প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন সময় টিভির নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগম, যিনি ডুবে মৃত্যু প্রতিরোধবিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদান রেখেছেন। গ্লোবাল ড্রাউনিং প্রিভেনশন রিপোর্টিং চ্যালেঞ্জে মাল্টিমিডিয়া স্টোরিটেলিং ক্যাটাগরিতে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) আয়োজিত এ প্রতিযোগিতায়, যা ব্লুমবার্গ ফিলান্থ্রপিসের সহায়তায় অনুষ্ঠিত হয়েছে, বিশ্বের সাতটি দেশের ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। তাদের মধ্যে তিনটি বিভাগে মোট ছয়জনকে স্বীকৃতি প্রদান করা হয়েছে।
মাল্টিমিডিয়া স্টোরিটেলিং বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন ভিয়েতনামের ভিয়েতনাম নিউজের সাংবাদিক নগুয়েন থি লে হুং। বাংলাদেশের আলপনা বেগম দ্বিতীয় স্থান লাভ করেছেন।
বুধবার (১১ নভেম্বর) রাজধানী ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সেমিনারের পর আলপনা বেগমের হাতে স্বীকৃতিপত্র তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জিএইচএআইয়ের নন-কমিউনিকেবল ডিজিজেস বিভাগের সহযোগী পরিচালক এজিনে এজেকোয়েম এবং বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস।
পানিতে ডুবে মৃত্যুর বাস্তবতা, এ মৃত্যু প্রতিরোধের প্রতিবন্ধকতা এবং জীবন বাঁচাতে কার্যকর সমাধানগুলো তুলে ধরার লক্ষ্যে বিশ্বের সাতটি দেশের সাংবাদিকদের নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
গত বছরের নভেম্বরে মিসরের শার্ম এল শেখ শহরের রিজেন্সি হোটেলে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরে ওই প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকদের নিয়ে চলতি বছরের সেপ্টেম্বরে তিনটি বিভাগে রিপোর্টিং প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলো হলো ঘানা, উগান্ডা, তানজানিয়া, ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম ও ফিলিপাইন। সেখান থেকে ফিচার স্টোরি, সংবাদ প্রতিবেদন ও মাল্টিমিডিয়া স্টোরিটেলিং—এই তিন বিভাগে ছয়জন সাংবাদিককে তাঁদের কাজের স্বীকৃতি দেওয়া হয়েছে।
গত ২১ অক্টোবর জিএইচএআইয়ের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজিক বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা লোপা ঘোষ বিজয়ীদের ছবি ও তথ্য প্রকাশ করেন। তিনি এ ছয় সাংবাদিককে নিয়ে গর্ব প্রকাশ করে বলেন, তাদের প্রতিবেদনগুলো আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে এবং পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে জোরালো অবস্থান তৈরিতে সহায়তা করতে পেরে তারা আনন্দিত।
আন্তর্জাতিক এ স্বীকৃতি অর্জনে আয়োজক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আলপনা বেগম। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক প্রশিক্ষণ সংস্থা সমষ্টির পরিচালক মীর মাশরুর জামানের প্রতি। তিনি জানান, সমষ্টির মাধ্যমে প্রায় চার বছর ধরে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ নিয়ে সাংবাদিকতায় নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পেয়েছেন। এসব প্রশিক্ষণ তাকে এ বিষয়ে জনসচেতনতা তৈরি, সমস্যার প্রতিবন্ধকতা তুলে ধরা এবং প্রতিকারের উপায় নিয়ে কাজ করতে সহায়তা করেছে।
আলপনা বেগমের মতে, একজন সাংবাদিকের দায়িত্ব শুধুমাত্র সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়; বরং সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখা গুরুত্বপূর্ণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন