১০:৩৪ এম
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবনের দিকে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) রাত দেড়টার দিকে শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে এই হামলার ঘটনা ঘটে। একই রাতে জেলার মিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের দিকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
জেলা জজের নাজির মিজানুর রহমান জানিয়েছেন, রাত দেড়টার সময় কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে প্রধান সড়ক থেকে জেলা জজের সরকারি বাসভবনে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি জেলা জজের নিজ কক্ষে সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনার সময় চারজন পুলিশ সদস্য বাসভবন প্রহরার দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন: রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ, ১৮টি দল আমন্ত্রণে
পুলিশ সদস্যরা ঘটনাস্থলে বেরিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। আকস্মিক বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের এই ককটেল নিক্ষেপের ঘটনায় পুলিশ টহল জোরদার করেছে। নাশকতাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, একই রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার টিএনটি অফিসের সামনে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। তবে ওই ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এর আগে কুষ্টিয়া জেলা কারাগারসহ জেলার একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল অস্তিত্বের সংকটে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন