প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণবিহীন… সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আজকের সন্ধ্যাটাকে এর চেয়ে ভালোভাবে প্রকাশ করা সম্ভব নয়। যে বাংলাদেশ বহু ম্যাচে একটি গোলের জন্য হাপিত্যেশ করেছে, সেই বাংলাদেশ আজ শ্রীলঙ্কার জালে একটিই নয়, বরং চারটি গোল জড়িয়েছে।
ম্যাচের আগে পরিস্থিতি কেমন ছিল, তা নিশ্চয়ই বুঝতে পারছেন। বাংলাদেশ শেষ ম্যাচটি জিতেছিল। তবে ভুটানের বিপক্ষে সেই জয়টি রেফারির শেষ বাঁশি পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল।
যে গোলটি হয়েছিল, তার বিল্ড আপও ছিল বেশ গোলমেলে। সে গোলের আগের গল্পটাই শোনেন, গোল কে করবেন, সে প্রশ্নের জবাব খুঁজতে কোছ থমাস ডুলিকে শেষ পর্যন্ত ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের কাছে যেতে হয়েছিল। তিনি সেদিন তার ভূমিকায় ভালো খেলেছিলেন, কিন্তু গোল করা হয়নি। সেই গোলটি করেছিলেন মোহাম্মদ ইব্রাহিম, যিনি বিশ্বনাথের বদলি হয়ে মাঠে নেমেছিলেন।
এতসব কিছু ঘটেছিল যে দলের বিপক্ষে, সেই দল ভুটানের ফিফা র্যাঙ্কিং জানেন? ১৯২। মানে বাংলাদেশের অবস্থান তাদেরও ৯ ধাপ উপরে। তাদের বিপক্ষে এমন ঘাম ঝরানো জয়!
ঠিক সেই সময়ে দলে হামজা চৌধুরীর আবির্ভাব ঘটে। প্রথম ম্যাচটি ফিফার উইন্ডোর বাইরে ছিল, তাই তাকে বাংলাদেশ পায়নি, তার ক্লাব শেফিল্ড ইউনাইটেড তখন তাকে ছাড়তে বাধ্যও ছিল না। হামজার নিশ্চয়ই মনটা গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে ছিল, নাহলে উইন্ডো শুরুর দিনেই তিনি এসে হাজির হতেন, বিকেল না হতেই অনুশীলনে নেমে পড়তেন?
হামজা এলে একটি বিষয় প্রায় নিশ্চিত হয়ে যায়, মাঝমাঠের লড়াইটা অন্তত বাংলাদেশ জিততে চলেছে। কিন্তু মূল প্রশ্ন হলো, গোলটি কে করবেন? হামজা হতে পারতেন তার একটি আপাত সমাধান, কিন্তু এই হামজারও যে এক বছরের কাছাকাছি সময় বাংলাদেশের জার্সিতে গোল হয়নি!
এই পরিস্থিতি নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যারা আবার সবশেষ তিনটি জয় তুলে নিয়েছে চীনা তাইপে, মরিশাস এবং সিশেলসের মতো দলের বিপক্ষে। একগাদা প্রবাসী ফুটবলার নিয়ে দলটি খেলছিল বেশ দারুণ ফুটবল।
বাংলাদেশ এরপরও এই ম্যাচের ফেভারিট ছিল। তবে পরিস্থিতি কিছুটা বিরুদ্ধ ছিল দলের। সেখান থেকে হামজা চৌধুরীর দল খেলল ফেভারিটের মতোই। শুধু ৪ গোল করেছে বলেই নয়, গোলের ধরনও বলছে দলটি কেমন খেলেছে।
প্রথম গোলটিকে আপনি ‘স্ক্র্যাপি’ বলতে পারেন। সে গোলের উৎসও হামজাই। অপ্টার পরিসংখ্যানে অবশ্য এই অ্যাসিস্ট যোগ হবে না, মাঝে বলে হাত ছুঁইয়েছিলেন লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা, এরপর আরও এক ডিফেন্ডারের শরীর ছুঁয়ে বলটি যায় শমিত সোমের হাতে, সেখান থেকে তার নেওয়া শট প্রথমে বাঁধা পায়, পরে ফিরতি শটে আসে গোল।
‘স্ক্র্যাপি’ হলেও গোল তো গোলই! সে গোলই তো লঙ্কানদের নাড়িয়ে দেয়, বাংলাদেশকে আরও জাঁকিয়ে বসার সুযোগ দেয় ম্যাচে।
এক গোলের লিড যথেষ্ট নয়, ম্যাচের চালকের আসনে বসতে ব্যবধান দ্বিগুণ করা চাই। সেটি করে দিলেন হামজা। যেভাবে করলেন, তাও ঢঙই বটে। ইব্রাহিমের কাছ থেকে বক্সের বাইরে বল পেয়ে এগোলেন, এক ডিফেন্ডারকে দৌড়ে হারিয়ে সুজনকে ফাঁকি দিয়ে জড়ালেন জালে।
হামজার সবশেষ জাতীয় দলে গোল ছিল গেল বছর, এই নভেম্বর উইন্ডোতেই। এরপর চলতি বছর ৭ ম্যাচ খেললেও গোল পাননি। সে গোলখরা অবশেষে কাটালেন, তাও আবার নিজের সাফ অভিষেকে।
পরের দুই গোলে যেন খোদ দিয়েগো ম্যারাডোনা আর লিওনেল মেসি নেমে এলেন জাতীয় স্টেডিয়ামে। ফারহান আলী ওয়াহিদ ইন্দোনেশিয়া ম্যাচেই গোলের অভিষেকটি করে ফেলেছিলেন, তিন ডিফেন্ডারকে কাটিয়ে আজ যা করলেন, তা দেখলে বোধ করি স্বর্গীয় ম্যারাডোনাও তারিফই করতেন। সে এক গোলে ফারহান জানান দিলেন, গোল নিয়ে আপাতত চিন্তা বাদ দিলেও পারেন কোচ ডুলি।
এরপর মেসিকে মনে করিয়ে দেওয়ার দায়িত্বটি নিলেন রাকিব হোসেন। প্রতি আক্রমণে বাংলাদেশ উঠে আসছিল, অনেকটা ৩ বনাম ২ পরিস্থিতি ছিল, রাকিবের সামনে ছিলেন স্রেফ লঙ্কান গোলরক্ষক, তাকে ফাঁকি দিয়ে সোনালি সময়ের মেসির মতোই চিপ করে রাকিব বলটি জড়ান জালে। কাটান ১৩ মাসের গোলখরা।
রাকিবের সেই গোলের পর স্কোরলাইনটি বলছিল বাংলাদেশ ৪-০ শ্রীলঙ্কা। প্রতিপক্ষের জালে বাংলাদেশ সবশেষ কবে চার গোল জড়িয়েছে, আবার ক্লিনশিটও রেখেছে, মনে করতে পারছেন? না বোধ করি।
পারবেনই বা কেন? পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ইলাভেন ভার্সেস ইলাভেন জানাচ্ছে, হামজা-শমিতদের এই ৪ গোলের জয়ের চেয়ে ভালো জয় বাংলাদেশ তার ইতিহাসেই দেখেছে আর মোটে ৬ বার, ১৯৯৯ সালের পর আর একবারও নয়। শেষ ২৭ বছরে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়!
সব মিলিয়ে বাংলাদেশের কাছে, আর টুর্নামেন্টে টিকে থাকা বাকি ৩ দলের কাছে বার্তাটি সহজ, বাংলাদেশের গোলের বাঁধ খুলেছে, বাংলাদেশের খেলোয়াড়দেরও গেরো খুলে গেছে।
মুদ্রার উল্টো পিঠে আরও একটি তথ্য আছে। ‘গোল আপনাকে ম্যাচ জেতায়, রক্ষণ আপনাকে জেতায় শিরোপা’ — কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসনের এই বেদবাক্য বেশিরভাগ সময়ই অনেকে ভুলে যান, বাংলাদেশ কিন্তু তা ভোলেনি। এই দুই ম্যাচে বাংলাদেশের রক্ষণ ভুল করেছে সামান্যই, যার ফল হিসেবে ক্লিনশিট এসেছে দুই ম্যাচে।
গোল আসতে শুরু করেছে, প্রতিপক্ষের গোলের দরজাটাও বন্ধ রাখতে শিখে গেছে বাংলাদেশ। ‘একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণবিহীন’ — এমন একটি দিন তো এলো এই দুয়ের যুগলবন্দিতেই! এ জীবনে তো বটেই, অন্তত সাফে যেন আরও ২ বার আসে ‘এমনই স্বপ্নের দিন’। ২৩ বছরের অপূর্ণ সাধ মেটাতে যে এমন দুটো দিনের খুব দরকার!
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন