ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

পোশাক শ্রমিক আন্দোলনের পেছনে সাবেক ২ অতিরিক্ত আইজিপি ও আ.লীগ নেতার চক্রান্ত ফাঁস


পোশাক শ্রমিক আন্দোলনের পেছনে সাবেক ২ অতিরিক্ত আইজিপি ও আ.লীগ নেতার চক্রান্ত ফাঁস

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পোশাক শ্রমিকদের আন্দোলনের আড়ালে পুরো খাতকে অস্থিতিশীল করার একটি চক্রান্তের তথ্য পেয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দাবি, এই ষড়যন্ত্রের পেছনে আওয়ামী লীগ নেতা এসএম মান্নান কচি, সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা এবং সাবেক দুই অতিরিক্ত আইজিপি সহ একটি প্রভাবশালী চক্রের অর্থায়ন ও ইন্ধন ছিল।

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিক আন্দোলনের আড়ালে ভয়ংকর এই চক্রান্তের তথ্য বেরিয়ে এসেছে। ৩ নভেম্বর কালশী-পূরবী মোড়ে ‘শিহা ডিজাইন বাংলাদেশ লিমিটেড’ কারখানার সামনে ডিএমপি কনস্টেবল সালমানের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় গ্রেফতার ১৯ আসামির তথ্যের ভিত্তিতে এই ষড়যন্ত্রের রূপরেখা উদ্ঘাটিত হয়েছে।

ডিবির দাবি, এই সহিংসতা সাধারণ শ্রমিক অসন্তোষ ছিল না; বরং এর পেছনে বিজিএমইএ’র সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচি, সাবেক এমপি ইলিয়াস মোল্লা এবং সাবেক দুই অতিরিক্ত আইজিপির প্রত্যক্ষ ইন্ধন ও অভ্যন্তরীণ আঁতাত ছিল। সিসিটিভি ফুটেজ এবং আসামিদের ব্যবহৃত ১৬টি অ্যানক্রিপ্টেড হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার গ্রুপের অডিও বার্তা ফরেনসিক বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন: মাধবপুরে জাতীয় গ্রিড পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনায় গ্রেপ্তার হয়নি কেউ

তদন্তে দেখা যায়, কালশীর ‘শিহা ডিজাইন বাংলাদেশ লিমিটেড’ কারখানাটি ২০২৪ সালের ৫ আগস্টের আগে এস এম মান্নান কচির মালিকানায় ছিল। পরে তিনি কাগজে-কলমে সরে দাঁড়ালেও কারখানাটির নিয়ন্ত্রণ চলে যায় পাঁচ সদস্যের একটি সিন্ডিকেটের হাতে। এই সিন্ডিকেটে সাবেক দুই অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম ও আবু হাসান মুহম্মদ তারিক অন্তর্ভুক্ত রয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিবির প্রধান শফিকুল ইসলাম যুগান্তরকে জানান, আওয়ামী লীগ নেতা কচি, সাবেক এমপি ইলিয়াস মোল্লা, তার ভাগিনা আলিফ মোল্লা, সাবেক দুই অতিরিক্ত আইজিপি, মহানগর উত্তর আওয়ামী লীগের ১০ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক আক্তার রনি এবং ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরসহ বেশ কয়েকজন এই আন্দোলনে অর্থায়ন ও নেপথ্যে ইন্ধন জুগিয়েছেন। শ্রমিকদের ঢাল বানিয়ে পুরো তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করার সুপরিকল্পিত ছক ছিল এটি।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের মোবাইল ফোন জব্দ করে অন্তত ১৬টি গোপন হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপের সন্ধান পেয়েছে। ‘চেতনা মুক্তিযুদ্ধ’, ‘শেখ হাসিনা রিজার্ভ ফোর্স’, ‘ঢাকা জেলা গেরিলা ৭১’, ‘হাসু আপার বাংলা’, ‘শেখ হাসিনার প্রত্যাবর্তন’ ও ‘বঙ্গবন্ধুর আদর্শ গেরিলা’-র মতো নানা নামে খোলা এসব গ্রুপে ছদ্মবেশে নাশকতার পরিকল্পনা আদান-প্রদান করা হতো।

তদন্তে জানা যায়, মিছিলে অংশ নেওয়া ও গাড়িতে আগুন দেওয়ার ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠালে তা দেখে সাবেক এমপি ইলিয়াস মোল্লার ভাগিনা আলিফ মোল্লা ও জুয়েল মোল্লা অর্থ পাঠাতেন। ১ নভেম্বর পল্লবীতে পুলিশের গাড়িতে আগুন দিয়ে সেই ভিডিও ধারণ করে শীর্ষ নেতাদের কাছে পাঠান কক্সবাজারের যুবলীগ নেতা মুয়াজ্জেম শাহরিয়ার নেওয়াজ।

আরও পড়ুন: জামায়াতে ইসলামীর ইসলাম অস্বীকার করলেন হেফাজতের আমির বাবুনগরী

তদন্ত সংশ্লিষ্টরা আরও জানান, পোশাক খাতের স্বাভাবিক দাবি-দাওয়াকে পুঁজি করে পঞ্চগড়, কক্সবাজার ও নোয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে ক্যাডার এনে ঢাকায় জড়ো করা হয়েছিল। উদাহরণস্বরূপ, পঞ্চগড় কলেজ ছাত্রলীগের নেতা নাহিদ হাসানও মাঠে সক্রিয় ছিলেন। অন্যদিকে আওয়ামী লীগ নেতা আকতার রনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন যে, গাজীপুরে দুজন পোশাক শ্রমিকের লাশ পাওয়া গেছে। এই ভুয়া খবর ও গুজব দ্রুত ছড়িয়ে দিয়ে হাজার হাজার সাধারণ শ্রমিককে উত্তেজিত করে রাস্তায় নামানো হয়।

৩ নভেম্বর কালশী মোড়ে ডিএমপি কনস্টেবল সালমানকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয়। বিভিন্ন স্থানের ৪-৫টি ভিন্ন অ্যাঙ্গেলের সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে বিশ্লেষণ করে এই হামলায় সরাসরি জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে ডিবি। তারা হলেন আশিক জুলহাস, আরাফাত ইসলাম জিসান, মো. রশিদ আলী, সোহেল রানা, মিলন বাবু, আনারুল ইসলাম, মো. রানা ও মনছুর আলী। এর আগে ১ নভেম্বর গ্রেফতার হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

জানতে চাইলে ডিবির সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, তাদের সঙ্গে আওয়ামী লীগ নেতা আলিফ মোল্লা ও জুয়েল মোল্লার সরাসরি যোগাযোগ ছিল। তাদের হোয়াটসঅ্যাপ ঘেঁটে অর্থ লেনদেনের নেটওয়ার্ক পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতারকৃত নাশকতাকারীরা মাঠপর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও ভয়েস মেসেজভিত্তিক অ্যাপস ব্যবহার করত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আসা অডিও বার্তায় দেখা যায়, নাশকতাকারীদের দূর থেকে টেলিফোনে নির্দেশ দিয়ে নির্দিষ্ট পয়েন্টে জড়ো করা হতো। একটি অডিও বার্তায় গ্রেফতার হওয়া নাহিদকে বলতে শোনা যায়, ‘আপনারা সবাই ১২ নম্বর ইলিয়াস মোল্লার মার্কেটের সামনে আসেন... এখানে পুলিশ একদিকে চলে গেছে, আমাদের সুযোগ নিতে হবে... আজকের দিনটা করতে পারলে আমাদের নাম হবে।

আরও পড়ুন: রীতা রানীকে মারধরের অভিযোগ, ফেসবুকে ছড়ানো তথ্য নিয়ে ডিএমপির মন্তব্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম নারী ভিপি নাশরাকে সাদিক কায়েমের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


ভারতের বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম নারী ভিপি নাশরাকে সাদিক কায়েমের অভিনন্দন

ভারতের ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের জন্য বর্তমানে যে ভীতিকর ও কোণঠাসা পরিস্থিতি বিরাজ করছে, তার মধ্যে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (এএমইউএসইউ) সহ-সভাপতি (ভিপি) পদে নাশরা নাঈমের জয়কে অত্যন্ত উৎসাহব্যঞ্জক ও ঐতিহাসিক বলে অভিহিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি একই সঙ্গে বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে তরুণদের লড়াইয়ের মতো গোটা দক্ষিণ এশিয়ায় যেকোনো ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার, ভারতের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রথম মুসলিম নারী হিসেবে ভিপি নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন নাশরা নাঈম। ডাকসু ভিপি তার এই অনন্য বিজয়ে এক বার্তায় সংহতি ও শুভেচ্ছা জানিয়েছেন।

বার্তায় সাদিক কায়েম বলেন, ‘যে দেশে ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে বাস করতে বাধ্য করা হচ্ছে এবং পদে পদে নিজেদের দেশপ্রেমের প্রমাণ দিতে হচ্ছে; সেই বৈরী বাস্তবতার মাঝে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নাশরা নাঈমের বিজয়ের খবর অত্যন্ত আশাব্যঞ্জক ও অনুপ্রেরণাদায়ী।’

তিনি আরো উল্লেখ করেন, ‘ঐতিহাসিক এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ইতিহাসে প্রথম মুসলিম নারী হিসেবে এই পদে আসীন হওয়া নিঃসন্দেহে এক অনন্য ও অসাধারণ অর্জন। অভিনন্দন, নাশরা নাঈম!’

বাংলাদেশে ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাকে স্মরণ করিয়ে দিয়ে ডাকসু ভিপি বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিবাদী রেজিমের বিরুদ্ধে আমরা যেভাবে রুখে দাঁড়িয়েছিলাম, ঠিক তেমনিভাবে গোটা দক্ষিণ এশিয়াজুড়ে মাথাচাড়া দেওয়া সমস্ত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সাহস ও সংহতির এই ধারা অব্যাহত থাকবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেওবন্দের ফতোয়া: এনএফটি ট্রেজার প্ল্যাটফর্মে বিনিয়োগ ও কমিশন আয়ের পদ্ধতি শরিয়াহসম্মত নয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


দেওবন্দের ফতোয়া: এনএফটি ট্রেজার প্ল্যাটফর্মে বিনিয়োগ ও কমিশন আয়ের পদ্ধতি শরিয়াহসম্মত নয়

এনএফটি ট্রেজার (NFT Treasure) একটি ডিজিটালভিত্তিক বিনিয়োগ ও আয় করার প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এই প্ল্যাটফর্মে ডলারের মাধ্যমে অর্থ জমা দিয়ে প্রতিদিন কার্টুনের মতো ডিজিটাল ছবি কেনাবেচার মাধ্যমে মুনাফা অর্জনের সুযোগ প্রদান করা হয়। একই সঙ্গে নতুন সদস্য যুক্ত করে একটি নেটওয়ার্ক বা চেইন তৈরি করার প্রক্রিয়াও রয়েছে। নির্দিষ্ট পরিমাণ অর্থ অ্যাকাউন্টে রাখা এবং নির্ধারিতসংখ্যক সদস্য যুক্ত করার শর্ত পূরণ হলে অধীনস্থ সদস্যদের কার্যক্রম থেকে কমিশন লাভের সুযোগও থাকে।

ভারতের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের দারুল ইফতায় এ ধরনের প্ল্যাটফর্মে বিনিয়োগ ও কমিশন গ্রহণের শরয়ি বিধান সম্পর্কে জানতে চাওয়া হলে, উভয় পদ্ধতিকে নাজায়েজ বলে ফতোয়া প্রদান করা হয়।

দারুল উলুম দেওবন্দের মুফতিরা ফতোয়ায় উল্লেখ করেছেন যে, কার্টুনের ছবি কেনাবেচা ও সদস্য যুক্ত করার মাধ্যমে আয় করার পদ্ধতিতে শরিয়াহর একাধিক আপত্তি বিদ্যমান।

এনএফটি ট্রেজার (NFT Treasure) নামের ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ করে অর্থ উপার্জন এবং অন্য সদস্যদের যুক্ত করার মাধ্যমে কমিশন গ্রহণ শরিয়াহসম্মত নয় বলে জানানো হয়েছে।

এক ব্যক্তি প্রতিষ্ঠানটির দারুল ইফতায় প্রশ্ন করেছেন, এনএফটি ট্রেজারে ডলারের মাধ্যমে বিনিয়োগ করতে হয়। এরপর প্রতিদিন একটি কার্টুনের ছবি দেওয়া হয়, যা কিনে সঙ্গে সঙ্গে বিক্রি করতে হয়। এভাবে কিছু মুনাফা পাওয়া যায়। এ পদ্ধতিতে অর্থ উপার্জন বৈধ কি না, তা জানতে চেয়েছেন তিনি।

প্রশ্নে আরও উল্লেখ করা হয়েছে, প্ল্যাটফর্মটিতে সদস্য যুক্ত করার মাধ্যমে একটি চেইন তৈরি করতে হয়। নিজের অধীনে পাঁচ থেকে আটজন সদস্য যুক্ত করার পাশাপাশি অ্যাকাউন্টে ৫০০ ডলার থাকতে হয়। এ শর্ত পূরণ হলে অধীনস্থ সদস্যদের কার্যক্রম থেকে কমিশন পাওয়া যায়। কমিশন গ্রহণ বৈধ কি না, তা জানতে চেয়েছেন ওই ব্যক্তি। পাশাপাশি সদস্য যুক্ত না করে শুধুমাত্র ছবি কেনাবেচার মাধ্যমে আয় করার বিধানও জানতে চেয়েছেন তিনি।

দারুল উলুম দেওবন্দের দারুল ইফতা জানায়, এনএফটি ট্রেজারে উল্লিখিত উভয় পদ্ধতিতে শরিয়াহর একাধিক আপত্তি রয়েছে। এর মধ্যে রয়েছে চুক্তির স্বাভাবিক শর্তের পরিপন্থী শর্ত আরোপ, একাধিক লেনদেনকে পরস্পরের সঙ্গে মিশিয়ে ফেলা এবং কার্টুনের ছবি, যা শরিয়াহর বিধান অনুযায়ী নিষিদ্ধ ছবির অন্তর্ভুক্ত, তা কেনাবেচা করা।

ফতোয়ায় বলা হয়, এসব শরিয়াহগত আপত্তির কারণে এনএফটি ট্রেজারের কোনো পদ্ধতিতে যুক্ত হয়ে বিনিয়োগ করা কিংবা এর মাধ্যমে অর্থ উপার্জন করা বৈধ নয়।

গত ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত ফতোয়াটির নম্বর ৬৩৬২৯৮। এতে স্বাক্ষর করেছেন দারুল উলুম দেওবন্দের দারুল ইফতার মুফতিরা। সূত্র: দারুল উলুম দেওবন্দ, ফতোয়া নম্বর ৬৩৬২৯৮।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্যের চেষ্টা চলছে: নুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্যের চেষ্টা চলছে: নুর

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর মন্তব্য করেছেন যে, সরকারকে চাপে ফেলার উদ্দেশ্যে শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চলছে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য।

তিনি শুক্রবার (৬ নভেম্বর) গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই কথা বলেন।

নুর উল্লেখ করেন, জুলাইয়ের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বললেও জামায়াতের মতো উগ্রবাদীরা বাংলাদেশকে ভারতের মতো একটি উগ্র রাষ্ট্রে পরিণত করতে চায়। তিনি বলেন, নব্য ফ্যাসিবাদ যারা ফিরিয়ে আনতে চায়, তারাই এক দফার কথা বলে। তাদের এই অপচেষ্টা রুখে দেওয়া হবে।

তিনি আরও বলেন, ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে না। ধর্মীয় ফ্যাসিবাদী উন্মাদনার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

এনসিপি থেকে তরুণ নেতৃত্বের সরে যাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জামায়াতের সঙ্গে জোট করার কারণে সামান্তা শারমিনসহ অনেক তরুণ নেতৃত্ব এনসিপি থেকে সরে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জানা গেল মার্কিন নির্বাচনে হিজাবি নারীদের পরিচয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


জানা গেল মার্কিন নির্বাচনে হিজাবি নারীদের পরিচয়

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এবার রেকর্ডসংখ্যক হিজাব পরিহিত নারী জয়ী হয়েছেন। নির্বাচনে চার নারী অঙ্গরাজ্য সিনেটর ও একজন কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন। এমন একটি ঘটনা দেশটির নির্বাচনি ইতিহাসে নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষী বক্তব্য ও হুমকি বেড়েছে। এই পরিস্থিতিতে হিজাব পরিহিত নারীদের জয় বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

ইলহান ওমরের পাশাপাশি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সিনেট সদস্য আবের কাওয়াস, কলোরাডোর ইমান জোদেহ, জর্জিয়ার রুয়া রোমান এবং ইলিনয় রাজ্যের সিনেট সদস্য নাবিলা সৈয়দও এই দলে অন্তর্ভুক্ত হয়েছেন।

গণমাধ্যম, রিপাবলিকান নেতা ও অনলাইনে ট্রলকারিরা তাদের বিদ্রুপ করেছে। গত সপ্তাহে মুসলিম পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল (এমপ্যাক) যুক্তরাষ্ট্রে উগ্র ডানপন্থি ও ইসলামবিদ্বেষী উসকানিদাতাদের তৎপরতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির আশঙ্কা, এ ধরনের তৎপরতা মুসলিম আমেরিকানদের মধ্যে ভীতি তৈরি করতে পারে। এর মধ্যেই হিজাব পরিহিত কয়েকজন তরুণী নির্বাচিত পদে জয়ী হয়ে নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় সরাসরি ভূমিকা রাখার সুযোগ পেয়েছেন।

মার্কিন রাজনীতিতে মুসলিমদের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলিমদের অংশগ্রহণের বিষয়টি এবারের নির্বাচনে বিশেষভাবে সামনে এসেছে। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের নির্বাচনে স্থানীয়, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় পর্যায়ে ১৬০ জনের বেশি মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০২২ সালের নির্বাচনে এ সংখ্যা ছিল ১৪৫।

অর্থাৎ, আগের নির্বাচনের তুলনায় এবার মুসলিম প্রার্থীর সংখ্যা বেড়েছে। শুধু প্রার্থীর সংখ্যা বৃদ্ধিই নয়, গুরুত্বপূর্ণ বিভিন্ন নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় তাদের জয়ও মার্কিন রাজনীতিতে মুসলিম সম্প্রদায়ের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বিস্তারের ইঙ্গিত দিচ্ছে।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%