প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ভয়াবহতা এবং জলবায়ু সংকটের প্রেক্ষাপটে তুরস্কে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-৩১ শুরু হয়েছে। তবে এবারের সম্মেলনে বিশ্বের প্রভাবশালী ও অধিক কার্বন নিঃসরণকারী কিছু দেশের শীর্ষ নেতাদের অনুপস্থিতি সম্মেলনের সফলতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, জার্মানি ও ইতালির মতো গুরুত্বপূর্ণ দেশের সরকারপ্রধানদের অংশগ্রহণ না করায় পরিবেশবাদী ও জলবায়ু আন্দোলনকর্মীরা হতাশা প্রকাশ করেছেন। তাঁদের আশঙ্কা, জলবায়ু সংকট মোকাবিলায় যেসব দেশের সবচেয়ে বেশি দায়িত্ব নেওয়ার কথা, সেসব দেশের শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগকে বাধাগ্রস্ত করতে পারে।
আয়োজক সূত্র জানিয়েছে, এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও সর্বশেষ প্রকাশিত অংশগ্রহণকারীদের তালিকায় নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের পরিবর্তে দেশটির প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।
তুরস্কের ভূমধ্যসাগরীয় পর্যটন শহর আন্তালিয়ায় চলতি সপ্তাহের শুরুতে দুই সপ্তাহব্যাপী সম্মেলন শুরু হয়েছে। ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, নেপালে প্রাণঘাতী বন্যা এবং ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলের মতো একের পর এক প্রাকৃতিক দুর্যোগের পর জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারগুলোর ওপর চাপ বাড়ছে। বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠেয় সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে কয়েক ডজন বিশ্বনেতার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তবে এবারের সম্মেলনে জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বক্তব্য দেওয়ার পরিকল্পনা করেছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লেয়েন আন্তালিয়ায় আসছেন। কিন্তু ইউরোপের গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশ ফ্রান্স, জার্মানি ও ইতালির সরকারপ্রধানদের অনুপস্থিতি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
জলবায়ু কূটনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান থিঙ্ক-ট্যাঙ্ক ই৩-জি-এর বিশেষজ্ঞ কসিমা ক্যাসেল আন্তর্জাতিক গণমাধ্যম এএফপিকে বলেন, ‘ইউরোপের কয়েকটি বড় দেশের নেতারা সম্মেলনে আসছেন না, এটি দুঃখজনক। এবারের কপ সম্মেলনে ইউরোপের আরও জোরালো উপস্থিতি প্রয়োজন।’
ফ্রান্স সরকার জানিয়েছে, ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতি দিবস হওয়ায় প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সম্মেলনে যোগ দিচ্ছেন না। ওই দিন দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পাশাপাশি বৃহস্পতিবার আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়নের একটি সম্মেলনেও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।
ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইউরোপের পরিচালক কিয়ারা মার্টিনেলি বলেন, ‘বিশ্বের জ্বালানি ব্যবস্থার রূপান্তর কোন দিকে এগোবে, সে বিষয়ে প্রভাব রাখতে চাইলে বিশ্বনেতাদের জন্য এ ধরনের সম্মেলনে উপস্থিত হওয়াই ভালো সূচনা। আমার আশঙ্কা, ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর নেতারা অনুপস্থিত থাকায় মঞ্চে উরসুলা ভন ডার লেয়েনকে অনেকটাই একা থাকতে হবে।’
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন না। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়া ট্রাম্প ২০২৪ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর থেকে জলবায়ুবিষয়ক আলোচনায় দেশটির কোনো সরকারি প্রতিনিধিও পাঠাননি।
অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট সি চিনপিংও সম্মেলনে সরাসরি অংশ নিচ্ছেন না। তার পরিবর্তে দেশটির প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। সি চিনপিং সাধারণত কপ সম্মেলনে সরাসরি অংশ নেন না।
বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন একই সঙ্গে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস নিঃসরণেরও সবচেয়ে বড় উৎস। ফলে জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক আলোচনায় দেশ দুটির শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পরিবেশবিদরা।
তবে কসিমা ক্যাসেল বলেন, ‘আমাদের তো লুলা আছেন।’ গত মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে লুলা দা সিলভার বিজয়ে জলবায়ু আন্দোলনকর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন। কারণ, লুলা দীর্ঘদিন ধরে বন উজাড়ের হার কমানোর পক্ষে কাজ করে আসছেন।
কার্বন নিঃসরণের জন্য দায়ী ধনী রাষ্ট্রগুলোর নেতাদের অনুপস্থিতিতে সম্মেলনের সফলতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবাদীরাও। ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ডের ওয়ানুন পার্মপিবুল গণমাধ্যমকে বলেন, ‘এমন একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে বিশ্বের প্রভাবশালী নেতাদের অনেকে অনুপস্থিত। যাদের বেশিরভাগ নেতাই এই ক্ষতির জন্য দায়ী। তাঁদের অনুপস্থিতি সম্মেলনের সফলতাকে ব্যাহত করবে।’
কোস্ট ফাউন্ডেশন, বাংলাদেশের এম. এ. হাসান আমার দেশকে বলেন, এবারের কপ-৩১-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মতো গুরুত্বপূর্ণ বিশ্বনেতাদের অনুপস্থিতি গভীরভাবে তাৎপর্যপূর্ণ। চীনের প্রেসিডেন্ট সরাসরি অংশ নিচ্ছেন না; দেশটির প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।
তিনি বলেন, ‘আমার কাছে প্রশ্ন হলো, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি ও কার্বন নিঃসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দেশগুলোর শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব যদি জলবায়ু সংকট মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার না দেয়, তাহলে বিশ্ব কতটা কার্যকর পরিবর্তনের আশা করবে? জলবায়ু সংকট এখন আর কূটনৈতিক বক্তব্যের বিষয় নয়; এটি কোটি কোটি মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যতের প্রশ্ন।’
তবে সম্মেলনের সফলতা নির্ধারণ হবে আলোচনার টেবিলে কতটা কার্যকর সিদ্ধান্ত নেওয়া হলো এবং তা বাস্তবায়নে কতটা দায়বদ্ধতা দেখানো হলো, তার ওপর বলে মনে করেন এম. এ. হাসান। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ফিরিয়ে আনতে হলে উচ্চ-নির্গমনকারী দেশগুলোকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা দ্রুত কমাতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি)-এর ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে ১৮ শতাংশ এবং ২০৩৫ সালের মধ্যে ৪৫ শতাংশ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর প্রয়োজন।
এম. এ. হাসান বলেন, ‘আমাদের প্রত্যাশা, কপ-৩১-এ শুধু নতুন প্রতিশ্রুতি নয়, জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সংগত উত্তরণের সময়সীমা, নির্গমন হ্রাসের পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা এবং বাস্তবায়নের জবাবদিহি নিশ্চিত করা হবে। একই সঙ্গে উন্নত ও ঐতিহাসিকভাবে বেশি নির্গমনকারী দেশগুলোকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজলভ্য, পূর্বানুমানযোগ্য ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমার কাছে রাজনৈতিক সদিচ্ছার প্রকৃত পরীক্ষা হলো: যারা জলবায়ু সংকট সৃষ্টিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, তারা কি সেই সংকট মোকাবিলায় সবচেয়ে বেশি দায়িত্ব নিতে প্রস্তুত? কপ-৩১-কে প্রতিশ্রুতির সম্মেলন নয়, বরং বাস্তব পদক্ষেপ, ন্যায্যতা এবং জবাবদিহির সম্মেলনে পরিণত করতে হবে।’
পরিবেশবিদদের মতে, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু সম্মেলনে অংশগ্রহণ কিংবা প্রতিশ্রুতি ঘোষণা যথেষ্ট নয়; বরং অধিক কার্বন নিঃসরণকারী দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর সিদ্ধান্ত এবং সেগুলো বাস্তবায়নের দায়বদ্ধতাই কপ-৩১-এর সফলতা নির্ধারণ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন