১০:২৩ এম
আফ্রিকার সাহেল অঞ্চলে যুক্তরাষ্ট্র আবারও প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ওয়াশিংটন সামরিক শাসনের অধীনে থাকা তিনটি দেশ, মালি, বুরকিনা ফাসো এবং নাইজারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। তবে, রাশিয়া ইতোমধ্যে এ অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করেছে। অন্যদিকে, চীন অবকাঠামো, খনিজ সম্পদ ও অর্থনৈতিক খাতে শক্ত অবস্থান তৈরি করেছে। ফলে, যুক্তরাষ্ট্রকে সাহেল অঞ্চলে প্রভাব পুনরুদ্ধারের জন্য এখন ভিন্ন ভূরাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে।
চলতি বছরের শুরুতে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা নিক চেকার মালি, বুরকিনা ফাসো ও নাইজার সফর করেন। তার সফর পশ্চিম আফ্রিকার এই তিন দেশের সঙ্গে নতুন কূটনৈতিক যোগাযোগ শুরুর ইঙ্গিত দেয়। সামরিক অভ্যুত্থানের পর, দেশগুলোর সঙ্গে পশ্চিমা শক্তিগুলোর সম্পর্কের অবনতি ঘটেছিল।
এটি যুক্তরাষ্ট্রের আগের অবস্থান থেকে সরে আসারও ইঙ্গিত দেয়। ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে নাইজার থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করে ওয়াশিংটন। এর ফলে, দেশটিতে যুক্তরাষ্ট্রের প্রায় এক দশকের সামরিক উপস্থিতির অবসান ঘটে। মার্কিন বাহিনী নাইজারকে কেন্দ্র করে আফ্রিকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করত। প্রত্যাহারের সময়, তারা আগাদেজ শহরের কাছে অবস্থিত ড্রোন ঘাঁটি এয়ার বেস ২০১-ও ছেড়ে যায়।
আরও পড়ুন: আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ১০ জন নিহত
সাহেল হলো সাহারা মরুভূমির দক্ষিণে আফ্রিকাজুড়ে বিস্তৃত আধা শুষ্ক অঞ্চল। দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা, রাজনৈতিক অস্থিরতা এবং পশ্চিমা প্রভাবের অবক্ষয়ের কারণে, অঞ্চলটি এখন আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে।
সাহেলে কীভাবে প্রভাব বাড়াল রাশিয়া
সাহেল অঞ্চলে রাশিয়ার প্রভাব বৃদ্ধির পেছনে একাধিক সামরিক অভ্যুত্থান এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি রয়েছে। ২০২০ ও ২০২১ সালে মালিতে দুটি অভ্যুত্থান ঘটে। ২০২২ সালে বুরকিনা ফাসো এবং ২০২৩ সালে নাইজারেও সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং পশ্চিমা সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে অসন্তোষের মধ্যে এসব অভ্যুত্থান ঘটে। বিশেষ করে, তিন দেশের সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সামরিক ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছিল।
বছরের পর বছর আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী অভিযান চললেও, সাহেলের বিভিন্ন এলাকায় আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে। ২০২৩ সালের জুলাইয়ে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে নাইজারের সামরিক সরকার। এরপর, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি বাতিল করে দেশটির নতুন সরকার। এর আগে, অভ্যুত্থানের পরই নিরাপত্তা সহযোগিতা স্থগিত করেছিল ওয়াশিংটন। চুক্তি বাতিলের পর, নাইজার থেকে প্রায় এক হাজার মার্কিন সেনা প্রত্যাহার করা হয়।
আরও পড়ুন: মার্কিন বাহিনীতে ইরানের হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইলন মাস্ক
পশ্চিমা দেশগুলোর সঙ্গে সাহেল অঞ্চলের সরকারগুলোর সম্পর্কের অবনতিকে কাজে লাগায় রাশিয়া। দেশগুলোকে সামরিক সহায়তা ও রাজনৈতিক সমর্থন দিতে এগিয়ে আসে মস্কো। প্রথমে রাশিয়ার বেসরকারি সামরিক সংস্থা ওয়াগনার গ্রুপের মাধ্যমে এ সহযোগিতা দেওয়া হয়। পরে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন আফ্রিকা কর্পস এ ভূমিকা নেয়।
আরব সেন্টার ফর রিসার্চের রাজনৈতিক গবেষক মোহাম্মদ মুত্তি আল-জাজিরাকে বলেন, "সাহেলে রাশিয়ার প্রভাব বৃদ্ধিকে শুধু সামরিক সম্প্রসারণ হিসেবে দেখলে হবে না। বরং পশ্চিমা ঐতিহ্যগত মিত্রদের সঙ্গে সাহেল অঞ্চলের সরকারগুলোর সম্পর্কের অবনতির ফলে যে রাজনৈতিক সুযোগ তৈরি হয়েছে, তারই প্রতিফলন এটি।"
মস্কো নিজেকে পশ্চিমা শক্তিগুলোর চেয়ে আলাদা হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। দেশটি জাতীয় সার্বভৌমত্বের ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি গণতান্ত্রিক সংস্কারের বিষয়ে পশ্চিমাদের মতো শর্ত না দিয়েই নিরাপত্তা সহায়তার প্রস্তাব দিয়েছে।
তবে, রাশিয়ার সঙ্গে নতুন নিরাপত্তা সহযোগিতা সত্ত্বেও সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতা অব্যাহত রয়েছে। এতে এসব অংশীদারত্ব কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে, মালি, বুরকিনা ফাসো ও নাইজার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির ভিত্তিতে ‘অ্যালায়েন্স অব সাহেল স্টেটস’ (এইএস) গঠন করে। ২০২৪ সালের জুলাইয়ে এটি কনফেডারেশনে রূপ নেয়। পরে, তিন দেশ পশ্চিম আফ্রিকার প্রধান রাজনৈতিক ও অর্থনৈতিক জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস) থেকেও বেরিয়ে যায়।
আরও পড়ুন: ভারতে পাকিস্তানের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স মোয়াজ্জেম আলী
এই ভূরাজনৈতিক প্রতিযোগিতা উত্তর আফ্রিকার প্রতিবেশী দেশগুলোতেও বিস্তৃত হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রকে ভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। মরক্কো দীর্ঘদিনের মার্কিন নিরাপত্তা অংশীদার। অন্যদিকে, আলজেরিয়ার সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে। তবে, ওয়াশিংটনের সঙ্গেও দেশটির কূটনৈতিক যোগাযোগ আছে। এ ছাড়া, লিবিয়ার পূর্বাঞ্চলে রাশিয়ার সামরিক উপস্থিতি সাহেল ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে।
খনিজ সম্পদ নিয়ে প্রতিযোগিতায় কী ঝুঁকিতে
নিরাপত্তার পাশাপাশি সাহেল অঞ্চলের বিপুল খনিজ সম্পদও আন্তর্জাতিক শক্তিগুলোর আগ্রহের অন্যতম কারণ। নাইজারে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ ইউরেনিয়াম। মালি ও বুরকিনা ফাসোর অর্থনীতিতে স্বর্ণ খনির বড় ভূমিকা রয়েছে। এ ছাড়া, দেশগুলোতে লিথিয়ামের মজুতও রয়েছে। ব্যাটারি ও উন্নত প্রযুক্তি তৈরিতে ব্যবহৃত এসব খনিজের আন্তর্জাতিক চাহিদা বাড়ছে।
এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের বড় প্রতিদ্বন্দ্বী চীন। গত দুই দশকে আফ্রিকাজুড়ে অবকাঠামো, টেলিযোগাযোগ, খনি ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়িয়েছে বেইজিং। খনিজ প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনের বৈশ্বিক সরবরাহব্যবস্থায় চীনের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। ফলে, শুধু খনিজ উত্তোলন নয়, পরবর্তী প্রক্রিয়াজাতকরণ ও পণ্য উৎপাদনেও দেশটির প্রভাব রয়েছে।
আরও পড়ুন: যাত্রীর হামলায় আহত উবার চালক মোহাম্মদ ইউসুফ হাসপাতালে দুই সপ্তাহ পর মারা গেছেন
তবে, আফ্রিকার দেশগুলোর জন্য মূল প্রশ্ন হলো, এসব সম্পদ উত্তোলন থেকে প্রকৃতপক্ষে কারা লাভবান হচ্ছে। মরক্কোর কেনিত্রা শহরের অর্থনীতির অধ্যাপক আহলাম কাফাস আলজাজিরাকে বলেন, "আন্তর্জাতিক অংশীদারত্বের মূল্যায়ন করতে হবে স্থানীয় শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতির বহুমুখীকরণে তার অবদান দিয়ে।"
তার মতে, খনিজ সম্পদ উত্তোলনের ফলে স্থানীয় উৎপাদন সক্ষমতা তৈরি না হলে কিংবা অর্থনৈতিক লাভের ন্যায্য অংশ আফ্রিকার দেশগুলোর হাতে না এলে উন্নয়নের সুফল সীমিত থাকবে।
তাই, চীনের সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের লক্ষ্য শুধু প্রাকৃতিক সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করা নয়। এ ক্ষেত্রে মার্কিন বিনিয়োগের পরিমাণ এবং তা স্থানীয় অর্থনীতিতে কতটা অবদান রাখবে, সেটিও গুরুত্বপূর্ণ।
গণতন্ত্রের প্রশ্নে কী অবস্থান নেবে ওয়াশিংটন
আরও পড়ুন: মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জনের বেশি নিহত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সাহেলের সামরিক সরকারগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর আগ্রহ দেখিয়েছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও সাংবিধানিক ধারাবাহিকতা নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের উদ্বেগ থাকলেও, এখন সামরিক কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী ওয়াশিংটন।
ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের প্রশাসন ২০২৩ সালের অভ্যুত্থানের পর নাইজারকে দেওয়া সহায়তা সীমিত করেছিল। একই সঙ্গে, দেশটিতে সাংবিধানিক শাসন ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছিল।
এখন নতুন করে কূটনৈতিক যোগাযোগ শুরুর ফলে প্রশ্ন উঠেছে, নিরাপত্তা ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র সামরিক সরকারগুলোকে গণতান্ত্রিক সংস্কারের জন্য চাপ দেবে কি না। এ ছাড়া, ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সহায়তা পুনর্গঠন এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ভেঙে দেওয়ার সিদ্ধান্তও ওয়াশিংটনের প্রভাব পুনরুদ্ধারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘদিন ধরে আফ্রিকায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও সামরিক তৎপরতার পাশাপাশি উন্নয়ন কর্মসূচি, শিক্ষাবিনিময় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব দেশটির প্রভাব বিস্তারে ভূমিকা রেখেছে।
আরও পড়ুন: হন্ডুরাসে পিকআপের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৯
উন্নয়ন সহায়তা কমে যাওয়ায় এখন প্রশ্ন উঠেছে, দারিদ্র্য, বেকারত্ব ও নিরাপত্তাহীনতায় জর্জরিত সাহেল অঞ্চলে সন্ত্রাসবিরোধী সহযোগিতা ও বাণিজ্যিক চুক্তির বাইরে যুক্তরাষ্ট্র আর কী দিতে পারবে।
সাহেলকে কী দিতে পারে যুক্তরাষ্ট্র
সাহেলে রাশিয়ার উপস্থিতি সবচেয়ে বেশি দৃশ্যমান হয়েছে সামরিক সহযোগিতা ও অস্ত্র সরবরাহের মাধ্যমে। অন্যদিকে, বাণিজ্য, অবকাঠামো ও বিনিয়োগে চীনের প্রভাব বেশি।
ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্র নিরাপত্তা সহযোগিতা, উন্নয়ন সহায়তা, কূটনীতি, প্রযুক্তি এবং বেসরকারি বিনিয়োগের সমন্বয়ে আফ্রিকায় সম্পর্ক গড়ে তুলেছে।
তবে, মালি, বুরকিনা ফাসো ও নাইজারের সরকারগুলোর কাছে রাশিয়ার সঙ্গে নিরাপত্তা সম্পর্ক বাড়ানোর অর্থ এই নয় যে তারা চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বন্ধ করে দেবে।
বরং একটি আন্তর্জাতিক অংশীদারের পরিবর্তে অন্য অংশীদারকে বেছে নেওয়ার চেয়ে দেশগুলো নিজেদের সম্পর্কের পরিধি বাড়াতে চাইছে। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীদারত্বের শর্ত নির্ধারণে নিজেদের নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে।
মালকিয়া আফ্রিকা নেটওয়ার্কের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মেরি জয়েস তাকালি বলেন, "আফ্রিকার প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বৃহত্তর পরিবর্তনের প্রেক্ষাপটে ওয়াশিংটনের নতুন কূটনৈতিক তৎপরতাকে দেখতে হবে।"
তিনি বলেন, "আফ্রিকার সরকারগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ধারাবাহিক অংশীদারত্বের প্রস্তাব দিতে পারবে কি না, তার ওপরই সাহেলে যুক্তরাষ্ট্রের নতুন করে প্রভাব বিস্তারের সম্ভাবনা নির্ভর করবে।" শুধু বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার দৃষ্টিকোণ থেকে আফ্রিকাকে বিবেচনা করলে ওয়াশিংটনের পক্ষে এ অঞ্চলে সম্পর্ক পুনর্গঠন কঠিন হবে।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন