০২:৫৪ এম
নরসিংদীর মনোহরদী উপজেলায় আট বছর বয়সী এক মেয়েশিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে পুলিশ এক মক্তব শিক্ষককে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া মক্তব শিক্ষকের নাম মো. সোহরাব (২০)। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার একটি গ্রামের মক্তবের শিক্ষক এবং ওই গ্রামের বাসিন্দা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে পড়াশোনা করার পাশাপাশি প্রতিদিন সকালে আরবি শিক্ষার জন্য ওই মক্তবে যেত। গত বুধবার সকাল ৬টায় শিশুটি প্রতিদিনের মতো মক্তবে গিয়েছিল। সেদিন ছুটির পর শিক্ষক সোহরাব মক্তবের মাসিক বেতন নিয়ে আসার জন্য শিশুটিকে তার মায়ের কাছে পাঠান। সকাল ৭টার দিকে বেতন নিয়ে মক্তবে ফেরার পথে সোহরাব একটি নির্মাণাধীন ঘরের সামনে শিশুটির পথরোধ করেন। তখন তিনি শিশুটিকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন।
আরও পড়ুন: কুলাউড়ায় পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ৪ গ্রেফতার
শিশুটি বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনার কথা খুলে বলে। পরে মা থানায় মামলা করেন। তিনি জানান, ঘটনার এক পর্যায়ে সোহরাব তাঁর মেয়েকে একটি নির্মাণাধীন ঘরের ভেতরে আটকে রেখে বাড়ি থেকে পাটের চট আনতে যান। এই সুযোগে তাঁর মেয়ে কোনোরকমে পালিয়ে আসতে সক্ষম হয়। বাড়িতে ফিরে কান্নাকাটি শুরু করে। কান্নার কারণ জানতে চাইলে সে ঘটনার বিস্তারিত জানায়। এরপরই মা থানায় মামলা করতে আসেন।
মামলার সত্যতা নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তবের শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন