ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

বায়তুল মোকাররমে আগামীকাল অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কেরাত সম্মেলন


বায়তুল মোকাররমে আগামীকাল অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কেরাত সম্মেলন

রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) ‘অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনটি আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হচ্ছে, যা জাতীয় মসজিদের পূর্ব চত্বরে বাদ জোহর শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে।

এবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আয়োজক কমিটির মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানীর আহ্বানে এবারের সম্মেলনে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও মিশর, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিশ্বজয়ী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারিরা অংশগ্রহণ করবেন। তাঁরা দিনব্যাপী পবিত্র কোরআনুল কারিমের মনোমুগ্ধকর তিলাওয়াত পেশ করবেন।

আরও পড়ুন: স্পেনে বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, রাজপথে লাখো মানুষ

বিদেশি আমন্ত্রিত অতিথিদের মধ্যে তিলাওয়াত করবেন মিশরের প্রখ্যাত কারি শায়েখ আবদুন নাসের হারাক, আফগানিস্তানের শায়েখ কারি আবদুল কাবীর হায়দারী, পাকিস্তানের কারি আনোয়ারুল হাসান শাহ বোখারী, ইরানের শায়েখ কারি ওয়াহীদ খাজাইয়ী, ভারতের কারি হেদায়াতুল্লাহ ফুরকান রাজস্থানী এবং দক্ষিণ আফ্রিকার কারি ব্যারিস্টার যুবায়ের বারদাই।

স্বাগতিক বাংলাদেশের পক্ষে তিলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি মাওলানা সাইদুল ইসলাম আসাদ। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী হাফেজ ও কারি, দেশবরেণ্য আলেম-ওলামা, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুর উদ্দীন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার হাওয়ারিয়্যীন পরিষদের সভাপতি আনোয়ার আলদীন।

সম্মেলনটির যৌথ সভাপতিত্ব করবেন আয়োজক সংস্থার সভাপতি আল্লামা কারি আবু রায়হান ও নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর।

আরও পড়ুন: ১২ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকা ও আশপাশের নামাজের সময়সূচি প্রকাশ

আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ ইউসুফ জানিয়েছেন, এ আয়োজন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কোরআনচর্চার ঐতিহ্য ও কেরাতশাস্ত্রের সৌন্দর্য তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে। দেশের কোরআন শিক্ষা ও কেরাতশাস্ত্রের প্রচার-প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছয় মাসের মধ্যে নগর স্বাস্থ্যসেবায় নতুন মডেল তৈরির ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৪ এম


ছয় মাসের মধ্যে নগর স্বাস্থ্যসেবায় নতুন মডেল তৈরির ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের প্রায় ছয় কোটি নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব গ্রহণ করেছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, নগর স্বাস্থ্যসেবার বিদ্যমান কেন্দ্রগুলো আগামী ছয় মাসের জন্য অংশীদারিত্বমূলক কাঠামোতেই পরিচালিত হবে এবং এই সময়ের মধ্যে একটি টেকসই, ব্যয়সাশ্রয়ী ও বহুখাতভিত্তিক নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত করা হবে।

বুধবার রাজধানীর একটি হোটেলে ‘নগর স্বাস্থ্য: বহুমুখী খাতের সম্পৃক্ততা বৃদ্ধি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুইডেন দূতাবাস ও ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্ক (বিইউএইচএন) এবং এমিনেন্স যৌথভাবে এই সভার আয়োজন করেছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী উল্লেখ করেন, গ্রামীণ জনগণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সভিত্তিক সুনির্দিষ্ট স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক থাকলেও নগরের ব্যাপক জনগণের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরাসরি কোনো আনুষ্ঠানিক দায়িত্ব ছিল না। এই শূন্যতা পূরণে সরকার নগর স্বাস্থ্যসেবার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোর সেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেজন্য সরকারি ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ রূপান্তরের আগ পর্যন্ত আগামী ছয় মাস আগের অংশীদারিত্বমূলক কাঠামোতেই কেন্দ্রগুলো চালু রাখা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক অনুমোদন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এই সময়ের মধ্যেই একটি পূর্ণাঙ্গ ও টেকসই নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত করা হবে।

স্বাস্থ্য বাজেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এবারই স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে জাতীয় বাজেটের অন্তত ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়ার লক্ষ্য সরকারের।

ড. এম এ মুহিত নগর স্বাস্থ্যসেবাকে কেবল হাসপাতাল ও ওষুধের মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে বলেন, আবাসন, নিরাপদ পানি, পয়োনিষ্কাশন, কর্মসংস্থান, মানসিক স্বাস্থ্য এবং অসংক্রামক রোগ প্রতিরোধের মতো বিষয়গুলোও নগর স্বাস্থ্য ব্যবস্থার অপরিহার্য অংশ। তাই উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা কাঠামো অন্ধভাবে শহরে প্রয়োগ না করে নগরবাসীর প্রকৃত চাহিদা বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

তিনি আরও বলেন, নগরবাসীর জন্য ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড চালু এবং সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর ‘রেফারেল নেটওয়ার্ক’ গড়ে তোলা জরুরি।

নগর স্বাস্থ্য প্রকল্পের প্রাথমিক অন্তর্ভুক্তির কাজ ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে সম্পন্ন হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও উন্নয়ন সহযোগীদের একটি বাস্তবসম্মত ও বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা তৈরির আহ্বান জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক, নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা, ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার ইমাদুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দেওয়ান এমদাদুল হক, বিশ্বব্যাংকের প্রতিনিধি ওয়ামেক রাজা এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক কাজী সাইফুদ্দিন বেননূর। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা, দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট অংশীজনেরা সভায় বক্তব্য তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী নাশকতার অভিযোগে সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৫ এম


ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী নাশকতার অভিযোগে সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় প্রাথমিক প্রমাণ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে। এ ছাড়া তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। বরখাস্ত হওয়া দুইজন হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী এবং এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ আমান।

অমানুল্লাহ আমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি সংগঠনটির কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রের মতে, সাময়িক বরখাস্তের পর তিনি আত্মগোপনে রয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, গত ১০ নভেম্বর (মঙ্গলবার) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় আমানের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর প্রশাসন তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। নোটিশে তাকে জানানো হয়েছে কেন তার বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে জবাব দিতে হবে।

অন্যদিকে, নিপু ইসলাম তন্বীর বিরুদ্ধেও একই ঘটনায় সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তার বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত এবং সংশ্লিষ্টতার ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আমানুল্লাহ আমানের পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা সম্পর্কে জানা যায়, তিনি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন এবং পরবর্তী সময়ে সংগঠনটির কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সূত্রে জানা যায়, আমান সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন কমিটিতে সদস্য ছিলেন। তবে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীর নেতৃত্বাধীন কমিটিতে তিনি কোনো পদ পাননি।

পরবর্তী সময়ে আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের নেতৃত্বাধীন কমিটির সময় আবারও সংগঠনটির কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন আমান। ওই কমিটিতে তিনি গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক উপসম্পাদকের দায়িত্ব পান। ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়ের ঘনিষ্ঠ হিসেবে তার পরিচিতি ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ছাড়া গোলাম রাব্বানীর অনুসারী হিসেবেও তিনি পরিচিত ছিলেন।

সর্বশেষ ছাত্রলীগের বর্ধিত কমিটিতে আমানকে সহসভাপতি পদে পদায়ন করা হয়েছে—এমন একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চিঠিটি প্রকাশের পর তার অনুসারীদের অনেকে তাকে অভিনন্দন জানান। তবে বর্ধিত কমিটির অন্য সদস্যদের পদায়নসংক্রান্ত চিঠির সঙ্গে আমানের চিঠির রং ও ধরনে পার্থক্য থাকায় এর সত্যতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠে।

জুলাইয়ে সরকারের পক্ষে মিছিলে অংশগ্রহণের সময়, ২০২৪ সালের ৪ আগস্ট, গণ-অভ্যুত্থানের উত্তাল সময়ে তৎকালীন সরকারকে টিকিয়ে রাখার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে কর্মকর্তা-কর্মচারীদের একটি মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে আমানুল্লাহ আমান সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।

ছাত্রলীগের রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততার পাশাপাশি গণ-অভ্যুত্থানের সময় তার ভূমিকা নিয়েও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।

আমানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আবাসিক সুবিধা ব্যবহারের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২৬৪ নম্বর কক্ষে একাই থাকতেন বলে জানা গেছে। অথচ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের একটি বড় অংশ আবাসনসংকটের কারণে একই কক্ষে গাদাগাদি করে বসবাস করতে বাধ্য হন।

এ ছাড়া নিয়মিত অফিস না করেও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন সময়ে রাজনৈতিক পোস্ট ও কর্মকাণ্ডের মাধ্যমে তাকে সক্রিয় থাকতে দেখা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কের জলবায়ু সম্মেলনে প্রভাবশালী ও দায়ী রাষ্ট্রগুলোর নেতাদের অনুপস্থিতিতে হতাশ পরিবেশবাদীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৬ এম


তুরস্কের জলবায়ু সম্মেলনে প্রভাবশালী ও দায়ী রাষ্ট্রগুলোর নেতাদের অনুপস্থিতিতে হতাশ পরিবেশবাদীরা

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ভয়াবহতা এবং জলবায়ু সংকটের প্রেক্ষাপটে তুরস্কে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-৩১ শুরু হয়েছে। তবে এবারের সম্মেলনে বিশ্বের প্রভাবশালী ও অধিক কার্বন নিঃসরণকারী কিছু দেশের শীর্ষ নেতাদের অনুপস্থিতি সম্মেলনের সফলতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, জার্মানি ও ইতালির মতো গুরুত্বপূর্ণ দেশের সরকারপ্রধানদের অংশগ্রহণ না করায় পরিবেশবাদী ও জলবায়ু আন্দোলনকর্মীরা হতাশা প্রকাশ করেছেন। তাঁদের আশঙ্কা, জলবায়ু সংকট মোকাবিলায় যেসব দেশের সবচেয়ে বেশি দায়িত্ব নেওয়ার কথা, সেসব দেশের শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগকে বাধাগ্রস্ত করতে পারে।

আয়োজক সূত্র জানিয়েছে, এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও সর্বশেষ প্রকাশিত অংশগ্রহণকারীদের তালিকায় নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের পরিবর্তে দেশটির প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।

তুরস্কের ভূমধ্যসাগরীয় পর্যটন শহর আন্তালিয়ায় চলতি সপ্তাহের শুরুতে দুই সপ্তাহব্যাপী সম্মেলন শুরু হয়েছে। ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, নেপালে প্রাণঘাতী বন্যা এবং ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলের মতো একের পর এক প্রাকৃতিক দুর্যোগের পর জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারগুলোর ওপর চাপ বাড়ছে। বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠেয় সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে কয়েক ডজন বিশ্বনেতার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তবে এবারের সম্মেলনে জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বক্তব্য দেওয়ার পরিকল্পনা করেছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লেয়েন আন্তালিয়ায় আসছেন। কিন্তু ইউরোপের গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশ ফ্রান্স, জার্মানি ও ইতালির সরকারপ্রধানদের অনুপস্থিতি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

জলবায়ু কূটনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান থিঙ্ক-ট্যাঙ্ক ই৩-জি-এর বিশেষজ্ঞ কসিমা ক্যাসেল আন্তর্জাতিক গণমাধ্যম এএফপিকে বলেন, ‘ইউরোপের কয়েকটি বড় দেশের নেতারা সম্মেলনে আসছেন না, এটি দুঃখজনক। এবারের কপ সম্মেলনে ইউরোপের আরও জোরালো উপস্থিতি প্রয়োজন।’

ফ্রান্স সরকার জানিয়েছে, ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতি দিবস হওয়ায় প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সম্মেলনে যোগ দিচ্ছেন না। ওই দিন দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পাশাপাশি বৃহস্পতিবার আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়নের একটি সম্মেলনেও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।

ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইউরোপের পরিচালক কিয়ারা মার্টিনেলি বলেন, ‘বিশ্বের জ্বালানি ব্যবস্থার রূপান্তর কোন দিকে এগোবে, সে বিষয়ে প্রভাব রাখতে চাইলে বিশ্বনেতাদের জন্য এ ধরনের সম্মেলনে উপস্থিত হওয়াই ভালো সূচনা। আমার আশঙ্কা, ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর নেতারা অনুপস্থিত থাকায় মঞ্চে উরসুলা ভন ডার লেয়েনকে অনেকটাই একা থাকতে হবে।’

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন না। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়া ট্রাম্প ২০২৪ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর থেকে জলবায়ুবিষয়ক আলোচনায় দেশটির কোনো সরকারি প্রতিনিধিও পাঠাননি।

অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট সি চিনপিংও সম্মেলনে সরাসরি অংশ নিচ্ছেন না। তার পরিবর্তে দেশটির প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। সি চিনপিং সাধারণত কপ সম্মেলনে সরাসরি অংশ নেন না।

বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন একই সঙ্গে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস নিঃসরণেরও সবচেয়ে বড় উৎস। ফলে জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক আলোচনায় দেশ দুটির শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পরিবেশবিদরা।

তবে কসিমা ক্যাসেল বলেন, ‘আমাদের তো লুলা আছেন।’ গত মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে লুলা দা সিলভার বিজয়ে জলবায়ু আন্দোলনকর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন। কারণ, লুলা দীর্ঘদিন ধরে বন উজাড়ের হার কমানোর পক্ষে কাজ করে আসছেন।

কার্বন নিঃসরণের জন্য দায়ী ধনী রাষ্ট্রগুলোর নেতাদের অনুপস্থিতিতে সম্মেলনের সফলতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবাদীরাও। ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ডের ওয়ানুন পার্মপিবুল গণমাধ্যমকে বলেন, ‘এমন একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে বিশ্বের প্রভাবশালী নেতাদের অনেকে অনুপস্থিত। যাদের বেশিরভাগ নেতাই এই ক্ষতির জন্য দায়ী। তাঁদের অনুপস্থিতি সম্মেলনের সফলতাকে ব্যাহত করবে।’

কোস্ট ফাউন্ডেশন, বাংলাদেশের এম. এ. হাসান আমার দেশকে বলেন, এবারের কপ-৩১-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মতো গুরুত্বপূর্ণ বিশ্বনেতাদের অনুপস্থিতি গভীরভাবে তাৎপর্যপূর্ণ। চীনের প্রেসিডেন্ট সরাসরি অংশ নিচ্ছেন না; দেশটির প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।

তিনি বলেন, ‘আমার কাছে প্রশ্ন হলো, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি ও কার্বন নিঃসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দেশগুলোর শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব যদি জলবায়ু সংকট মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার না দেয়, তাহলে বিশ্ব কতটা কার্যকর পরিবর্তনের আশা করবে? জলবায়ু সংকট এখন আর কূটনৈতিক বক্তব্যের বিষয় নয়; এটি কোটি কোটি মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যতের প্রশ্ন।’

তবে সম্মেলনের সফলতা নির্ধারণ হবে আলোচনার টেবিলে কতটা কার্যকর সিদ্ধান্ত নেওয়া হলো এবং তা বাস্তবায়নে কতটা দায়বদ্ধতা দেখানো হলো, তার ওপর বলে মনে করেন এম. এ. হাসান। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ফিরিয়ে আনতে হলে উচ্চ-নির্গমনকারী দেশগুলোকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা দ্রুত কমাতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি)-এর ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে ১৮ শতাংশ এবং ২০৩৫ সালের মধ্যে ৪৫ শতাংশ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর প্রয়োজন।

এম. এ. হাসান বলেন, ‘আমাদের প্রত্যাশা, কপ-৩১-এ শুধু নতুন প্রতিশ্রুতি নয়, জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সংগত উত্তরণের সময়সীমা, নির্গমন হ্রাসের পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা এবং বাস্তবায়নের জবাবদিহি নিশ্চিত করা হবে। একই সঙ্গে উন্নত ও ঐতিহাসিকভাবে বেশি নির্গমনকারী দেশগুলোকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজলভ্য, পূর্বানুমানযোগ্য ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমার কাছে রাজনৈতিক সদিচ্ছার প্রকৃত পরীক্ষা হলো: যারা জলবায়ু সংকট সৃষ্টিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, তারা কি সেই সংকট মোকাবিলায় সবচেয়ে বেশি দায়িত্ব নিতে প্রস্তুত? কপ-৩১-কে প্রতিশ্রুতির সম্মেলন নয়, বরং বাস্তব পদক্ষেপ, ন্যায্যতা এবং জবাবদিহির সম্মেলনে পরিণত করতে হবে।’

পরিবেশবিদদের মতে, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু সম্মেলনে অংশগ্রহণ কিংবা প্রতিশ্রুতি ঘোষণা যথেষ্ট নয়; বরং অধিক কার্বন নিঃসরণকারী দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর সিদ্ধান্ত এবং সেগুলো বাস্তবায়নের দায়বদ্ধতাই কপ-৩১-এর সফলতা নির্ধারণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষিমন্ত্রী: চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৬ এম


কৃষিমন্ত্রী: চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি

চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রেখেছে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করার জন্য বিশেষ টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং দেশব্যাপী মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান এর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

রফিকুল ইসলাম খান প্রশ্নে জানতে চান, আন্তর্জাতিক বাজারে সারের দামের ওঠানামার প্রেক্ষিতে প্রান্তিক কৃষকদের জন্য ইউরিয়া, ডিএপি ও টিএসপি সারে চলতি অর্থবছরে সরকার মোট কত টাকা ভর্তুকি বরাদ্দ রেখেছে।

এছাড়া, পিক সিজনে মাঠপর্যায়ে ডিলার ও মজুদদারদের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি বন্ধে মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং ব্যবস্থা এবং বিএডিসির মাধ্যমে ডিজিটাল কৃষক কার্ডের ভিত্তিতে সরাসরি কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার ও প্রত্যয়িত বীজ বিতরণে জাতীয় সমন্বিত পরিকল্পনা রয়েছে কিনা, তা জানতে চান তিনি।

জবাবে কৃষিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে সার পাওয়া নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সার সরবরাহ, মজুদ, পরিবহন, বিতরণ ও খুচরা বিক্রয় কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে এবং মাঠপর্যায়ের সমস্যা দ্রুত সমাধানে কৃষি মন্ত্রণালয়ে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর মাধ্যমে মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্ত্রী আরো জানান, দেশের ৬৪ জেলায় সার মনিটরিং কার্যক্রম জোরদার করতে মন্ত্রণালয়ের ৬৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কৃষি মন্ত্রণালয়ের দুজন যুগ্মসচিব ও দুজন উপসচিবের সমন্বয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির মনিটরিং কার্যক্রমও অব্যাহত রয়েছে।

কৃষিমন্ত্রী জানান, সরকার কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করেছে। এ কর্মসূচির আওতায় কৃষকদের ডিজিটাল ডাটাবেজ তৈরি, ন্যায্যমূল্যে সার, মানসম্মত বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ এবং সরকারি ভর্তুকি ও প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%