শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:২৮ পি.এম
যশোরে মাস্টার শিমুল হোসেন নামে এক বিএনপি নেতার বাড়ির উঠানে দুটি ককটেল বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট রেখে হত্যার হুমকি প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে উক্ত বস্তু দুটি ও চিরকুটটি উদ্ধার করে।
শিমুল হোসেন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক। তিনি ছাতিয়ানতলা গ্রামের বাসিন্দা এবং ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
শিমুল হোসেন জানান, সকালে ঘর থেকে বের হয়ে তিনি উঠানে দুটি ককটেল বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। চিরকুটে গালিগালাজ করে লেখা ছিল, ‘বেশি বাড়াবাড়ি করলে পথে মারা যাবি।’
পরে তিনি বিষয়টি পুলিশ ও বিএনপি নেতাদের জানান।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এবং সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ উক্ত বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করে।
যশোর ডিবি পুলিশের ওসি ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, এসআরবির বোমা নিষ্ক্রিয়কারী দল বস্তু দুটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয়।
এদিকে খবর পেয়ে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে মিছিল করার প্রচেষ্টার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৫ সদস্যকে গ্রেফতার করেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) এই তথ্য একটি খুদে বার্তায় জানানো হয়েছে।
ডিএমপি তাদের খুদে বার্তায় উল্লেখ করে, ডেমরা, তুরাগ, দারুস সালাম এবং মিরপুর মডেল থানা এলাকায় মিছিল করার চেষ্টা করার সময় ১৫ সদস্যকে ককটেলসহ আটক করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তের ওপারে দুটি বাঘের উপস্থিতি দেখা গেছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ প্রাণী দুটি যেকোনো সময় নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৬টার দিকে, বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তের ৩৯৫ নম্বর পিলার সংলগ্ন নাগর নদীর ওপারে বাঘ দুটিকে দেখতে পান স্থানীয়রা। এ সময় তারা প্রাণী দুটির ছবি ধারণ করতে সক্ষম হন।
স্থানীয়দের মতে, বাঘ দুটি প্রথমে নাগর নদীর ওপারে অবস্থান করছিল, পরে সেগুলো পাশের একটি চা-বাগানে ঢুকে যায়। এরপর থেকে সীমান্তবর্তী এলাকায় বাঘের অবস্থান নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে নদী পার হয়ে লোকালয়ে চলে আসার আশঙ্কায় সীমান্ত এলাকার বাসিন্দারা সতর্ক রয়েছেন।
স্থানীয়রা আরও জানান, সীমান্তবর্তী এলাকায় এ ধরনের বন্য প্রাণীর উপস্থিতি তাদের জন্য উদ্বেগের বিষয়। যদি বাঘ দুটি নদী পেরিয়ে লোকালয়ে প্রবেশ করে, তাহলে মানুষের পাশাপাশি গবাদিপশুর জন্যও ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে, বিষয়টি জানার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। তারা বাঘ দুটি যাতে লোকালয়ে প্রবেশ করে মানুষের ক্ষতির কারণ হতে না পারে, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হৃদরোগের চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তি ও চিকিৎসাপদ্ধতির পরিবর্তন ঘটছে প্রতিনিয়ত। গবেষণার পরিধি বাড়ছে, এবং নতুন নতুন চিকিৎসা কৌশল আসছে। এসব অগ্রগতিকে কাজে লাগিয়ে হৃদরোগীদের উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ২০তম বৈজ্ঞানিক সেমিনার অ্যান্ড ওয়ার্কশপ-২০২৬। এই সেমিনারে হৃদরোগের আধুনিক চিকিৎসা, গবেষণা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিজয় সরণিতে বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিশেষজ্ঞরা শিশুদের হৃৎস্পন্দন অনিয়ম, জন্মগত হৃদ্রোগ শনাক্তকরণ, ইকোকার্ডিওগ্রাফির ব্যবহার এবং জটিল হৃদরোগের চিকিৎসা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, হৃদরোগের বিভিন্ন জটিলতা মোকাবিলায় আধুনিক চিকিৎসাপদ্ধতি প্রয়োগের ওপরও গুরুত্ব দেয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, গবেষণালব্ধ জ্ঞান এবং আধুনিক চিকিৎসাপদ্ধতির সমন্বয় হৃদরোগের চিকিৎসায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। তারা জানান, এ ধরনের আয়োজন চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের হৃদ্রোগ চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সহায়ক হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ