প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলে প্রশাসনের সুপারিশের মাধ্যমে বিশেষ বিবেচনায় ছাত্রদলের কর্মীদের সিট বরাদ্দের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে, যাতে নিরপেক্ষ তদন্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সিট বণ্টনের দাবি জানানো হয়েছে।
বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চার দফা দাবির ভিত্তিতে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
এ সময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাবিব উল্লাহ খালেদসহ শাখা, হল ও অনুষদ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত ১০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে প্রতীয়মান হয়েছে যে, শাহজালাল হলে ঊর্ধ্বতন প্রশাসনের সুপারিশে বিশেষ বিবেচনায় ছাত্রদলের কর্মীদের সিট বরাদ্দ করা হচ্ছে। এ ঘটনায় সংগঠনটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
ছাত্রশিবিরের চার দফা দাবির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে—শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের পুরো ঘটনাটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আওতায় এনে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা; প্রচলিত নীতিমালা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বিশেষ বিবেচনায় বরাদ্দ দেওয়া সব সিট বাতিল করা; হলের সিট খালি হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট হলের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হালনাগাদ তালিকা প্রকাশ করা এবং মেধা ও স্বচ্ছ নীতিমালার ভিত্তিতে সিট বরাদ্দ নিশ্চিত করা।
সিট বরাদ্দের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়, প্রশাসনিক সুপারিশ কিংবা ব্যক্তিগত প্রভাব যেন বিবেচনায় না আসে, তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
স্মারকলিপিতে শাহজালাল হলের ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন