ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

মাদক কারবারিদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন


মাদক কারবারিদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মাদক কারবারের সঙ্গে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগ তুলে এর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের কথা জানিয়েছেন। তিনি মন্তব্য করেন, "মাদক কারবারের সঙ্গে জড়িত কোনো ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই।" রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যদি মাদক ব্যবসায় জড়িত থাকে, তবে তার মুখোশ উন্মোচন করে বিচারের মুখোমুখি করতে হবে। তিনি জানান, ‘মাদকের বিরুদ্ধে আমার যুদ্ধ অব্যাহত থাকবে।’

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন আরও বলেন, মাদক কারবারের সঙ্গে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের সম্পৃক্ততা রয়েছে। দেশের মাদকপ্রবণ এলাকাগুলোতে ক্ষমতাসীন দলের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কিছু কুচক্রী মহল মাদক কারবার চালিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব কারবারি নিজেদের রাজনৈতিক পরিচয়ও পরিবর্তন করে। ফলে রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে মাদক ব্যবসা চালানোর সুযোগ বন্ধ করতে হবে।

আরও পড়ুন: জানা গেল মার্কিন নির্বাচনে হিজাবি নারীদের পরিচয়

তিনি বলেন, মাদক কারবারের সঙ্গে কারও রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে তা প্রকাশ্যে আনতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। সীমান্তবর্তী অঞ্চল থেকে নানা কৌশলে মাদক সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর সঙ্গে কয়েকটি পরিচিত পরিবহন প্রতিষ্ঠানের সম্পৃক্ততার কথা শোনা যাচ্ছে। কিছু ভুঁইফোড় ওষুধ কোম্পানির বিরুদ্ধেও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

একটি গোষ্ঠী ভূরাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে মাদক ছড়িয়ে সমাজ ও জাতিকে ধ্বংসের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, মাদকাসক্তি মানুষের মধ্যে অপরাধপ্রবণতা বাড়ায় এবং ভয়াবহ অপরাধের ঝুঁকি তৈরি করে। শিশু রামিসা হত্যাকাণ্ড ও বহুল আলোচিত ঐশীর ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মাদকের বিরূপ প্রভাবের কারণে এ ধরনের নৃশংস ঘটনা ঘটেছে। তিনি জোর দিয়ে বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি জানান, দেশে মাদকের সহজলভ্যতা এর বিস্তার বাড়ার অন্যতম কারণ। হাত বাড়ালেই এখন গাঁজা, ইয়াবাসহ উচ্চমূল্যের বিভিন্ন মাদক পাওয়া যাচ্ছে। ইয়াবা শহর থেকে গ্রাম, পাড়া-মহল্লায় মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। এমনকি অনলাইনে অর্ডার দিলে ঘরে বসেই মাদক পৌঁছে দেওয়া হচ্ছে।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মাদকের সঙ্গে অপরাধের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যারা মাদক ও অপরাধের সঙ্গে জড়িত, তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকা উচিত নয়। ক্ষমতার পালাবদলের সঙ্গে মাদক কারবারিরা নিজেদের রাজনৈতিক পরিচয় ও অবস্থান পরিবর্তন করে। সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো মাদক কারবারি যাতে সুবিধা নিতে না পারে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন: শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্যের চেষ্টা চলছে: নুর

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযানে মাদকসেবী, বাহক ও ছোট কারবারিরা গ্রেপ্তার হলেও মূল হোতারা প্রায়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। মাদক পরিবহনে অপরাধীরা এখন নানা ধরনের কৌশল ব্যবহার করছে। কখনো দোকানের আড়ালে, কখনো ভ্রাম্যমাণ দোকানে, আবার কখনো হাঁটতে থাকা ব্যক্তির শরীরে কিংবা যাত্রীবাহী যানবাহনের গোপন চেম্বারে মাদক বহন করা হচ্ছে। এমনকি পাকস্থলীর ভেতরে এবং মোবাইল ফোনের ব্যাটারির চেম্বারেও ইয়াবা বহনের ঘটনা ঘটছে।

মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব শুধু সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার নয় উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। মাদকের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এর সহজলভ্যতা বন্ধে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ ও মনোচিকিৎসাবিদ্যার অধ্যাপক ডা. এম এ মোহিত কামাল।

শুভেচ্ছা বক্তব্য দেন একাত্তর টেলিভিশনের বার্তাপ্রধান শাহ আজিজুর রহমান কিরণ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিবেটিং সোসাইটির সভাপতি মো. মুন্না হুসাইন এবং ইডেন মহিলা কলেজ বিতর্ক দলের দলনেতা মাসনুন নাবিলা আলম।

আরও পড়ুন: ভারতের বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম নারী ভিপি নাশরাকে সাদিক কায়েমের অভিনন্দন

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক জাতীয় বিতার্কিক মো. কাউছার আলম। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘মাদককে না বলি, মাদকমুক্ত বাংলাদেশ গড়ি’ স্লোগানে আয়োজিত এ সেমিনারে সহযোগিতা করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিবেটিং সোসাইটি ও ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অমিতাভ বচ্চনের বাংলোয় আবারও বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


অমিতাভ বচ্চনের বাংলোয় আবারও বোমা হামলার হুমকি

বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুর বাসভবন ‘জলসা’য় বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে একটি নতুন ইমেইল শুক্রবার পুলিশের কাছে এসেছে। তবে পুলিশ নিশ্চিত করেছে যে, ‘জলসা’ বাংলোতে তল্লাশি চালানোর পর কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এটি গত দুই সপ্তাহের মধ্যে অমিতাভের বাসভবনে আসা বোমা হামলার দ্বিতীয় হুমকি। এর আগে ২৩ অক্টোবরেও বচ্চন একটি হুমকিমূলক ইমেইল পেয়েছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, দ্বিতীয় হুমকির ইমেইলটি বোম্বে হাইকোর্ট এবং মহালক্ষ্মী রেসকোর্সকেও অনুলিপি করে পাঠানো হয়েছিল। সেখানে তল্লাশি চালানো হলেও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। বার্তাটির সত্যতা যাচাই, প্রেরকের শনাক্তকরণ এবং এটি কোথা থেকে পাঠানো হয়েছে তা ট্র্যাক করার জন্য কর্মকর্তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন।

২৩ অক্টোবর পাঠানো প্রথম ইমেইলটি মুম্বাইয়ের মেয়র রিতু তাওড়ে এবং ডেপুটি মেয়র সঞ্জয় ঘাড়ীকেও অনুলিপি করে পাঠানো হয়েছিল। সেই ইমেইলে ৩১ অক্টোবরের মধ্যে একটি স্কুলে গ্রেনেড হামলার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। একই সঙ্গে ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভ বচ্চনের জুহুর বাড়িতে হামলার হুমকি ছিল।

‘খালিস্তান’-এর উল্লেখ থাকা সেই ইমেইলে আরো দাবি করা হয়েছিল যে, ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্স এলাকায় গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট চলাকালীন একটি হামলা চালানো হবে। প্রতি রবিবার অমিতাভ বচ্চন তার বাংলোর সামনে ভক্তদের সঙ্গে দেখা করেন।

বোমা হামলার হুমকির কারণে ৮৪ বছর বয়সী এই অভিনেতা তার বাসভবনের বাইরে ভক্তদের শুভেচ্ছা জানানোর সময় বুলেটপ্রুফ কাঁচের আড়ালে দাঁড়াতে বাধ্য হন। গত রবিবার তাকে একটি উঁচু প্ল্যাটফর্মে বসানো স্বচ্ছ বুলেটপ্রুফ শেলের আড়াল থেকে হাত নাড়তে দেখা গেছে। তিনি যখন তার বাড়ির বাইরে আসেন, তখন তার পাশে ছেলে অভিনেতা অভিষেক বচ্চন এবং বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীকেও দেখা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


লক্ষ্মীপুরে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি গঠন

বাংলাদেশের ইসলামী যুব আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার নতুন (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মুহাম্মাদ শোরাফ উদ্দিন স্বপন, সহ-সভাপতি হিসেবে ইসমাইল হোসেন রাসেল এবং সাধারণ সম্পাদক হিসেবে মুফতি মনির হোসাইন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকালে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী শহীদ মাসরুর চত্বরের পাশে সৈয়দ ফজলুল করীম (রহ.) কমপ্লেক্সে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ইসমাইল সিরাজী, এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাসেল।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট বায়েজিদ হোসাইন, যিনি নবগঠিত কমিটির নেতাদের শপথবাক্য পাঠ করান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মহিউদ্দিন, সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ডা. নাছির আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মুরাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক নির্মূলে পরিবারকেই প্রধান ভূমিকা রাখতে হবে: ডিএনসি মহাপরিচালক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


মাদক নির্মূলে পরিবারকেই প্রধান ভূমিকা রাখতে হবে: ডিএনসি মহাপরিচালক

মাদক নির্মূলে আইন প্রয়োগ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান একমাত্র যথেষ্ট নয়, পরিবারকেই এর মূল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালক মো. হাসান মারুফ। তিনি উল্লেখ করেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজকে একত্রে কাজ করতে হবে। বিশেষভাবে, সন্তানদের চলাফেরা, বন্ধুমহল, ধূমপানের অভ্যাস এবং অনলাইন কার্যক্রমের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

করোনা মহামারির সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিশু-কিশোরদের মোবাইল ফোন ও ইন্টারনেটের ওপর নির্ভরতা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সুযোগে মাদক ব্যবসায়ীরা অনলাইন প্ল্যাটফর্মকে বেচাকেনার মাধ্যম হিসেবে ব্যবহার করছে। টেলিগ্রামে কিউআর কোড পাঠিয়ে মাদক বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। এমনকি দেশের একটি পরিচিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে টিএইচসি-সমৃদ্ধ তেল বিক্রির ঘটনায় মামলা করেছে অধিদপ্তর।

তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবারের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে হাসান মারুফ বলেন, সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, কীভাবে সময় কাটাচ্ছে এবং নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে কি না, এসব বিষয়ে অভিভাবকদের নজর রাখতে হবে। বিশেষ করে ষষ্ঠ-সপ্তম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত সময়টি শিশু-কিশোরদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঞ্জাবে ট্রেনের চার বগিতে আগুন, আতঙ্কিত যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


পাঞ্জাবে ট্রেনের চার বগিতে আগুন, আতঙ্কিত যাত্রীরা

ভারতের পাঞ্জাবে, সরাই বানজারা রেলস্টেশনের নিকটবর্তী স্থানে শুক্রবার কর্মভূমি এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে আগুনের ঘটনা ঘটেছে। এই ঘটনার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে, এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

এনডিটিভি সূত্রে জানা গেছে, অমৃতসর থেকে নিউ জলপাইগুড়িগামী ১২৫০৮ নম্বর কর্মভূমি এক্সপ্রেসের ইঞ্জিনের পরবর্তী পঞ্চম বগিতে প্রথম আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে, আগুনটি পাশের অন্যান্য বগিতে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের উৎপত্তি হয়েছে। তবে, আগুন লাগার সঠিক কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ঘটনার সময় ধারণকৃত ভিডিওতে দেখা যায়, ট্রেনের কয়েকটি বগি থেকে আগুনের শিখা এবং কালো ধোঁয়া বের হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রেল কর্মকর্তা ও জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন। সূত্র জানায়, অমৃতসর থেকে ছেড়ে আসা ট্রেনটি বসন্তপুরা রেলস্টেশনের কাছে আগুনের কবলে পড়ে।

উল্লেখ্য, স্টেশনটি একটি গ্রামের পাশে অবস্থিত এবং রাজপুরা শহর থেকে এর দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%