ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল


ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল

একজন ছিলেন পাকিস্তান প্রতিষ্ঠার অন্যতম নেতা, অন্যজন উপমহাদেশের প্রভাবশালী কবি ও দার্শনিক। দুজনের রাজনৈতিক দর্শনে ভিন্নতা ছিল। তবুও ব্রিটিশবিরোধী বিপ্লবী ভগত সিংয়ের অধিকার রক্ষায় একই অবস্থানে দাঁড়িয়েছিলেন মুহাম্মদ আলী জিন্নাহ ও আল্লামা ইকবাল। ভগত সিং মুসলিম ছিলেন না এবং মুসলিম লীগের সদস্যও ছিলেন না। কিন্তু তার অনশন, বিচারপ্রক্রিয়া ও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তারা। ধর্ম কিংবা রাজনৈতিক পরিচয় নয়, তাদের কাছে বড় হয়ে উঠেছিল ন্যায়বিচার ও একজন রাজনৈতিক বন্দির অধিকার।

ইতিহাসে কিছু ঘটনা থাকে, যা কেবল অতীতের গল্প নয়; বরং বর্তমানের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে নতুনভাবে ভাবতে শেখায়। ভগত সিংয়ের পক্ষে মুহাম্মদ আলী জিন্নাহ ও আল্লামা ইকবালের অবস্থান তেমনই একটি ঘটনা। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যখন ভগত সিং রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের অভিযোগে বিচারের মুখোমুখি হন, তখন তার পাশে দাঁড়িয়েছিলেন উপমহাদেশের দুই প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব।

পাকিস্তানের সাংবাদিক হামিদ মীরের লেখা একটি নিবন্ধে উঠে এসেছে এই ইতিহাস। ২০২৬ সালের ২৬ নভেম্বর পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এ প্রকাশিত নিবন্ধে তিনি দেখিয়েছেন, ভগত সিংয়ের প্রতি জিন্নাহ ও ইকবালের সমর্থন কেবল ব্যক্তিগত সহানুভূতি ছিল না; বরং তা ছিল অন্যায় বিচার ও ঔপনিবেশিক দমননীতির বিরুদ্ধে একটি নীতিগত অবস্থান।

আরও পড়ুন: মার্কিন ঘাঁটিতে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান

জিন্নাহর আইনসভায় ভগত সিংয়ের অধিকার নিয়ে প্রশ্ন

১৯২৯ সাল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবী কর্মকাণ্ডের অভিযোগে কারাবন্দি ভগত সিং তখন মিয়ানওয়ালি কারাগারে। কারাগারে রাজনৈতিক বন্দিদের সঙ্গে সাধারণ অপরাধীদের মতো আচরণ করা হচ্ছিল। এর প্রতিবাদে তিনি দাবি জানান, রাজনৈতিক বন্দিদের জন্য আলাদা মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

কিন্তু ব্রিটিশ কারা কর্তৃপক্ষ তার দাবি মানতে অস্বীকৃতি জানায়। প্রতিবাদে দীর্ঘ অনশন শুরু করেন ভগত সিং। তার এই আন্দোলন দ্রুত উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে ওঠে।

ওই বছরের সেপ্টেম্বরে ব্রিটিশ ভারতের কেন্দ্রীয় আইনসভায় বিষয়টি নিয়ে সরব হন মুহাম্মদ আলী জিন্নাহ। ভগত সিংয়ের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি রাজনৈতিক বন্দিদের অধিকার ও তাঁদের সঙ্গে আচরণের বিষয়টি তুলে ধরেন।

আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহারের অভিযোগ

জিন্নাহর এই অবস্থানের তাৎপর্য ছিল বিশেষ। কারণ, ভগত সিংয়ের রাজনৈতিক আদর্শ ও কর্মকাণ্ডের সঙ্গে জিন্নাহর রাজনৈতিক অবস্থানের মিল ছিল না। ভগত সিং ছিলেন ব্রিটিশবিরোধী বিপ্লবী আন্দোলনের অন্যতম পরিচিত মুখ। অন্যদিকে জিন্নাহ তখন সাংবিধানিক ও রাজনৈতিক পরিসরে ব্রিটিশ শাসনের বিরোধিতা করছিলেন। তবে রাজনৈতিক মতপার্থক্য তাঁদের একজন বন্দির ন্যায্য অধিকার নিয়ে কথা বলা থেকে বিরত রাখতে পারেনি।

বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইকবাল

ভগত সিংয়ের বিরুদ্ধে লাহোর ষড়যন্ত্র মামলা চলছিল। সাধারণ আদালতের পরিবর্তে বিশেষ আদালতে তাঁর বিচার করার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ সরকার। এই সিদ্ধান্তের বিরোধিতা করে লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন।

বিশেষ আদালত গঠনের সাংবিধানিক বৈধতা যাচাই করতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে ছিলেন তৎকালীন বার সভাপতি স্যার ড. গোকুল চাঁদ নারাং, মালিক বরকত আলী, পণ্ডিত নানক চাঁদ, আল্লামা ড. মুহাম্মদ ইকবাল, স্যার মোতি সাগর ও জগন নাথ।

আরও পড়ুন: ইরানে রেকর্ড দরপতন, ১ ডলারে ৩০ লাখ রিয়াল

কমিটির ছয় সদস্যের মধ্যে স্যার মোতি সাগর ও জগন নাথ কোনো বৈঠকে অংশ নেননি। ফলে তারা প্রতিবেদনে স্বাক্ষরও করেননি। অন্য চার সদস্য কয়েক দফা বৈঠকে বসে ব্রিটিশ ভারতের শাসন আইনের আলোকে বিশেষ আদালত গঠনের বিষয়টি পর্যালোচনা করেন।

তাদের সিদ্ধান্ত ছিল, জরুরি পরিস্থিতি ছাড়া এ ধরনের বিশেষ আদালত গঠনের সুযোগ নেই। অথচ ব্রিটিশ সরকার তখন কোনো জরুরি অবস্থা ঘোষণা করেনি। ফলে ভগত সিং ও তার সহযোগীদের বিচারের জন্য গঠিত বিশেষ আদালতকে অসাংবিধানিক বলে মত দেন তাঁরা।

এই প্রতিবেদনে স্বাক্ষর করেছিলেন আল্লামা ইকবাল, গোকুল চাঁদ নারাং, মালিক বরকত আলী ও পণ্ডিত নানক চাঁদ।

এখানে ইকবালের ভূমিকা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। যাকে পরবর্তী সময়ে পাকিস্তানের জাতীয় কবি ও দেশটির আদর্শিক চিন্তার অন্যতম প্রবক্তা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে, তিনিই ধর্মীয় পরিচয়ের ভিন্নতা উপেক্ষা করে একজন হিন্দু বিপ্লবীর ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়েছিলেন।

আরও পড়ুন: ভারতে মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

মৃত্যুদণ্ড ঠেকাতে শেষ চেষ্টা

কমিটির প্রতিবেদন ব্রিটিশ সরকারের কাছে পাঠানো হলেও তাতে কোনো পরিবর্তন আসেনি। সরকার ঘোষণা করে, ১৯৩১ সালের ২৩ মার্চ ভগত সিংকে ফাঁসি দেওয়া হবে।

মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাকে বাঁচানোর শেষ চেষ্টাও চালানো হয়েছিল। ১৯৩১ সালের ২৭ ফেব্রুয়ারি আল্লামা ইকবাল ভগত সিংয়ের অন্য আইনজীবীদের সঙ্গে নিয়ে ব্রিটেনের প্রিভি কাউন্সিলে আবেদন করেন। উদ্দেশ্য ছিল মৃত্যুদণ্ড স্থগিত করা। কিন্তু সেই আবেদনও প্রত্যাখ্যান করা হয়।

শেষ পর্যন্ত ২৩ মার্চ ভগত সিং, রাজগুরু ও সুখদেবকে ফাঁসি দেওয়া হয়। তবে মৃত্যুর আগপর্যন্ত তার পক্ষে আইনি ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার ঘটনা উপমহাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।

আরও পড়ুন: রিয়াদের দিকে হুতিদের ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোটের

ইতিহাসের আয়নায় বর্তমান পাকিস্তান

ভগত সিংয়ের পক্ষে জিন্নাহ ও ইকবালের অবস্থানের প্রসঙ্গ টেনে হামিদ মীর বর্তমান পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গেও ইতিহাসের যোগসূত্র তৈরি করেছেন।

নিবন্ধে তিনি লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের কথা উল্লেখ করেন। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানের সামরিক শাসনবিরোধী বিভিন্ন আন্দোলনেও সংগঠনটির নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

১৯১৯ সালে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছিলেন তৎকালীন বার সভাপতি স্যার মুহাম্মদ শাফি। একই বছর বিচার ছাড়াই নাগরিকদের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া রাওলাট আইনের বিরোধিতা করেন জিন্নাহ। প্রতিবাদে তিনি ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল থেকে পদত্যাগ করেন।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেনের হামলায় নিহত ১০, পাল্টাপাল্টি সংঘর্ষ অব্যাহত

এ ছাড়া ১৯৩৭ সালে পাঞ্জাবে মুসলিম লীগকে সংগঠিত করার কাজে আল্লামা ইকবালের সঙ্গে যুক্ত ছিলেন বার অ্যাসোসিয়েশনের আরেক সাবেক সভাপতি খলিফা শুজাউদ্দিন।

হামিদ মীরের মতে, এসব ঘটনা প্রমাণ করে, আইনজীবী সমাজের দায়িত্ব শুধু আদালতে মামলা পরিচালনা করা নয়; অন্যায় আইন, রাজনৈতিক নিপীড়ন ও নাগরিক অধিকার হরণের বিরুদ্ধেও সোচ্চার হওয়া।

সম্প্রতি পাকিস্তানের সংবিধানের ২৬তম ও ২৭তম সংশোধনীর বিরোধিতায় লাহোর হাইকোর্টে আয়োজিত সর্বদলীয় সম্মেলনেও তিনি বিষয়টি তুলে ধরেন। সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন ও আইনজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। জামিয়াত উলেমা-ই-ইসলাম-ফজলের প্রধান মাওলানা ফজলুর রহমান সেখানে যাওয়ার পথে গৃহবন্দি হলেও পরে অনলাইনে বক্তব্য দেন।

সম্মেলনে হামিদ মীর স্মরণ করিয়ে দেন, পাকিস্তানে এখনো এমন আইন রয়েছে, যার মাধ্যমে বিচার ছাড়াই নাগরিকদের আটক করা সম্ভব। ১৯৬০ সালে আইয়ুব খানের শাসনামলে চালু হওয়া জনশৃঙ্খলা রক্ষা আইনও (এমপিও) এর একটি উদাহরণ।

তার বক্তব্য, বিরোধী দলগুলোর আন্দোলন কেবল দুটি সাংবিধানিক সংশোধনী কিংবা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের বন্দিদের মুক্তির দাবিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। সব দমনমূলক আইনের বিরুদ্ধে এবং সব রাজনৈতিক বন্দির অধিকার প্রতিষ্ঠায় সমানভাবে সোচ্চার হতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৭৪৬টি পদে নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর থেকে শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ এম


প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৭৪৬টি পদে নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর থেকে শুরু

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) অধিদপ্তরে ১৭ ক্যাটাগরিতে ৭৪৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। এসব পদ নবম থেকে ২০তম গ্রেডের মধ্যে রয়েছে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। সহকারী পরিচালক থেকে অফিস সহায়ক পর্যন্ত পদগুলোর জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী উল্লেখ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৩ ডিসেম্বর রাত ৮টা থেকে এবং চলবে ২৩ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৭টি পদের মধ্যে ফিল্ড স্টাফ পদে ২৮৮ জন নিয়োগ দেওয়া হবে, যা সর্বাধিক। এছাড়া সহকারী পরিচালক পদে ১৫৮, ফিল্ড অফিসার পদে ৯৩, অফিস সহায়ক পদে ৭৬, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৫৪ এবং ওয়্যারলেস অপারেটর পদে ২৩ জন নিয়োগ পাবেন।

বাকি পদগুলোর মধ্যে সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ২০, গাড়িচালক ১২, অ্যাকাউন্ট্যান্ট-কাম-ক্যাশিয়ার ৭, কম্পিউটার অপারেটর ৪, সাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর ৩, ফটোগ্রাফার ২, ডেসপাচ রাইডার ২ এবং টেলিফোন ইঞ্জিনিয়ার, সহকারী প্রোগ্রামার, কম্পিউটার টেকনিশিয়ান ও ডার্করুম অ্যাসিস্ট্যান্ট পদে একজন করে নিয়োগ দেওয়া হবে।

১. সহকারী পরিচালক: ১৫৮টি পদ। নবম গ্রেডে বেতন ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা। প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।

২. টেলিফোন ইঞ্জিনিয়ার: একটি পদ। নবম গ্রেডে বেতন ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা। টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

৩. সহকারী প্রোগ্রামার: একটি পদ। নবম গ্রেডে বেতন ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

৪. ফিল্ড অফিসার: ৯৩টি পদ। দশম গ্রেডে বেতন ৩২,০০০-৭৭,৩০০ টাকা। প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীদের ৫ ফুট হতে হবে। উভয়ের বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি (সম্প্রসারিত) থাকতে হবে।

৫. কম্পিউটার অপারেটর: চারটি পদ। ত্রয়োদশ গ্রেডে বেতন ২৪,০০০-৫৮,০০০ টাকা। প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

৬. সাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: তিনটি পদ। ত্রয়োদশ গ্রেডে বেতন ২৪,০০০-৫৮,০০০ টাকা। স্নাতক বা সমমানের ডিগ্রির পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা প্রয়োজন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

৭. অ্যাকাউন্ট্যান্ট-কাম-ক্যাশিয়ার: সাতটি পদ। ত্রয়োদশ গ্রেডে বেতন ২৪,০০০-৫৮,০০০ টাকা। প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

৮. কম্পিউটার টেকনিশিয়ান: একটি পদ। চতুর্দশ গ্রেডে বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা। উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ট্রেড কোর্সের সনদ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

৯. ফটোগ্রাফার: দুটি পদ। চতুর্দশ গ্রেডে বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা। উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ফটোগ্রাফিতে প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের ক্যামেরা পরিচালনা, ডার্করুমের কাজ ও ফটোগ্রাফিক ল্যাবরেটরি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতাও প্রয়োজন।

১০. সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ২০টি পদ। চতুর্দশ গ্রেডে বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা। স্নাতক বা সমমানের ডিগ্রির পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা প্রয়োজন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

১১. ওয়্যারলেস অপারেটর: ২৩টি পদ। পঞ্চদশ গ্রেডে বেতন ২২,৮০০-৫৫,২০০ টাকা। উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বৈদ্যুতিক ও বেতারযন্ত্র সম্পর্কে মৌলিক জ্ঞান এবং মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে ২০টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন। টেলিযোগাযোগ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ সাবেক সেনা বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।

১২. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫৪টি পদ। ষোড়শ গ্রেডে বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা। উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দের গতি এবং ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা প্রয়োজন।

১৩. গাড়িচালক: ১২টি পদ। ষোড়শ গ্রেডে বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।

১৪. ফিল্ড স্টাফ: ২৮৮টি পদ। সপ্তদশ গ্রেডে বেতন ২১,৪০০-৫১,৯০০ টাকা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীদের ৫ ফুট হতে হবে। উভয়ের বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি (সম্প্রসারিত) থাকতে হবে।

১৫. ডেসপাচ রাইডার: দুটি পদ। অষ্টাদশ গ্রেডে বেতন ২১,০০০-৫০,৯০০ টাকা। উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। বিআরটিএর দেওয়া বৈধ মোটরসাইকেল চালানোর লাইসেন্স এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা প্রয়োজন।

১৬. ডার্করুম অ্যাসিস্ট্যান্ট: একটি পদ। অষ্টাদশ গ্রেডে বেতন ২১,০০০-৫০,৯০০ টাকা। মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ফটোগ্রাফিক ল্যাবরেটরির ডার্করুমে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা, ক্যামেরা পরিচালনা ও ছবি মুদ্রণ পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

১৭. অফিস সহায়ক: ৭৬টি পদ। বিংশ গ্রেডে বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা ও আবেদনের নিয়ম

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১ নভেম্বর তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আগ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট ndr.teletalk.com.bd-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩ ডিসেম্বর ২০২৬ রাত ৮টায় এবং আবেদনের শেষ সময় ২৩ ডিসেম্বর রাত ৮টা।

আবেদন ফি

১ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা।

৫ থেকে ১৩ নম্বর পদের জন্য ১০০ টাকা।

১৪ থেকে ১৭ নম্বর পদের জন্য ৫০ টাকা।

নির্ধারিত ফির সঙ্গে প্রযোজ্য ভ্যাট ও কমিশন যোগ হবে। আবেদনপত্র জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। এ জন্য ১৬২২২ নম্বরে নির্ধারিত পদ্ধতিতে এসএমএস পাঠাতে হবে। ফি জমা সফল হলে প্রার্থীকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে।

অনলাইনে আবেদন করার সময় নির্ধারিত স্থানে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত কপি সংরক্ষণ করতে হবে। পরবর্তী সময়ে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের বিষয়ে প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ, ১৮টি দল আমন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ এম


রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ, ১৮টি দল আমন্ত্রণে

নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে, যা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রেক্ষাপটে অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণকারী এই প্রতিষ্ঠানটি তিন দিনের মধ্যে ৫৫টি নিবন্ধিত দলের সঙ্গে আলোচনা করবে।

প্রথম সংলাপটি রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রথম দিনের সংলাপে নিবন্ধনের ক্রম অনুসারে ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ১৮টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে জামায়াতে ইসলামী রোববার অংশগ্রহণ করবে না। তারা পরবর্তী সময়ে জোটগতভাবে সংলাপে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।

অন্যদিকে, বিএনপি রোববারের পরিবর্তে সোমবার (৩০ নভেম্বর) সংলাপে অংশ নিতে চায় বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে। সেই অনুযায়ী, দলটি আগামীকাল সংলাপে অংশগ্রহণ করবে। প্রথম দিনের সংলাপে ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, সোমবার পরবর্তী ১৯টি এবং মঙ্গলবার (১ ডিসেম্বর) আরও ১৮টি দলকে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হবে।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এর পাশাপাশি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। তাই দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপ থেকে বাদ রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের বিরুদ্ধে মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ এম


ইরানের বিরুদ্ধে মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহারের অভিযোগ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অভিযান পরিচালনার জন্য ইরান স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ তথ্য জানার পর স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একই সময়ে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে স্টারলিংকের শর্ত ভঙ্গ করে ড্রোন পরিচালনার অভিযোগও সামনে এসেছে। এই বিষয়টি মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে উঠে এসেছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্চের প্রথম সপ্তাহে মাস্ক স্টারলিংকের দুটি অননুমোদিত ব্যবহারের খবর পান। কোম্পানির অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত ব্যক্তিদের মতে, ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে এই সেবা ব্যবহার করছে। বিষয়টি আগে কখনো প্রকাশ্যে আসেনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করে একমুখী আক্রমণকারী ড্রোন পরিচালনা করছিল। এই ড্রোনগুলোর নাম লুকাস। তবে, মার্কিন বাহিনী এ জন্য স্থল অভিযানের উপযোগী কম খরচের প্যাকেজ ব্যবহার করছিল। আকাশপথে ড্রোন পরিচালনার জন্য নির্ধারিত প্যাকেজের খরচ পাঁচ গুণ বেশি ছিল। এ ঘটনার জন্যও মাস্ক অসন্তুষ্ট ছিলেন।

গত ১ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক জানান, অস্ত্র ব্যবস্থায় স্টারলিংকের বাণিজ্যিক পরিষেবা ব্যবহার করা শর্তের লঙ্ঘন। এর আগে জানুয়ারিতে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার ড্রোনে স্টারলিংক টার্মিনাল ব্যবহারের বিষয়টি স্পেসএক্সকে জানায়। পরে রাশিয়ার অননুমোদিত ব্যবহার বন্ধ করতে পদক্ষেপ নেয় প্রতিষ্ঠানটি। ইউক্রেনে ঘণ্টায় ৭০ কিলোমিটারের বেশি গতিতে চলা স্টারলিংক টার্মিনালের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অনুমোদিত টার্মিনালগুলোর একটি তালিকা তৈরি করে ইউক্রেনীয় সেনাবাহিনীর সঙ্গে কাজ করে স্পেসএক্স।

ওয়াশিংটন পোস্ট জানায়, মার্চের প্রথম সপ্তাহের শেষ নাগাদ স্টারলিংকের অপব্যবহারের ঘটনায় দুজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। তবে তাদের পরিচয় বা বরখাস্তের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১ মার্চ কুয়েতের পোর্ট শুয়াইবায় একটি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। এর কয়েক ঘণ্টার মধ্যে স্পেসএক্স দ্রুতগতিতে চলা বিমানের জন্য পরিচয় যাচাইয়ের নতুন নিয়ম চালু করে। এর ফলে বেসরকারি বিমানচালকদেরও পরিচয় ও বিমানের বিভিন্ন তথ্য জমা দিতে হয়।

এদিকে, স্টারলিংকের অপব্যবহার প্রতিরোধে মার্চের পর থেকে বিক্রয় ও বিতরণব্যবস্থায় আরও কঠোর নিয়ম চালু করে স্পেসএক্স। টার্মিনাল কেনা ও পরিষেবা চালু করার জন্য প্রত্যেক গ্রাহকের পরিচয় যাচাই বাধ্যতামূলক করা হয়। পাশাপাশি অনুমোদিত বিক্রেতাদের মাধ্যমে অন্য বিক্রেতাদের কাছে টার্মিনাল সরবরাহের ব্যবস্থা স্থগিত করা হয়।

তবে ইরানের ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশটির সরকার বিভিন্ন সময়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। তখন সাধারণ মানুষ ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে ওঠে স্টারলিংক। জানুয়ারিতে বিক্ষোভ দমনের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলে ইরানে স্টারলিংক ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে সংযোগ চালু করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিশ্লেষকদের মতে, ইরানে স্টারলিংক পুরোপুরি বন্ধ করে দিলে সাধারণ মানুষ ও ভিন্নমতাবলম্বীরা যোগাযোগের সুযোগ হারাবেন। আবার সেবা চালু রাখলে দেশটির সামরিক বাহিনীও তা ব্যবহার করতে পারে। এ কারণে প্রতিষ্ঠানটির সামনে বড় ধরনের নিয়ন্ত্রণগত চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান বিভিন্ন দেশে ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহ করে থাকে। ফলে স্টারলিংকের টার্মিনাল কার হাতে যাচ্ছে, তা শনাক্ত করা স্পেসএক্সের জন্য কঠিন হয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাবুল বিশ্বের সর্বাধিক দূষিত শহর, দশে ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ এম


কাবুল বিশ্বের সর্বাধিক দূষিত শহর, দশে ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আফগানিস্তানের রাজধানী কাবুল শীর্ষ স্থান অধিকার করেছে। শহরটির বায়ুমান সূচক (একিউআই) ৪৭৭, যা ‘বিপজ্জনক’ পর্যায়ে অবস্থান করছে। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা দূষিত বায়ুর শহরের তালিকায় দশম স্থানে রয়েছে। ঢাকার বায়ুমান সূচক ১৫৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মানে হলো, বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার বাতাসও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত বৈশ্বিক তালিকায় এই তথ্য উঠে এসেছে। সংস্থাটি ঘণ্টাভিত্তিক সূচকে বিশ্বের প্রধান শহরগুলোর বায়ুদূষণের মাত্রা তুলনা করে থাকে।

আইকিউএয়ারের তালিকায় দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর রয়েছে, যেখানে বায়ুমান সূচক ৪৪৩। তৃতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ, যার স্কোর ৪১২। চতুর্থ স্থানে মিশরের কায়রোর বায়ুমান ৩৯৯। ভারতের রাজধানী নয়াদিল্লি পঞ্চম স্থানে রয়েছে, যার স্কোর ২৫৭।

তালিকার পরবর্তী অবস্থানে উগান্ডার কাম্পালা (১৬৮), ভিয়েতনামের হ্যানয় (১৬৭), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৬৩) এবং পাকিস্তানের করাচি (১৬২) রয়েছে। দশম স্থানে থাকা ঢাকার বায়ুমান ১৫৬।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে এটি সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। এই সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে শিশু, বয়স্ক ব্যক্তি এবং হৃদ্‌রোগ ও শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা অন্তর্ভুক্ত।

এছাড়া, ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাস অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৫০০ হলে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%