১০:২৭ এম
গণহত্যার মতো ভয়াবহ নৃশংসতার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার উদ্দেশ্যে গৃহীত ফরাসি-মেক্সিকান উদ্যোগে বাংলাদেশ যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্যারিসে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোটের সাথে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান এই অঙ্গীকার করেন।
বৈঠককালে উভয় মন্ত্রী কার্যকর বহুপাক্ষিকতাবাদকে শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক সংকট ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধান ত্বরান্বিত করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদে চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল অস্তিত্বের সংকটে
খলিলুর রহমান বৈঠকে প্রতিশ্রুতি দেন যে, গণনৃশংসতার সঙ্গে সম্পর্কিত পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা প্রয়োগ নিয়ন্ত্রণের লক্ষ্যে ফরাসি-মেক্সিকান উদ্যোগে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যোগ দেবে।
এই উদ্যোগের উদ্দেশ্য হলো জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজনীয়তার মুহূর্তে নিরাপত্তা পরিষদ যাতে অচল বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে না পড়ে, সেই লক্ষ্যে বড় ধরনের নৃশংসতার ঘটনার সময়ে স্বেচ্ছায় ভেটো ব্যবহারে সংযম বজায় রাখা।
মন্ত্রীদ্বয় উদ্যোগটিকে এগিয়ে নিতে এবং ব্যাপক আন্তর্জাতিক সমর্থন তৈরি করতে জাতিসংঘ সাধারণ পরিষদের মধ্যে নিজেদের প্রচেষ্টাকে কীভাবে সমন্বিত করা যায়, সে বিষয়েও আলোচনা করেন।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, রোহিঙ্গা পরিস্থিতি সংক্রান্ত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের পর অপরাধ করে পার পেয়ে যাওয়ার প্রবণতা (ইম্পিউনিটি) রোধে উভয় পক্ষ তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় জজের বাসায় ককটেল নিক্ষেপ, গ্রামীণ ব্যাংক কার্যালয়ে হামলা
আলোচনাগুলোতে আন্তর্জাতিক আইনের অধীনে জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বহুপক্ষীয় পদক্ষেপ জোরদার করার বিষয়ে উভয় দেশের অভিন্ন আগ্রহ প্রতিফলিত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ও ফ্রান্স অর্থনৈতিক বিষয়, সংস্কৃতি, একাডেমিক বিনিময় এবং টেকসই উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার আগ্রহও প্রকাশ করেছে। সূত্র বাসস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন