প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ এখন সমাপনীর অপেক্ষায়।
গত ৩ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে ফুটবল ইভেন্টের পর্দা নেমেছে। এবার ক্রিকেট ইভেন্টের পর্দা নামতে যাচ্ছে।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে সোনারগাঁও ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত দুই দল। তবে আজ একটি দল হাসবে শিরোপার হাসি, অন্য দলকে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হবে। খেলা শুরু হবে বিকেল ৪টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ইউটিউব চ্যানেল।
ব্যাটিং ও বোলিংয়ের ব্যক্তিগত পারফরম্যান্সের তালিকায় দুই ফাইনালিস্ট ক্রিকেটারদের আধিপত্য দেখা যাচ্ছে। ব্যাটিংয়ে শীর্ষ দুই স্থানই ইউল্যাবের দখলে রয়েছে। পাঁচ ম্যাচে ইনিংসে ২৬৪ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক জাকিরুল আহমেদ। দ্বিতীয় স্থানে থাকা একই দলের শাবাব জামিল ফেরদাউসের সংগ্রহ ২৫২ রান।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন সোনারগাঁও ইউনিভার্সিটির আলাউদ্দিন মোনা। তিনি পাঁচ ম্যাচে ১৯৯ রান করেছেন। চতুর্থ স্থানে থাকা ইউল্যাবের ফারহান জানির সংগ্রহ ১৬৩ রান। শীর্ষ পাঁচের শেষ জন সোনারগাঁওয়ের তানভীর হোসেন, যিনি চার ম্যাচে ১৬০ রান করেছেন।
বোলিংয়ের ক্ষেত্রে ইউল্যাবের ক্রিকেটার শীর্ষে রয়েছেন। পাঁচ ম্যাচে ১৯ ওভার বল করে ১৩ উইকেট নিয়ে তালিকার প্রথম স্থানে আছেন মাহমুদুল হাসান। দ্বিতীয় স্থানে সোনারগাঁও ইউনিভার্সিটির এবি জীবন, যিনি পাঁচ ম্যাচে ২০ ওভার বোলিং করে ১০ উইকেট শিকার করেছেন।
তৃতীয় স্থানে ইউল্যাবের আরিফুর রহমান রয়েছেন, যিনি ১৭.১ ওভারে ৯ উইকেট নিয়েছেন। সমান উইকেট নিয়ে চতুর্থ স্থানে সোনারগাঁওয়ের আসিফ হাসান। আর নর্থ সাউথ ইউনিভার্সিটির সাদমান ইসলাম ৭ উইকেট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছেন।
অপরাজিত থাকার ধারাবাহিকতা ধরে রেখে ট্রফি উঁচিয়ে ধরতে চায় দুই দলই। ব্যাটিং-বোলিংয়ের পরিসংখ্যানে এগিয়ে থাকা ইউল্যাব কি পারবে মাঠের লড়াইয়েও সেই আধিপত্য ধরে রাখতে, নাকি সোনারগাঁও ইউনিভার্সিটি শেষ ম্যাচে বাজিমাত করবে?
আনভীর ক্রিকেট স্টেডিয়ামের শ্রেষ্ঠত্বের মঞ্চে আজই মিলবে সেই উত্তর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন