১০:৪৪ এম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অভিযান পরিচালনার জন্য ইরান স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ তথ্য জানার পর স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একই সময়ে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে স্টারলিংকের শর্ত ভঙ্গ করে ড্রোন পরিচালনার অভিযোগও সামনে এসেছে। এই বিষয়টি মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে উঠে এসেছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্চের প্রথম সপ্তাহে মাস্ক স্টারলিংকের দুটি অননুমোদিত ব্যবহারের খবর পান। কোম্পানির অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত ব্যক্তিদের মতে, ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে এই সেবা ব্যবহার করছে। বিষয়টি আগে কখনো প্রকাশ্যে আসেনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করে একমুখী আক্রমণকারী ড্রোন পরিচালনা করছিল। এই ড্রোনগুলোর নাম লুকাস। তবে, মার্কিন বাহিনী এ জন্য স্থল অভিযানের উপযোগী কম খরচের প্যাকেজ ব্যবহার করছিল। আকাশপথে ড্রোন পরিচালনার জন্য নির্ধারিত প্যাকেজের খরচ পাঁচ গুণ বেশি ছিল। এ ঘটনার জন্যও মাস্ক অসন্তুষ্ট ছিলেন।
আরও পড়ুন: মার্কিন ঘাঁটিতে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান
গত ১ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক জানান, অস্ত্র ব্যবস্থায় স্টারলিংকের বাণিজ্যিক পরিষেবা ব্যবহার করা শর্তের লঙ্ঘন। এর আগে জানুয়ারিতে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার ড্রোনে স্টারলিংক টার্মিনাল ব্যবহারের বিষয়টি স্পেসএক্সকে জানায়। পরে রাশিয়ার অননুমোদিত ব্যবহার বন্ধ করতে পদক্ষেপ নেয় প্রতিষ্ঠানটি। ইউক্রেনে ঘণ্টায় ৭০ কিলোমিটারের বেশি গতিতে চলা স্টারলিংক টার্মিনালের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অনুমোদিত টার্মিনালগুলোর একটি তালিকা তৈরি করে ইউক্রেনীয় সেনাবাহিনীর সঙ্গে কাজ করে স্পেসএক্স।
ওয়াশিংটন পোস্ট জানায়, মার্চের প্রথম সপ্তাহের শেষ নাগাদ স্টারলিংকের অপব্যবহারের ঘটনায় দুজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। তবে তাদের পরিচয় বা বরখাস্তের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১ মার্চ কুয়েতের পোর্ট শুয়াইবায় একটি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। এর কয়েক ঘণ্টার মধ্যে স্পেসএক্স দ্রুতগতিতে চলা বিমানের জন্য পরিচয় যাচাইয়ের নতুন নিয়ম চালু করে। এর ফলে বেসরকারি বিমানচালকদেরও পরিচয় ও বিমানের বিভিন্ন তথ্য জমা দিতে হয়।
এদিকে, স্টারলিংকের অপব্যবহার প্রতিরোধে মার্চের পর থেকে বিক্রয় ও বিতরণব্যবস্থায় আরও কঠোর নিয়ম চালু করে স্পেসএক্স। টার্মিনাল কেনা ও পরিষেবা চালু করার জন্য প্রত্যেক গ্রাহকের পরিচয় যাচাই বাধ্যতামূলক করা হয়। পাশাপাশি অনুমোদিত বিক্রেতাদের মাধ্যমে অন্য বিক্রেতাদের কাছে টার্মিনাল সরবরাহের ব্যবস্থা স্থগিত করা হয়।
আরও পড়ুন: ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল
তবে ইরানের ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশটির সরকার বিভিন্ন সময়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। তখন সাধারণ মানুষ ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে ওঠে স্টারলিংক। জানুয়ারিতে বিক্ষোভ দমনের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলে ইরানে স্টারলিংক ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে সংযোগ চালু করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিশ্লেষকদের মতে, ইরানে স্টারলিংক পুরোপুরি বন্ধ করে দিলে সাধারণ মানুষ ও ভিন্নমতাবলম্বীরা যোগাযোগের সুযোগ হারাবেন। আবার সেবা চালু রাখলে দেশটির সামরিক বাহিনীও তা ব্যবহার করতে পারে। এ কারণে প্রতিষ্ঠানটির সামনে বড় ধরনের নিয়ন্ত্রণগত চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান বিভিন্ন দেশে ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহ করে থাকে। ফলে স্টারলিংকের টার্মিনাল কার হাতে যাচ্ছে, তা শনাক্ত করা স্পেসএক্সের জন্য কঠিন হয়ে পড়েছে।
আরও পড়ুন: ইরানে রেকর্ড দরপতন, ১ ডলারে ৩০ লাখ রিয়াল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন