বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:০৮ এম
নামাজ ইসলামের পঞ্চম স্তম্ভ হিসেবে পরিচিত। যারা নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে মসজিদে আগে থেকেই উপস্থিত হন এবং নামাজের জন্য অপেক্ষা করেন, তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। তাই প্রত্যেক মুসলমানের জন্য সময়মতো নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ইংরেজি, ২৭ কার্তিক ১৪৩৩ বাংলা, ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিচে উল্লেখ করা হলো—
নামাজের সময়সূচি
ফজর-০৪:৫৫ মিনিট।
জোহর-১১:৪৬ মিনিট।
আসর-০৩:৩৮ মিনিট।
মাগরিব-০৫:১৭ মিনিট।
ইশা-০৬:৩৩ মিনিট।
আজ সূর্যোদয়-৬:১১ মিনিট।
আজ সূর্যাস্ত-৫:১৪ মিনিট।
উল্লিখিত সময়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো—
বিয়োগ করতে হবে—
চট্টগ্রাম: ০৫ মিনিট
সিলেট: ০৬ মিনিট
যোগ করতে হবে—
খুলনা: ০৩ মিনিট
রাজশাহী: ০৭ মিনিট
রংপুর: ০৮ মিনিট
বরিশাল: ০১ মিনিট
তথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চার বছর বয়সী কন্যা শিশু আলেয়া মায়ের মুখের দিকে তাকিয়ে পরিবর্তন বোঝার চেষ্টা করছে। সে জানে না, তার মাদকাসক্ত বাবা শহিদুল ইসলাম নেশা করতে বাধা দেওয়ার কারণে তার মা তৃষা খাতুনের (২১) মুখ ও শরীরে অটোরিকশার ব্যাটারির অ্যাসিড ঢেলে দিয়েছে, যার ফলে মুখ ও শরীরের কিছু অংশ ঝলসে গেছে।
তৃষা ছয় দিন হাসপাতালে অসহ্য যন্ত্রণার পর বাড়ি ফিরেছেন। তার সঙ্গে রয়েছে অবুঝ ছোট্ট মেয়েটি। বর্তমানে স্বামীর হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তৃষা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের কাছে নির্যাতনের বর্ণনা দেন তৃষা। তিনি জানান, গত ৫ নভেম্বর রাতে নেশা করতে নিষেধ করায় স্বামী ক্ষিপ্ত হয়ে তার শরীরে অ্যাসিড ঢেলে দেন। এতে তার মুখের একপাশসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
তৃষার অভিযোগ, তার স্বামী অটোরিকশা চালিয়ে উপার্জিত অর্থ নেশায় ব্যয় করতেন। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চাকরি করা রাজুর সঙ্গে নেশা করতেন। স্বামী তার ও মেয়ের ভরণপোষণ দিতেন না, ফলে সংসার চালাতে তাকে দুটি বাড়িতে কাজ করতে হতো। প্রতিবাদ করলেই স্বামী মারধর করতেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও স্বামী তার খোঁজ নেননি এবং বরং মামলা করলে হত্যার হুমকি দিয়েছেন।
তৃষা বলেন, তিনি বোয়ালিয়া থানায় অভিযোগ দিয়েছেন। তার দাবি, স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। নির্যাতিত এই নারী ভালোবেসে বিয়ে করা স্বামীর ফাঁসি চান। চার বছরের মেয়েকে নিয়ে এখন কোথায় যাবেন, সেই দুশ্চিন্তায় দিন কাটছে তার।
তানোরের মালশিরা গ্রামের তৃষা পাঁচ বছর আগে একই গ্রামের শহিদুলকে ভালোবেসে বিয়ে করেন। বর্তমানে তারা নগরীর দড়িখরবোনা রেলগেট এলাকার শাহীন বস্তিতে ভাড়া থাকতেন।
অভিযোগের বিষয়ে শহিদুল বলেন, নেশা করার বিষয়টি সত্য নয়। বিভিন্ন বিষয়ে ঝামেলা হতো, তাই অ্যাসিড মেরেছি।
বোয়ালিয়া মডেল থানার ওসি মাসুমা মুস্তারী জানান, তৃষার অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরনো ক্যাম্পাসের একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় ক্যাম্পাসের সাদা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
ক্যাম্পাসের নিরাপত্তাকর্মী আনোয়ার হোসেন জানিয়েছেন, ভবনের একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
নিরাপত্তাকর্মী আরো জানিয়েছেন, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আগুনের ঘটনায় এখন আর কোনো ঝুঁকি নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবকে বরখাস্ত করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, রায়হান হাবিব বর্তমানে টাঙ্গাইলের ভূঞাপুরে সাব রেজিস্টার হিসেবে কর্মরত রয়েছেন।
এর পূর্বে, তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডে সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনকালে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ২(খ)-এ বর্ণিত অসদাচরণের সংজ্ঞাভুক্ত অপরাধ, বিধি ৩(খ)-এ উল্লিখিত অসদাচরণ এবং বিধি ৩(ঘ)-এ বর্ণিত দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। ইতোমধ্যে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অভিযোগের মাত্রা ও ধরন বিবেচনায় বিভাগীয় মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) এবং সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে এনআরবির এক কর্মকর্তা হত্যা মামলার আসামি এবং আলীনগরের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের নামে গত ২৮ অক্টোবর ৬৫টি জমির বিক্রয় দলিল নিবন্ধন করে দেন রায়হান হাবিব। বদলির আগে এসব দলিল নিবন্ধন করা হয়। এ কাজে তিনি মোটা অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্পেনের লাখ লাখ মানুষ ১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালন করেছেন, যা আকাশচুম্বী বাড়িভাড়া ও আবাসন সংকটের বিরুদ্ধে অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪ ঘণ্টার এই ধর্মঘটে বিভিন্ন খাতের শ্রমিক, ভাড়াটিয়া এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এই ধর্মঘট এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন দেশটিতে আসন্ন নির্বাচনে কট্টর ডানপন্থি দলগুলোর ক্ষমতায় আসার সম্ভাবনা দেখা দিয়েছে।
ভাড়াটিয়াদের সংগঠনগুলোর আহ্বানে শুরু হওয়া ধর্মঘট পরবর্তীতে শ্রমিক ইউনিয়নগুলোর সমর্থন লাভ করে। মাদ্রিদ ভাড়াটিয়া ইউনিয়নের সান্দ্রা মোরা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরএনইকে বলেন, ‘মানুষকে মনে করিয়ে দেওয়া অত্যন্ত জরুরি যে আমরা শ্রমিকরাই, যারা একই সঙ্গে ভাড়াটিয়া কিংবা বাড়ির ঋণের কিস্তি পরিশোধ করি। আমাদেরই ক্ষমতা আছে উৎপাদন প্রক্রিয়া থামিয়ে দেওয়ার এবং পুরো অর্থনীতিকে অচল করে ফেলার।’
শ্রমিক ইউনিয়নগুলোর তথ্য অনুযায়ী, গাড়ি ও বন্দর খাতে ধর্মঘটে অংশগ্রহণের হার ৯০ শতাংশ এবং বর্জ্য সংগ্রহ খাতে ৮২ শতাংশ ছিল। তবে অঞ্চলভেদে অংশগ্রহণের পার্থক্য লক্ষ্য করা গেছে। আবাসন সংকট সবচেয়ে তীব্র কাতালোনিয়া ও আন্দালুসিয়ার মতো উপকূলীয় অঞ্চলে ধর্মঘটের সমর্থন বেশি ছিল।
ভাড়াটিয়া সংগঠনগুলোর কনফেডারেশন জানিয়েছে, বুধবার দুপুর পর্যন্ত প্রায় ৪০ লাখ মানুষ ধর্মঘটে অংশ নিয়েছেন। সংগঠনটি কর্মসূচিকে সফল বলে অভিহিত করেছে।
ধর্মঘটের ফলে অনেক স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল অথবা সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করেছে। মাদ্রিদে প্রায় এক মাস ধরে চলা শিক্ষকদের কর্মবিরতির সঙ্গে নতুন এই ধর্মঘট যুক্ত হওয়ায় শিক্ষা কার্যক্রম আরও ব্যাহত হয়েছে।
বার্সেলোনায় শ্রমিকেরা বিভিন্ন সড়কে অবরোধ তৈরি করেছেন। কোথাও কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তাঁরা। গণপরিবহন প্রায় অচল হয়ে পড়ে। মধ্যরাতে ধর্মঘট শুরু হওয়ার পরপরই কারখানা, বাজার ও পরিবহনকেন্দ্রের প্রবেশপথে অবস্থান নেন বিক্ষোভকারীরা। শহরের গুরুত্বপূর্ণ এপি-৭ মহাসড়ক দুই দিক থেকেই বন্ধ করে দেওয়া হয়।
মাদ্রিদে দেশটির প্রধান পাইকারি বাজারের কাছে ধর্মঘটকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হাজারো বিক্ষোভকারী শহরের প্রধান সড়কে জড়ো হলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। সরকার জানিয়েছে, দেশজুড়ে বিভিন্ন ছোটখাটো ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, দেশের আবহাওয়া সংস্থা দুটি ঝড়ের কারণে ১৪টি সতর্কতা জারি করায় বিকেলের বিক্ষোভ মিছিল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঝড়ের প্রভাবে প্রবল বাতাস, উত্তাল সমুদ্র ও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। দেশজুড়ে ৯০টির বেশি মিছিল হওয়ার কথা থাকলেও ভারী বৃষ্টি ও ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত বেগে বাতাসের আশঙ্কায় কাদিজ ও হুয়েলভার কর্মসূচি বাতিল করা হয়েছে।
স্পেনে আবাসন সংকট নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ গত সেপ্টেম্বর মাসে নতুন করে সামনে আসে। ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে তার সাত দশকেরও বেশি সময়ের বসতবাড়ি থেকে উচ্ছেদের পর এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এ ঘটনায় এমন একটি আবাসন বাজারের চিত্র সামনে আসে, যেখানে বাড়িঘর ক্রমেই পর্যটকদের ভাড়া দেওয়ার জন্য, মুনাফাভিত্তিক বিনিয়োগ এবং স্বল্পমেয়াদি ভাড়ার সম্পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত এক দশকে বাড়িভাড়া ৮০ শতাংশ বেড়েছে। একই সময়ে বাড়ির দাম বেড়েছে ৬৩ শতাংশ।
আবাসন সংকটের সঙ্গে পর্যটন ব্যবসার সম্পর্ক তুলে ধরতে গ্রানাডার ভাড়াটিয়া ইউনিয়ন শহরের পর্যটনসমৃদ্ধ এলাকায় অভিযান চালিয়ে স্বল্পমেয়াদি ভাড়ার বাড়ির প্রায় ৩০০টি চাবি রাখার বাক্স ভাঙচুর করে। সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটি লিখেছে, ‘পুঁজিপতি, ভাড়াবাণিজ্য থেকে মুনাফা করা ব্যক্তি এবং তাদের সহযোগীদের না বলুন।’
আবাসন অধিকারকর্মী ও শ্রমিক ইউনিয়নগুলো সংকট মোকাবিলায় বাজারে সরকারের আরও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছে। তাদের দাবির মধ্যে রয়েছে আবাসন নিয়ে ফটকাবাজি বন্ধ, পর্যটকদের কাছে বাড়ি ভাড়া দেওয়ার ব্যবস্থা বিলুপ্ত এবং ভাড়াটিয়াদের সুরক্ষা জোরদার করা।
সাম্প্রতিক বছরগুলোতে স্পেনের অনেক মানুষের নামমাত্র বেতন বাড়লেও বাড়িভাড়ার সঙ্গে তা পাল্লা দিয়ে বাড়েনি। দেশটির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন ওয়ার্কার্স কমিশনসের প্রধান উনাই সোরদো বলেন, বছরে ১২ শতাংশ পর্যন্ত বাড়তে থাকা আবাসন ব্যয় সামাল দিতে শুধু শ্রমিকদের সম্মিলিত দর-কষাকষি যথেষ্ট নয়।
সূত্র: দ্য গার্ডিয়ান
তালাশ বিডি/মিডিয়া লিঃ