ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ডুবে মৃত্যু প্রতিরোধে সাংবাদিকতায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আলপনা বেগম


ডুবে মৃত্যু প্রতিরোধে সাংবাদিকতায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আলপনা বেগম

আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন সময় টিভির নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগম, যিনি ডুবে মৃত্যু প্রতিরোধবিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদান রেখেছেন। গ্লোবাল ড্রাউনিং প্রিভেনশন রিপোর্টিং চ্যালেঞ্জে মাল্টিমিডিয়া স্টোরিটেলিং ক্যাটাগরিতে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) আয়োজিত এ প্রতিযোগিতায়, যা ব্লুমবার্গ ফিলান্থ্রপিসের সহায়তায় অনুষ্ঠিত হয়েছে, বিশ্বের সাতটি দেশের ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। তাদের মধ্যে তিনটি বিভাগে মোট ছয়জনকে স্বীকৃতি প্রদান করা হয়েছে।

মাল্টিমিডিয়া স্টোরিটেলিং বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন ভিয়েতনামের ভিয়েতনাম নিউজের সাংবাদিক নগুয়েন থি লে হুং। বাংলাদেশের আলপনা বেগম দ্বিতীয় স্থান লাভ করেছেন।

আরও পড়ুন: আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রামের পুলিশ সুপারের ফোন জব্দ

বুধবার (১১ নভেম্বর) রাজধানী ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সেমিনারের পর আলপনা বেগমের হাতে স্বীকৃতিপত্র তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জিএইচএআইয়ের নন-কমিউনিকেবল ডিজিজেস বিভাগের সহযোগী পরিচালক এজিনে এজেকোয়েম এবং বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস।

পানিতে ডুবে মৃত্যুর বাস্তবতা, এ মৃত্যু প্রতিরোধের প্রতিবন্ধকতা এবং জীবন বাঁচাতে কার্যকর সমাধানগুলো তুলে ধরার লক্ষ্যে বিশ্বের সাতটি দেশের সাংবাদিকদের নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

গত বছরের নভেম্বরে মিসরের শার্ম এল শেখ শহরের রিজেন্সি হোটেলে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরে ওই প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকদের নিয়ে চলতি বছরের সেপ্টেম্বরে তিনটি বিভাগে রিপোর্টিং প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আরও পড়ুন: কক্সবাজারে ২ লাখ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলো হলো ঘানা, উগান্ডা, তানজানিয়া, ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম ও ফিলিপাইন। সেখান থেকে ফিচার স্টোরি, সংবাদ প্রতিবেদন ও মাল্টিমিডিয়া স্টোরিটেলিং—এই তিন বিভাগে ছয়জন সাংবাদিককে তাঁদের কাজের স্বীকৃতি দেওয়া হয়েছে।

গত ২১ অক্টোবর জিএইচএআইয়ের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজিক বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা লোপা ঘোষ বিজয়ীদের ছবি ও তথ্য প্রকাশ করেন। তিনি এ ছয় সাংবাদিককে নিয়ে গর্ব প্রকাশ করে বলেন, তাদের প্রতিবেদনগুলো আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে এবং পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে জোরালো অবস্থান তৈরিতে সহায়তা করতে পেরে তারা আনন্দিত।

আন্তর্জাতিক এ স্বীকৃতি অর্জনে আয়োজক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আলপনা বেগম। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক প্রশিক্ষণ সংস্থা সমষ্টির পরিচালক মীর মাশরুর জামানের প্রতি। তিনি জানান, সমষ্টির মাধ্যমে প্রায় চার বছর ধরে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ নিয়ে সাংবাদিকতায় নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পেয়েছেন। এসব প্রশিক্ষণ তাকে এ বিষয়ে জনসচেতনতা তৈরি, সমস্যার প্রতিবন্ধকতা তুলে ধরা এবং প্রতিকারের উপায় নিয়ে কাজ করতে সহায়তা করেছে।

আলপনা বেগমের মতে, একজন সাংবাদিকের দায়িত্ব শুধুমাত্র সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়; বরং সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: রাজশাহীতে স্ত্রীর মুখ ও শরীর অ্যাসিডে ঝলসে দিল স্বামী শহিদুল ইসলাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চন্দ্রগঞ্জে সিএনজিতে শিক্ষিকাকে মারধর, ছিনতাই স্বর্ণালংকার ও মোবাইল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ এম


চন্দ্রগঞ্জে সিএনজিতে শিক্ষিকাকে মারধর, ছিনতাই স্বর্ণালংকার ও মোবাইল

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় তুলে এক শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে দুর্বৃত্তরা তাকে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চন্দ্রগঞ্জের আফজাল রোড এলাকায় এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিক্ষিকা লক্ষ্মী রানী নাথ আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্মী।

সহকর্মী শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে লক্ষ্মী রানী আফজাল রোড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। তার গন্তব্য ছিল চন্দ্রগঞ্জ থানার সামান্য পশ্চিমে অবস্থিত একটি নার্সারির সামনে।

কিন্তু চালক তাকে গন্তব্যে না নিয়ে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সড়ক ধরে সামনে এগিয়ে যান। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে মারধর করে হাত, কান ও গলায় থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে তারা তাকে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ঘটনায় জড়িত সিএনজি চালক ও ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠকে জলবায়ু ও বিনিয়োগের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১০ এম


প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠকে জলবায়ু ও বিনিয়োগের আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইড লাইনে, বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সম্মেলনস্থলে।

বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিষয়গুলোসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়েদির পেটে অস্ত্রোপচার, উদ্ধার হলো অর্ধশতাধিক গ্যাস লাইটার-ইটের টুকরো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১০ এম


কয়েদির পেটে অস্ত্রোপচার, উদ্ধার হলো অর্ধশতাধিক গ্যাস লাইটার-ইটের টুকরো

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন কয়েদির পেটে অস্ত্রোপচার করে চিকিৎসকরা অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরো উদ্ধার করেছেন। কয়েদির পেটে তীব্র ব্যথা ও শারীরিক জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচার করে এসব বস্তু বের করা হয়।

কারাগার সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর রাত ৭টা ২০ মিনিটে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কয়েদি হাসমত আলীকে (৪৪) উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে। তিনি একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি রয়েছেন।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হাসমত আলী ‘অ্যাকিউট অ্যাবডোমিনাল উইথ এপিগ্যাস্ট্রিক মাস’ (Acute Abdominal with Epigastric Mass) নামক জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৪ নভেম্বর সেখানে তার পেটে অস্ত্রোপচার করা হলে চিকিৎসকরা অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা উদ্ধার করেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন এ বিষয়ে জানান, হাসমত আলী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বন্দি অবস্থায় তিনি মানসিক কষ্ট ভুলে থাকতে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে কারা কর্তৃপক্ষ তাকে পরিচ্ছন্নতাকর্মীর (সুইপার) দায়িত্ব দেয়।

তিনি আরও জানান, পরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাস লাইটার সংগ্রহ করে সেগুলো খেয়ে ফেলতেন ওই কয়েদি। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পেটে এসব বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়।

সিনিয়র জেল সুপার জানান, বর্তমানে ওই কয়েদি সুস্থ রয়েছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাহিদ আহ্বায়ক হলে আসিফ কেন ৬ নম্বরে? প্রশ্ন সামান্তা শারমিনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ এম


নাহিদ আহ্বায়ক হলে আসিফ কেন ৬ নম্বরে? প্রশ্ন সামান্তা শারমিনের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে কাউকে পদ দেওয়ার ক্ষেত্রে স্পষ্ট ও প্রকাশ্য মাপকাঠি থাকা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে বলেন, "কোন যোগ্যতায় কে কোন পদ পাচ্ছেন, তা জনগণের কাছে স্বচ্ছ না থাকলে প্রতিটি পদ নিয়েই প্রশ্ন উঠবে।"

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপি থেকে পদত্যাগ করেন সামান্তা শারমিন। প্রথম আলোর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ওই দিন বিকেলে তিনি দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠান। ২৩ অক্টোবর পুনর্গঠিত কমিটিতে তাকে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছিল। এতে তার ‘পদাবনতি’ হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়।

নিজের পদ প্রসঙ্গে সামান্তা বলেন, "পদাবনতির কারণে পদত্যাগ করেছেন কি না, এ প্রশ্ন অনেকে করছেন।" তিনি পাল্টা প্রশ্ন করেন, "আমি কেন যুগ্ম আহ্বায়ক হলাম? কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে? একটা ক্রাইটেরিয়া তো থাকতে হবে।"

দলের বিরোধিতা করার কারণে তাকে নামানো হয়ে থাকলে সেই মাপকাঠির কথাও তিনি তোলেন। সামান্তা বলেন, "আমি তো পার্টির বিরোধিতা করেছি। যদি এমন হয় যে পার্টির যারা লয়াল না, বিরোধিতা করেছে তাদেরকে সদস্য পর্যায়ে নামিয়ে দেওয়া হবে, তাহলে আমি কি সদস্য হতাম?"

সাক্ষাৎকারে গণ-অভ্যুত্থানে ভূমিকার নিরিখে নেতাদের পদ নিয়ে প্রশ্ন উঠলে সামান্তা ক্রাইটেরিয়া প্রকাশের দাবিতে অটল থাকেন। অনুষ্ঠানে আলোচনায় এক দফার ঘোষক হিসেবে নাহিদ ইসলামের আহ্বায়ক হওয়া, লং মার্চের ঘোষক আসিফ মাহমুদের অবস্থান এবং ছয় সমন্বয়কের একজন নুসরাত তাবাসসুমের রাজনৈতিক পরিষদে অবস্থানের প্রসঙ্গ আসে।

এই প্রসঙ্গে তিনি বলেন, "গণঅভ্যুত্থানে এক দফার ঘোষক হিসেবে নাহিদ ইসলাম আহবায়ক খুব ভালো কথা। তাহলে লং মার্চ একদিন এগিয়ে আনা লং মার্চের ঘোষক আসিফ মাহমুদ কেন ছয় নাম্বার? নুসরাত তাবাসসুম ওই ছয় নাম্বার সমন্বয়ক, উনি কেন পলিটিক্যাল কাউন্সিলের শেষে? যদি গণভুত্থানের রোল সবচাইতে গুরুত্বপূর্ণ হয়, তাহলে তো এই ক্রাইটেরিয়া আবার মিলছে না। আমি এই জন্যই বলছি যে সবসময় ক্রাইটেরিয়া রাখতে হয়, যে কিসের ভিত্তিতে আসলে কে কোন পোস্ট পাচ্ছে।"

নিয়োগের মাপকাঠি প্রকাশ্য রাখার যুক্তি দিতে গিয়ে সামান্তা শিক্ষক নিয়োগের উদাহরণ টানেন। তিনি বলেন, "আপনি যদি কোন জায়গায় শিক্ষক নিয়োগ দেন, তার ক্রাইটেরিয়া থাকে যে অমুক পাস হতে হবে, অমুক সাবজেক্টের হতে হবে, এত বছর বয়স হতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো কেন মানুষ ওপেন করে? কারণ যাতে যদি সুষ্ঠ নিয়োগ না হয়, যাতে যে কেউ এটা নিয়ে প্রশ্ন তুলতে পারে, সেই গণতান্ত্রিকতা যাতে বজায় থাকে, স্বচ্ছ থাকে।"

বিএনপির মতো দলে যেকোনো সময় রদবদল হতে পারে এবং দলগুলো সেটিকে ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে দাবি করে, এ কথা উল্লেখ করে এনসিপির সাবেক এই নেত্রী বলেন, "গণসংগঠন যদি হয়, যদি জনগণের পার্টি হয়, তাহলে জনগণের কাছেই তার জবাবদিহিতা করতে হবে। এটা পার্টির ইন্টার্নাল বলে কিছু নাই।"

দলের ভেতরে তিনি একা লড়েছেন কি না, এমন প্রশ্নে সামান্তা বলেন, "একা বলাটা ঠিক হবে না।" তিনি বলেন, "আমি তো আসলে নীতি নিয়ন্ত্রনের পর্যায়ে ছিলাম। আমি চাইলে একটু বেশি তর্ক করতে পারি, আমার সেই সুযোগ ছিল। আমি সেটা কাজে লাগিয়েছি। কিন্তু আমার চেয়ে যারা একটু পরের পোস্টে আছেন, তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়।"

ফেসবুকে দেওয়া পোস্টে সামান্তা জামায়াতে ইসলামীর সঙ্গে জোট নিয়ে নিজের ভিন্ন অবস্থানের কথা লিখেছেন। প্রথম আলোর প্রতিবেদনে তার বরাতে বলা হয়েছে, "নিজস্ব রাজনৈতিক ‘লাইন’ স্পষ্ট না থাকায় এনসিপি জামায়াতের মধ্যে হারিয়ে যাচ্ছে।" পাশাপাশি কাউন্সিল এড়িয়ে কমিটি পুনর্গঠন এবং নারীর অবস্থান নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেছেন।

নতুন কোনো প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার প্রশ্নে সামান্তা জানান, "তিনি আগে সমমনাদের সঙ্গে বসবেন, তারপর রাজনৈতিক দিক ঠিক করবেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%