প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের জন্য বর্তমানে যে ভীতিকর ও কোণঠাসা পরিস্থিতি বিরাজ করছে, তার মধ্যে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (এএমইউএসইউ) সহ-সভাপতি (ভিপি) পদে নাশরা নাঈমের জয়কে অত্যন্ত উৎসাহব্যঞ্জক ও ঐতিহাসিক বলে অভিহিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি একই সঙ্গে বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে তরুণদের লড়াইয়ের মতো গোটা দক্ষিণ এশিয়ায় যেকোনো ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার, ভারতের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রথম মুসলিম নারী হিসেবে ভিপি নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন নাশরা নাঈম। ডাকসু ভিপি তার এই অনন্য বিজয়ে এক বার্তায় সংহতি ও শুভেচ্ছা জানিয়েছেন।
বার্তায় সাদিক কায়েম বলেন, ‘যে দেশে ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে বাস করতে বাধ্য করা হচ্ছে এবং পদে পদে নিজেদের দেশপ্রেমের প্রমাণ দিতে হচ্ছে; সেই বৈরী বাস্তবতার মাঝে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নাশরা নাঈমের বিজয়ের খবর অত্যন্ত আশাব্যঞ্জক ও অনুপ্রেরণাদায়ী।’
তিনি আরো উল্লেখ করেন, ‘ঐতিহাসিক এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ইতিহাসে প্রথম মুসলিম নারী হিসেবে এই পদে আসীন হওয়া নিঃসন্দেহে এক অনন্য ও অসাধারণ অর্জন। অভিনন্দন, নাশরা নাঈম!’
বাংলাদেশে ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাকে স্মরণ করিয়ে দিয়ে ডাকসু ভিপি বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিবাদী রেজিমের বিরুদ্ধে আমরা যেভাবে রুখে দাঁড়িয়েছিলাম, ঠিক তেমনিভাবে গোটা দক্ষিণ এশিয়াজুড়ে মাথাচাড়া দেওয়া সমস্ত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সাহস ও সংহতির এই ধারা অব্যাহত থাকবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করছি।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন