাড়লে তা মানুষকে নিজ দেশে ফিরে যেতে উৎসাহিত করতে পারে। ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে মানুষকে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে বাধ্য করা।
‘অতিরিক্ত কঠোর’ অভিবাসন নীতি
ট্রাম্প সম্প্রতি স্বীকার করেছেন, তার প্রশাসনের অভিবাসন নীতি ‘মাত্রাতিরিক্ত কঠোর’ হয়ে থাকতে পারে। সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অনেকেই বলবেন, এটি দারুণ। তবে অনেকের কাছে এটি অতিরিক্ত কঠোর মনে হতে পারে।’
তবে ট্রাম্প নিজের প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযানকে সফল বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘মানুষকে দেশ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে আমি অনেক ভালো নম্বর পাব। খারাপ লোকদের বের করে দেওয়ার ক্ষেত্রে আমার ফলাফল খুব ভালো। তবে ভালো চাকরি করা লোকদেরও আমরা বহিষ্কার করেছি বলে আমার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁদের অপরাধ ছিল একটাই—তারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছিলেন।’
অভিবাসন ইস্যুতে ট্রাম্পের জনপ্রিয়তাও কমেছে। রয়টার্স ও ইপসোসের জরিপ অনুযায়ী, এ বিষয়ে তাঁর প্রতি সমর্থন কমে ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার শুরুতে এই হার ছিল ৫০ শতাংশ।
আইসিইর কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ডেমোক্র্যাটদের
আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযান বন্ধে উদ্যোগ নিতে পারে ডেমোক্রেটিক পার্টি। তারা আইসিইর অভিযানের কৌশল ও কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিবাসীদের বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা করছে। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে তাদের ক্ষমতা সীমিত থাকবে।
মিসিসিপির ডেমোক্র্যাট নেতা বেনি থম্পসন আগামী দিনে প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান হতে যাচ্ছেন। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমেরিকানদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার এবং নিয়ন্ত্রণহীন অভিবাসন নীতি নিয়ে আমরা প্রশাসনের বিরুদ্ধে তদন্ত করব।’
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী অঙ্গরাজ্যগুলো থেকে নির্বাচিত প্রতিনিধি ও বর্তমান আইনপ্রণেতাদের সঙ্গে বক্তব্য দেন টেক্সাসের মধ্যপন্থি ডেমোক্র্যাট নেতা হেনরি কুয়েলার। তিনি বলেন, অপরাধে জড়িত ব্যক্তিদের বহিষ্কারের বিষয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ইতিমধ্যে তার আলোচনা হয়েছে।
কুয়েলার বলেন, ‘আমরা চরমপন্থি অবস্থান নেব না।’ এ সময় তিনি যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ভোটারদের কথাও উল্লেখ করেন, যারা এবার ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন।
তবে দলের কয়েকজন নেতার বক্তব্য ছিল আরো কঠোর। মিনেসোটায় বিজয় উদ্যাপনের সময় নবনির্বাচিত সিনেটর পেগি ফ্লানাগান বলেন, ‘আমরা আইসিইকে ভেঙে চুরমার করে দেব।’
গত জানুয়ারিতে মিনেসোটায় অভিবাসনবিরোধী অভিযান জোরদার করার সময় কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তাদের গুলিতে দুজন নিহত হন। তাদের একজন অ্যালেক্স প্রেটি, অন্যজন রেনে নিকোল গুড। দুজনই যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। মিনিয়াপোলিসে পৃথক দুটি ঘটনায় তাদের গুলি করে হত্যার ঘটনা পথচারীদের ধারণ করা ভিডিওতে উঠে আসে।
ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আন্তর্জাতিক পর্যায়েও ক্ষোভ তৈরি হয়। এ ছাড়া প্রকাশিত অন্য ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা অভিবাসন কর্মকর্তারা রাসায়নিক পদার্থ ব্যবহার করছেন এবং বেসামরিক নাগরিকদের মারধর করছেন। এসব নাগরিকের কেউ কর্মকর্তাদের কর্মকাণ্ডের ভিডিও ধারণ করছিলেন, কেউ প্রতিবাদ জানাচ্ছিলেন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ড সুরক্ষিত অধিকার হিসেবে স্বীকৃত।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ