ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশের গোলের বাঁধ খুলে ২৩ বছরের অপূর্ণ সাধ পূরণের পথে


বাংলাদেশের গোলের বাঁধ খুলে ২৩ বছরের অপূর্ণ সাধ পূরণের পথে

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণবিহীন… সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আজকের সন্ধ্যাটাকে এর চেয়ে ভালোভাবে প্রকাশ করা সম্ভব নয়। যে বাংলাদেশ বহু ম্যাচে একটি গোলের জন্য হাপিত্যেশ করেছে, সেই বাংলাদেশ আজ শ্রীলঙ্কার জালে একটিই নয়, বরং চারটি গোল জড়িয়েছে।

ম্যাচের আগে পরিস্থিতি কেমন ছিল, তা নিশ্চয়ই বুঝতে পারছেন। বাংলাদেশ শেষ ম্যাচটি জিতেছিল। তবে ভুটানের বিপক্ষে সেই জয়টি রেফারির শেষ বাঁশি পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল।

যে গোলটি হয়েছিল, তার বিল্ড আপও ছিল বেশ গোলমেলে। সে গোলের আগের গল্পটাই শোনেন, গোল কে করবেন, সে প্রশ্নের জবাব খুঁজতে কোছ থমাস ডুলিকে শেষ পর্যন্ত ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের কাছে যেতে হয়েছিল। তিনি সেদিন তার ভূমিকায় ভালো খেলেছিলেন, কিন্তু গোল করা হয়নি। সেই গোলটি করেছিলেন মোহাম্মদ ইব্রাহিম, যিনি বিশ্বনাথের বদলি হয়ে মাঠে নেমেছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে নাÑবাভুমা

এতসব কিছু ঘটেছিল যে দলের বিপক্ষে, সেই দল ভুটানের ফিফা র‍্যাঙ্কিং জানেন? ১৯২। মানে বাংলাদেশের অবস্থান তাদেরও ৯ ধাপ উপরে। তাদের বিপক্ষে এমন ঘাম ঝরানো জয়!

ঠিক সেই সময়ে দলে হামজা চৌধুরীর আবির্ভাব ঘটে। প্রথম ম্যাচটি ফিফার উইন্ডোর বাইরে ছিল, তাই তাকে বাংলাদেশ পায়নি, তার ক্লাব শেফিল্ড ইউনাইটেড তখন তাকে ছাড়তে বাধ্যও ছিল না। হামজার নিশ্চয়ই মনটা গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে ছিল, নাহলে উইন্ডো শুরুর দিনেই তিনি এসে হাজির হতেন, বিকেল না হতেই অনুশীলনে নেমে পড়তেন?

হামজা এলে একটি বিষয় প্রায় নিশ্চিত হয়ে যায়, মাঝমাঠের লড়াইটা অন্তত বাংলাদেশ জিততে চলেছে। কিন্তু মূল প্রশ্ন হলো, গোলটি কে করবেন? হামজা হতে পারতেন তার একটি আপাত সমাধান, কিন্তু এই হামজারও যে এক বছরের কাছাকাছি সময় বাংলাদেশের জার্সিতে গোল হয়নি!

এই পরিস্থিতি নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যারা আবার সবশেষ তিনটি জয় তুলে নিয়েছে চীনা তাইপে, মরিশাস এবং সিশেলসের মতো দলের বিপক্ষে। একগাদা প্রবাসী ফুটবলার নিয়ে দলটি খেলছিল বেশ দারুণ ফুটবল।

আরও পড়ুন: সিঙ্গাপুরে জয়ের জন্য চট্টগ্রামে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল

বাংলাদেশ এরপরও এই ম্যাচের ফেভারিট ছিল। তবে পরিস্থিতি কিছুটা বিরুদ্ধ ছিল দলের। সেখান থেকে হামজা চৌধুরীর দল খেলল ফেভারিটের মতোই। শুধু ৪ গোল করেছে বলেই নয়, গোলের ধরনও বলছে দলটি কেমন খেলেছে।

প্রথম গোলটিকে আপনি ‘স্ক্র্যাপি’ বলতে পারেন। সে গোলের উৎসও হামজাই। অপ্টার পরিসংখ্যানে অবশ্য এই অ্যাসিস্ট যোগ হবে না, মাঝে বলে হাত ছুঁইয়েছিলেন লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা, এরপর আরও এক ডিফেন্ডারের শরীর ছুঁয়ে বলটি যায় শমিত সোমের হাতে, সেখান থেকে তার নেওয়া শট প্রথমে বাঁধা পায়, পরে ফিরতি শটে আসে গোল।

‘স্ক্র‍্যাপি’ হলেও গোল তো গোলই! সে গোলই তো লঙ্কানদের নাড়িয়ে দেয়, বাংলাদেশকে আরও জাঁকিয়ে বসার সুযোগ দেয় ম্যাচে।

এক গোলের লিড যথেষ্ট নয়, ম্যাচের চালকের আসনে বসতে ব্যবধান দ্বিগুণ করা চাই। সেটি করে দিলেন হামজা। যেভাবে করলেন, তাও ঢঙই বটে। ইব্রাহিমের কাছ থেকে বক্সের বাইরে বল পেয়ে এগোলেন, এক ডিফেন্ডারকে দৌড়ে হারিয়ে সুজনকে ফাঁকি দিয়ে জড়ালেন জালে।

আরও পড়ুন: হামজা চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে বিরতিতে

হামজার সবশেষ জাতীয় দলে গোল ছিল গেল বছর, এই নভেম্বর উইন্ডোতেই। এরপর চলতি বছর ৭ ম্যাচ খেললেও গোল পাননি। সে গোলখরা অবশেষে কাটালেন, তাও আবার নিজের সাফ অভিষেকে।

পরের দুই গোলে যেন খোদ দিয়েগো ম্যারাডোনা আর লিওনেল মেসি নেমে এলেন জাতীয় স্টেডিয়ামে। ফারহান আলী ওয়াহিদ ইন্দোনেশিয়া ম্যাচেই গোলের অভিষেকটি করে ফেলেছিলেন, তিন ডিফেন্ডারকে কাটিয়ে আজ যা করলেন, তা দেখলে বোধ করি স্বর্গীয় ম্যারাডোনাও তারিফই করতেন। সে এক গোলে ফারহান জানান দিলেন, গোল নিয়ে আপাতত চিন্তা বাদ দিলেও পারেন কোচ ডুলি।

এরপর মেসিকে মনে করিয়ে দেওয়ার দায়িত্বটি নিলেন রাকিব হোসেন। প্রতি আক্রমণে বাংলাদেশ উঠে আসছিল, অনেকটা ৩ বনাম ২ পরিস্থিতি ছিল, রাকিবের সামনে ছিলেন স্রেফ লঙ্কান গোলরক্ষক, তাকে ফাঁকি দিয়ে সোনালি সময়ের মেসির মতোই চিপ করে রাকিব বলটি জড়ান জালে। কাটান ১৩ মাসের গোলখরা।

রাকিবের সেই গোলের পর স্কোরলাইনটি বলছিল বাংলাদেশ ৪-০ শ্রীলঙ্কা। প্রতিপক্ষের জালে বাংলাদেশ সবশেষ কবে চার গোল জড়িয়েছে, আবার ক্লিনশিটও রেখেছে, মনে করতে পারছেন? না বোধ করি।

আরও পড়ুন: হামজার নেতৃত্বে বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে তিন পরিবর্তন

পারবেনই বা কেন? পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ইলাভেন ভার্সেস ইলাভেন জানাচ্ছে, হামজা-শমিতদের এই ৪ গোলের জয়ের চেয়ে ভালো জয় বাংলাদেশ তার ইতিহাসেই দেখেছে আর মোটে ৬ বার, ১৯৯৯ সালের পর আর একবারও নয়। শেষ ২৭ বছরে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়!

সব মিলিয়ে বাংলাদেশের কাছে, আর টুর্নামেন্টে টিকে থাকা বাকি ৩ দলের কাছে বার্তাটি সহজ, বাংলাদেশের গোলের বাঁধ খুলেছে, বাংলাদেশের খেলোয়াড়দেরও গেরো খুলে গেছে।

মুদ্রার উল্টো পিঠে আরও একটি তথ্য আছে। ‘গোল আপনাকে ম্যাচ জেতায়, রক্ষণ আপনাকে জেতায় শিরোপা’ — কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসনের এই বেদবাক্য বেশিরভাগ সময়ই অনেকে ভুলে যান, বাংলাদেশ কিন্তু তা ভোলেনি। এই দুই ম্যাচে বাংলাদেশের রক্ষণ ভুল করেছে সামান্যই, যার ফল হিসেবে ক্লিনশিট এসেছে দুই ম্যাচে।

গোল আসতে শুরু করেছে, প্রতিপক্ষের গোলের দরজাটাও বন্ধ রাখতে শিখে গেছে বাংলাদেশ। ‘একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণবিহীন’ — এমন একটি দিন তো এলো এই দুয়ের যুগলবন্দিতেই! এ জীবনে তো বটেই, অন্তত সাফে যেন আরও ২ বার আসে ‘এমনই স্বপ্নের দিন’। ২৩ বছরের অপূর্ণ সাধ মেটাতে যে এমন দুটো দিনের খুব দরকার!

আরও পড়ুন: পেনাল্টি গোলে মালদ্বীপকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চবির শাহজালাল হলে সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি ছাত্রশিবিরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৭ এম


চবির শাহজালাল হলে সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি ছাত্রশিবিরের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলে প্রশাসনের সুপারিশের মাধ্যমে বিশেষ বিবেচনায় ছাত্রদলের কর্মীদের সিট বরাদ্দের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে, যাতে নিরপেক্ষ তদন্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সিট বণ্টনের দাবি জানানো হয়েছে।

বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চার দফা দাবির ভিত্তিতে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

এ সময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাবিব উল্লাহ খালেদসহ শাখা, হল ও অনুষদ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত ১০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে প্রতীয়মান হয়েছে যে, শাহজালাল হলে ঊর্ধ্বতন প্রশাসনের সুপারিশে বিশেষ বিবেচনায় ছাত্রদলের কর্মীদের সিট বরাদ্দ করা হচ্ছে। এ ঘটনায় সংগঠনটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

ছাত্রশিবিরের চার দফা দাবির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে—শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের পুরো ঘটনাটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আওতায় এনে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা; প্রচলিত নীতিমালা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বিশেষ বিবেচনায় বরাদ্দ দেওয়া সব সিট বাতিল করা; হলের সিট খালি হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট হলের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হালনাগাদ তালিকা প্রকাশ করা এবং মেধা ও স্বচ্ছ নীতিমালার ভিত্তিতে সিট বরাদ্দ নিশ্চিত করা।

সিট বরাদ্দের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়, প্রশাসনিক সুপারিশ কিংবা ব্যক্তিগত প্রভাব যেন বিবেচনায় না আসে, তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

স্মারকলিপিতে শাহজালাল হলের ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর খিলগাঁও থানার প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, দুর্বৃত্তদের পালানোর চেষ্টার খবর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৮ এম


রাজধানীর খিলগাঁও থানার প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, দুর্বৃত্তদের পালানোর চেষ্টার খবর

রাজধানীর খিলগাঁও থানার প্রাঙ্গণে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে থানার ভেতরে নারী ও শিশু হেল্পডেস্কের সামনের আমগাছের নিচে ককটেল দুটি বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

খিলগাঁও থানার ডিউটি অফিসার এসআই মো. ফখরুল ইসলাম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানালেন, রাত ৯টার দিকে গেটের বাইরে থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা থানার ভেতরে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। ককটেল দুটি নারী ও শিশু হেল্পডেস্কের কক্ষের সামনের আমগাছের নিচে পড়ে বিস্ফোরিত হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব নিতে চায় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৮ এম


দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব নিতে চায় বাংলাদেশ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের আন্তালিয়ায় জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করছেন এবং তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন। ইতোমধ্যে, তিনি বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক সম্পন্ন করেছেন।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়া শহরে চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিং করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এদিন প্রধানমন্ত্রী ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রধানমন্ত্রীসহ পাকিস্তান ও মলদোভার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরোমনোভিচ মির্জিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন।

তিনি উল্লেখ করেন, সৌজন্য সাক্ষাতে বিশ্বনেতারা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায়।

ব্রিফিংয়ে কৌশলগত ও ভূ-রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের তুলনায় বর্তমানে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টিকে বাংলাদেশ সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। ‘মক্কা চুক্তি’ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পেলে বাংলাদেশ সেটিকে ইতিবাচক হিসেবেই বিবেচনা করবে।

এর আগে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ এর সম্মেলনস্থলে পৌঁছালে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

লিডার্স সামিটের আগে লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে তিনি বিশ্বনেতাদের সঙ্গে গ্রুপ ছবিতে অংশ নেন, যেখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডুবে মৃত্যু প্রতিরোধে সাংবাদিকতায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আলপনা বেগম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ এম


ডুবে মৃত্যু প্রতিরোধে সাংবাদিকতায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আলপনা বেগম

আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন সময় টিভির নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগম, যিনি ডুবে মৃত্যু প্রতিরোধবিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদান রেখেছেন। গ্লোবাল ড্রাউনিং প্রিভেনশন রিপোর্টিং চ্যালেঞ্জে মাল্টিমিডিয়া স্টোরিটেলিং ক্যাটাগরিতে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) আয়োজিত এ প্রতিযোগিতায়, যা ব্লুমবার্গ ফিলান্থ্রপিসের সহায়তায় অনুষ্ঠিত হয়েছে, বিশ্বের সাতটি দেশের ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। তাদের মধ্যে তিনটি বিভাগে মোট ছয়জনকে স্বীকৃতি প্রদান করা হয়েছে।

মাল্টিমিডিয়া স্টোরিটেলিং বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন ভিয়েতনামের ভিয়েতনাম নিউজের সাংবাদিক নগুয়েন থি লে হুং। বাংলাদেশের আলপনা বেগম দ্বিতীয় স্থান লাভ করেছেন।

বুধবার (১১ নভেম্বর) রাজধানী ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সেমিনারের পর আলপনা বেগমের হাতে স্বীকৃতিপত্র তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জিএইচএআইয়ের নন-কমিউনিকেবল ডিজিজেস বিভাগের সহযোগী পরিচালক এজিনে এজেকোয়েম এবং বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস।

পানিতে ডুবে মৃত্যুর বাস্তবতা, এ মৃত্যু প্রতিরোধের প্রতিবন্ধকতা এবং জীবন বাঁচাতে কার্যকর সমাধানগুলো তুলে ধরার লক্ষ্যে বিশ্বের সাতটি দেশের সাংবাদিকদের নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

গত বছরের নভেম্বরে মিসরের শার্ম এল শেখ শহরের রিজেন্সি হোটেলে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরে ওই প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকদের নিয়ে চলতি বছরের সেপ্টেম্বরে তিনটি বিভাগে রিপোর্টিং প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলো হলো ঘানা, উগান্ডা, তানজানিয়া, ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম ও ফিলিপাইন। সেখান থেকে ফিচার স্টোরি, সংবাদ প্রতিবেদন ও মাল্টিমিডিয়া স্টোরিটেলিং—এই তিন বিভাগে ছয়জন সাংবাদিককে তাঁদের কাজের স্বীকৃতি দেওয়া হয়েছে।

গত ২১ অক্টোবর জিএইচএআইয়ের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজিক বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা লোপা ঘোষ বিজয়ীদের ছবি ও তথ্য প্রকাশ করেন। তিনি এ ছয় সাংবাদিককে নিয়ে গর্ব প্রকাশ করে বলেন, তাদের প্রতিবেদনগুলো আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে এবং পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে জোরালো অবস্থান তৈরিতে সহায়তা করতে পেরে তারা আনন্দিত।

আন্তর্জাতিক এ স্বীকৃতি অর্জনে আয়োজক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আলপনা বেগম। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক প্রশিক্ষণ সংস্থা সমষ্টির পরিচালক মীর মাশরুর জামানের প্রতি। তিনি জানান, সমষ্টির মাধ্যমে প্রায় চার বছর ধরে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ নিয়ে সাংবাদিকতায় নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পেয়েছেন। এসব প্রশিক্ষণ তাকে এ বিষয়ে জনসচেতনতা তৈরি, সমস্যার প্রতিবন্ধকতা তুলে ধরা এবং প্রতিকারের উপায় নিয়ে কাজ করতে সহায়তা করেছে।

আলপনা বেগমের মতে, একজন সাংবাদিকের দায়িত্ব শুধুমাত্র সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়; বরং সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখা গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%