প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সকার হল অব ফেমে স্থান পাচ্ছেন ডেভিড বেকহাম। ইংল্যান্ডের সাবেক অধিনায়ককে ২০২৭ সালের অন্তর্ভুক্তি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমবার মনোনয়ন পাওয়ার পর যুক্তরাষ্ট্রের নারী ফুটবলের দুই তারকা মেগান রাপিনো ও জুলি এর্তজও হল অব ফেমে জায়গা করে নিয়েছেন।
২০০৭ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ত্যাগ করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার মাধ্যমে আলোচনায় আসেন বেকহাম। পাঁচ বছরের চুক্তিতে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই মিডফিল্ডার। যুক্তরাষ্ট্রে তাঁর আগমন এমএলএসের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গ্যালাক্সির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২৪ ম্যাচে ২০টি গোল করেছেন বেকহাম। তাঁর সময়ে দলটি দুবার এমএলএস কাপ এবং দুবার সাপোর্টার্স শিল্ড জিতেছে। গ্যালাক্সিতে থাকার সময় ২০০৯ ও ২০১০ সালে ইতালিয়ান ক্লাব এসি মিলানে ধারে খেলেছেন তিনি।
২০১৩ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পরও যুক্তরাষ্ট্রের ফুটবলের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন বেকহাম। তিনি এমএলএস ক্লাব ইন্টার মায়ামির সহমালিক হন। তাঁর ক্লাবেই ২০২৩ সালে যোগ দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
বৃহস্পতিবার এমএলএসের বোর্ড অব গভর্নরসের সভায় ভেটেরান্স ব্যালটে নির্বাচিত হওয়ার খবর পান বেকহাম। যুক্তরাষ্ট্রে তাঁর সময়কে ‘অবিশ্বাস্য এক যাত্রা’ হিসেবে বর্ণনা করেছেন ৫১ বছর বয়সী সাবেক এই ফুটবলার। তিনি মন্তব্য করেন, ‘এই মহান দেশে লিগ ও খেলাটিকে আরও এগিয়ে নিতে আমি দীর্ঘদিন কাজ করতে চাই।’
হল অব ফেমে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিকতা আগামী ১৬ এপ্রিল ২০২৭ টেক্সাসের ফ্রিসকোতে অনুষ্ঠিত হবে। বেকহামের সঙ্গে যুক্তরাষ্ট্রের নারী ফুটবলের দুই সাবেক তারকা রাপিনো ও এর্তজও ২০২৭ সালের তালিকায় স্থান পেয়েছেন। প্রথমবার যোগ্যতা অর্জনের বছরেই নির্বাচিত হয়েছেন তাঁরা। ৪১ বছর বয়সী রাপিনো ২০১৯ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন। ৩৪ বছর বয়সী মিডফিল্ডার এর্তজ ছিলেন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য।
২০১৫ ও ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের হয়ে নারী বিশ্বকাপ জিতেছেন রাপিনো ও এর্তজ। স্বীকৃতি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাপিনো লিখেছেন, দেশের হয়ে খেলা সেরা ফুটবলারদের সঙ্গে একই স্বীকৃতি ভাগ করে নিতে পারা তাঁর কাছে বিশেষ সম্মানের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন