ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কালিয়াকৈরে হাই-টেক পার্কের সামনে প্রাইভেটকারে আগুন, চালক অল্পের জন্য বাঁচলেন


কালিয়াকৈরে হাই-টেক পার্কের সামনে প্রাইভেটকারে আগুন, চালক অল্পের জন্য বাঁচলেন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাই-টেক সিটি (আইসিটি) পার্কের ২ নম্বর গেটের সামনে রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে হঠাৎ করে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে গাড়িটির পেছনের অংশ দাউ দাউ করে জ্বলে ওঠে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে গাড়িটির পেছনের অংশ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, সামনের অংশ অনেকটা অক্ষত রয়েছে।

সাদা রঙের প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো-গ ২২-৩৯৩৫। এর চালক মো. শফিক, যিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা, ওয়ালটন কোম্পানিতে কর্মরত।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে চালক মো. শফিক জানান, সকালে তিনি ওয়ালটনের এক কর্মকর্তাকে নামিয়ে দিয়ে আসছিলেন। ওই কর্মকর্তাকে নামিয়ে দেওয়ার পর তিনি হাই-টেক পার্কের ২ নম্বর গেটের সামনে গাড়িটি রেখে রাস্তার ওপারে দোকানে চা-বিস্কুট খেতে যান। চা খাওয়ার পর গাড়ির কাছে এসে স্টার্ট করার জন্য চাবি ঘোরালে গাড়িটি স্টার্ট হচ্ছিল না। দ্বিতীয়বার স্টার্ট দেওয়ার চেষ্টা করতেই হঠাৎ পেছন দিক থেকে ধোঁয়া বের হতে দেখেন।

আরও পড়ুন: বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল অস্তিত্বের সংকটে

শফিক আরও বলেন, ‘প্রথমে একটা শব্দ হইলো। শব্দের পরেই দেখি পেছনে প্রচণ্ড ধোঁয়া। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গেলাম। নামার পরপরই দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো।’ তাঁর ভাষায়, চা খেতে যাওয়ায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। গাড়ির ভেতরে থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রাইভেটকারটির পেছনের সিট, ডিকি ও লাইটসহ পেছনের অংশ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ভেতরে পোড়া গন্ধ ও কালো ছাই ছড়িয়ে রয়েছে। তবে পেছনে থাকা গ্যাসের সিলিন্ডারটি অক্ষত থাকায় বড় ধরনের বিস্ফোরণ থেকে এলাকা রক্ষা পেয়েছে। বনেট, সামনের দুই দরজা ও সামনের গ্লাস অনেকটা ভালো অবস্থায় রয়েছে।

ঘটনার পর স্থানীয় লোকজন, পথচারী ও হাই-টেক পার্কের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। কিছুক্ষণের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে চালক শফিকের ধারণা, গ্যাস লিকেজ অথবা ওয়ারিংয়ের সমস্যার কারণে স্টার্ট দিতে গিয়ে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। স্থানীয় বাসিন্দারাও একই ধারণা প্রকাশ করে বলেন, গ্যাসচালিত গাড়িতে নিয়মিত চেকআপ না করানোর ফলে এমন ঝুঁকি তৈরি হয়।

আরও পড়ুন: কুষ্টিয়ায় জজের বাসায় ককটেল নিক্ষেপ, গ্রামীণ ব্যাংক কার্যালয়ে হামলা

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা দেখলাম হঠাৎ করে গাড়ির পেছন থেকে ধোঁয়া বের হচ্ছে। এরপরই আগুন। সবাই ভয়ে দূরে সরে গেলাম। গ্যাসের বোতল ফেটে গেলে বড় বিপদ হতে পারত। আল্লাহর রহমতে বোতলটা ফাটেনি।’ আরেকজন বলেন, চালক দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ায় বড় বিপদ এড়ানো গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

তিনি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি, এটিই সবচেয়ে বড় স্বস্তির খবর, চালক শফিক সুস্থ আছেন। প্রাথমিক ধারণা অনুযায়ী, গ্যাস লিকেজ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং চালকের সঙ্গে কথা বলা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি গাড়ির মালিক ও চালকদের সতর্ক করে বলেন, গ্যাসচালিত গাড়ি নিয়মিত চেকআপ করাতে হবে। ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ গ্যাস সিলিন্ডার নিয়ে রাস্তায় না নামার আহ্বান জানান তিনি। পাশাপাশি গাড়িতে অগ্নি-নির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) রাখা এবং গ্যাসের গন্ধ পেলে দ্রুত গাড়ি থেকে নেমে নিরাপদ দূরত্বে যাওয়ার পরামর্শও দেন তিনি।

আরও পড়ুন: শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে রেকর্ড দরপতন, ১ ডলারে ৩০ লাখ রিয়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩২ এম


ইরানে রেকর্ড দরপতন, ১ ডলারে ৩০ লাখ রিয়াল

ইরানের মুদ্রা রিয়ালের দর রেকর্ড পরিমাণে কমে যাওয়ার ঘটনা ঘটেছে, যা নিষেধাজ্ঞা ও অবরোধের ক্রমবর্ধমান চাপের ফলস্বরূপ। মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের বিনিময়মূল্য ৩০ লাখের কাছাকাছি পৌঁছেছে, এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বর্তমানে ইরান কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ মূল্যস্ফীতির সম্মুখীন হয়েছে। নয় মাস ধরে চলমান যুদ্ধের প্রভাবে দেশটিতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে।

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে। এছাড়া চলতি মাসের শুরুতে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত সামগ্রীর চলাচল সীমিত করতে ওয়াশিংটন ‘টাস্কফোর্স আয়রন গেট’ গঠনের ঘোষণা দিয়েছে।

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ বছর পর শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৩ এম


২০ বছর পর শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’

শাহরুখ খানের আসন্ন অ্যাকশন এন্টারটেইনার ‘কিং’ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে শোনা যাচ্ছিল, সিনেমাটির দৈর্ঘ্য হতে পারে ২ ঘণ্টা ৩৫ মিনিট। তবে জনপ্রিয় মার্কিন টিকিট বুকিং ওয়েবসাইট ফ্যানড্যাঙ্গোর তথ্য অনুযায়ী, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার দৈর্ঘ্য ৩ ঘণ্টা ১৭ মিনিট হিসেবে উল্লেখ করা হয়েছে।

যদি এই দৈর্ঘ্য চূড়ান্ত হয়, তাহলে ২০ বছরের মধ্যে এটি হবে শাহরুখ খানের প্রথম সিনেমা, যা তিন ঘণ্টার সীমা অতিক্রম করবে। এর আগে অভিনেতার তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের সর্বশেষ সিনেমা ছিল করণ জোহর পরিচালিত ‘কভি আলবিদা না কেহনা’ (২০০৬)।

একসময় শাহরুখ খান নিয়মিত তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের সিনেমায় অভিনয় করতেন। ২০০০ থেকে ২০০৬ সালের মধ্যে তার বহু জনপ্রিয় সিনেমার দৈর্ঘ্য ছিল বেশ লম্বা—এর মধ্যে রয়েছে ‘মোহাব্বাতে’ (২০০০), ‘কভি খুশি কভি গম’ (২০০১), ‘দেবদাস’ (২০০২), ‘কাল হো না হো’ (২০০৩), ‘বীর-জারা’ (২০০৪) এবং ‘স্বদেশ’ (২০০৪)। এর মধ্যে ৩ ঘণ্টা ৩৫ মিনিট দৈর্ঘ্যের ‘মোহাব্বাতে’ তার ক্যারিয়ারের অন্যতম দীর্ঘ সিনেমা হিসেবে বিবেচিত।

তবে সময়ের পরিবর্তনের সাথে নির্মাতাদের ধারণায় পরিবর্তন এসেছে; তারা মনে করতে শুরু করেছেন দর্শকেরা ছোট ও আঁটসাঁট সিনেমা বেশি পছন্দ করেন। এমনকি শাহরুখ খানের ‘জব তক হ্যায় জান’ (২০১২) এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ (২০১৪) সিনেমাগুলো তিন ঘণ্টার সামান্য আগে শেষ হয়েছিল। সাম্প্রতিক ব্লকবাস্টার ‘পাঠান’ (২০২৩) এবং ‘জওয়ান’ (২০২৩)-এর দৈর্ঘ্য যথাক্রমে ২ ঘণ্টা ২৬ মিনিট এবং ২ ঘণ্টা ৪৯ মিনিট ছিল।

তবে ভারতীয় বক্স অফিসে যেন আবার পুরোনো ধারায় ফেরার ইঙ্গিত দেখা যাচ্ছে। ‘অ্যানিম্যাল’, ‘পুষ্পা ২’ এবং ‘ধুরন্ধর’-এর মতো দীর্ঘ সিনেমার সাফল্য এই ধারণা পরিবর্তন করেছে যে বর্তমানে দর্শকের মনোযোগের সময়সীমা খুব কম। সেই হিসেবে গল্পের প্রয়োজনে ‘কিং’-এর মতো বড় বাজেটের সিনেমার দৈর্ঘ্য তিন ঘণ্টার বেশি হওয়া যুক্তিসংগত মনে করছেন অনেকে। বেশি দৈর্ঘ্যের সিনেমা নির্মাতাদের জন্য তারকাবহুল অভিনয়শিল্পী, অ্যাকশন দৃশ্য এবং আবেগের জায়গাগুলো যথাযথভাবে ফুটিয়ে তোলার সুযোগ প্রদান করে।

ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়পত্র পাওয়ার সময় ফ্যানড্যাঙ্গোতে থাকা এই দৈর্ঘ্য বহাল থাকে কিনা, সেটিই এখন দেখার বিষয়। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় জজের বাসায় ককটেল নিক্ষেপ, গ্রামীণ ব্যাংক কার্যালয়ে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৪ এম


কুষ্টিয়ায় জজের বাসায় ককটেল নিক্ষেপ, গ্রামীণ ব্যাংক কার্যালয়ে হামলা

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবনের দিকে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) রাত দেড়টার দিকে শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে এই হামলার ঘটনা ঘটে। একই রাতে জেলার মিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের দিকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

জেলা জজের নাজির মিজানুর রহমান জানিয়েছেন, রাত দেড়টার সময় কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে প্রধান সড়ক থেকে জেলা জজের সরকারি বাসভবনে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি জেলা জজের নিজ কক্ষে সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনার সময় চারজন পুলিশ সদস্য বাসভবন প্রহরার দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সদস্যরা ঘটনাস্থলে বেরিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। আকস্মিক বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের এই ককটেল নিক্ষেপের ঘটনায় পুলিশ টহল জোরদার করেছে। নাশকতাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, একই রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার টিএনটি অফিসের সামনে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। তবে ওই ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এর আগে কুষ্টিয়া জেলা কারাগারসহ জেলার একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল অস্তিত্বের সংকটে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৫ এম


বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল অস্তিত্বের সংকটে

॥ হারুন আল নাসিফ ॥

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল বর্তমানে নিজ দেশে অস্তিত্বের সংকটে রয়েছে। মিষ্টি শিস এবং চঞ্চল স্বভাবের এই পাখিটি দেশের পরিচিত প্রকৃতি থেকে হারিয়ে যেতে বসেছে।

একসময় ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে বাংলার প্রকৃতিকে জাগিয়ে তুলত যে ছোট্ট পাখিটি, সেটিই আজ আমাদের জাতীয় পাখি দোয়েল। সাদা-কালো পালকের চঞ্চল স্বভাবের এই পাখিটি বাংলার প্রকৃতি ও লোকসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল। বর্তমানে সেই চেনা সুর এবং পাখিটি উভয়ই প্রকৃতি থেকে দ্রুত হারিয়ে যাচ্ছে, আজ প্রকৃতিতে তার দেখা মেলা কঠিন হয়ে পড়েছে। দোয়েল এখন দেশজুড়ে একটি সংকটাপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে।

পরিবেশবিদ ও পাখি গবেষকদের মতে, অপরিকল্পিত নগরায়ণ, নির্বিচারে গাছপালা কাটা এবং ফসলি জমিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহারে আমাদের জাতীয় পাখির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। কীটনাশক প্রয়োগের ফলে দোয়েলের প্রধান খাদ্য কীটপতঙ্গ ও পোকামাকড় ধ্বংস হয়ে যাচ্ছে, যার ফলে পাখিগুলো তীব্র খাদ্যসংকটে পড়ে অকালেই প্রাণ হারাচ্ছে।

আজকের শিশু-কিশোরদের কাছে দোয়েল কেবল পাঠ্যবইয়ের একটি স্থিরচিত্র। শহরের ইট-কাঠ-পাথরের জঙ্গলে হারিয়ে গেছে সবুজ, এবং সেই সাথে চিরচেনা দোয়েলও নতুন প্রজন্মের কাছে অচেনা হয়ে উঠেছে। আজকের শিশুরা সাধারণ জ্ঞানের খাতায় ‘জাতীয় পাখির নাম দোয়েল’ মুখস্থ করলেও বাস্তবে চোখে দেখে না বললেই চলে।

স্বাধীনতার পর দেশের অসংখ্য পাখির ভিড়ে বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও গবেষকদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে মূলত পাঁচটি প্রধান কারণ বিবেচনা করে দোয়েলকে জাতীয় পাখির মর্যাদা দেওয়া হয়।

প্রথমত, দোয়েল দেশের প্রায় সব অঞ্চলেই সহজে দেখা যায়। গ্রাম, শহর, পাহাড় কিংবা বনাঞ্চল—সব জায়গাতেই এদের অবাধ বিচরণ ছিল। ফলে এটি দেশের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে অত্যন্ত পরিচিত ও আপন একটি পাখি।

দ্বিতীয়ত, জাতীয় পাখি নির্বাচনের সময় দেখা গিয়েছিল, বিশ্বের অন্য কোনো দেশ দোয়েলকে তাদের জাতীয় পাখি হিসেবে গ্রহণ করেনি। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নিজস্ব ও স্বতন্ত্র প্রতীক হিসেবে এটি অনন্য হয়ে ওঠে।

তৃতীয়ত, সাধারণত বনের পাখি শহরে টিকতে পারে না, আবার শহরের পাখি বনে মানিয়ে নিতে পারে না। কিন্তু দোয়েল কোলাহলপূর্ণ জনবসতি এবং নির্জন বন উভয় পরিবেশেই সমানভাবে খাপ খাইয়ে টিকে থাকতে পারে।

চতুর্থত, দোয়েলের গানের গলা অত্যন্ত মিষ্টি। ভোরবেলায় এর সুমধুর শিস যেমন মন কাড়ে, তেমনি সাদা-কালো পালক ও লম্বা লেজ উঁচিয়ে লাফিয়ে বেড়ানোর চঞ্চল ভঙ্গি একে এক অনন্য নান্দনিকতা দান করেছে।

পঞ্চমত, দোয়েল মূলত পতঙ্গভুক পাখি। এরা ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে এবং প্রকৃতির পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলার ঐতিহ্যের সাথে মিশে থাকা জাতীয় এই পাখির সম্মানার্থে রাজধানী ঢাকায় নির্মিত হয়েছে ঐতিহ্যবাহী দোয়েল চত্বর। এছাড়া বাংলাদেশের দুই টাকার নোটেও এর ছবি যুক্ত করে একে জাতীয় জীবনে চিরস্থায়ী মর্যাদা দেওয়া হয়েছে।

তবে বাংলাদেশের জাতীয় পাখি হলেও দোয়েলের বিচরণ কেবল এই ভূখণ্ডেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক পাখিবিষয়ক সংস্থা বার্ডলাইফ ইন্টারন্যাশনালের তথ্যমতে, বাংলাদেশ ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও প্রায় ১৫টি দেশে এই পাখিটি দেখা যায়।

দোয়েল দৈর্ঘ্যে প্রায় ২০ সেন্টিমিটার এবং ওজনে প্রায় ৪০ গ্রাম হয়ে থাকে। পুরুষ দোয়েলের শরীরের উপরিভাগ ও গলার নিচে কালো রঙের এবং পেট সাদা হয়; ডানার দুই পাশে সাদা রঙের ছোপ (প্যাচ) থাকে। অন্যদিকে, স্ত্রী দোয়েলের উপরিভাগ ও গলার নিচে ছাই-রঙা হয় এবং পেটের অংশ পুরুষ দোয়েলের মতো উজ্জ্বল নয়, কিছুটা ফিকে সাদা।

মার্চ থেকে জুলাই দোয়েলের প্রজননকাল। এ সময় গাছের গর্ত, দেয়াল বা পাইপের ফাঁকে ঘাস-পাতা দিয়ে বাসা তৈরি করে এরা সবুজ রঙের ৪-৫টি ডিম দেয়, যা থেকে ১২-১৩ দিনের মধ্যে ছানা বের হয়।

দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কায় দোয়েলের অবাধ বিচরণ রয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম ও ফিলিপাইনেও প্রচুর পরিমাণে দোয়েল পাওয়া যায়। পূর্ব এশিয়ার চীনের দক্ষিণাঞ্চল এবং তাইওয়ানেও এই পাখিটির উপস্থিতি রয়েছে। অঞ্চলভেদে বিভিন্ন দেশে পাখিটি ভিন্ন ভিন্ন স্থানীয় নামে পরিচিত। যেমন, ভারতে এটি ‘দাহিয়াল’, শ্রীলঙ্কায় ‘পোলকিচ্চা’ এবং দক্ষিণ থাইল্যান্ডে ‘বিনলা’ নামে পরিচিত।

অপরিকল্পিত নগরায়ণের ফলে গ্রামীণ ও নগর উভয় অঞ্চলেই দোয়েলের আবাসস্থল ধ্বংস হচ্ছে। গ্রামে নির্বিচারে পুরোনো বড় গাছপালা ও বাঁশঝাড় কাটা এবং শহরে উচ্চ ভবনের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ার কারণে দোয়েল তাদের প্রাকৃতিকভাবে বাসা বাঁধার পরিবেশ ও নিরাপদ প্রজনন ক্ষেত্র হারাচ্ছে।

এছাড়া দেশজুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার মোবাইল টাওয়ার থেকে নির্গত ক্ষতিকর অদৃশ্য তরঙ্গ পাখিদের অভ্যন্তরীণ দিকনির্ণয় ক্ষমতা এলোমেলো করে দিচ্ছে এবং ডিমের ভেতরের ভ্রূণ নষ্ট করছে, যা তাদের বংশবৃদ্ধির হারকে মারাত্মকভাবে কমিয়ে দিচ্ছে। আইন থাকা সত্ত্বেও প্রত্যন্ত অঞ্চলে শিকারিদের ফাঁদ পেতে দোয়েল পাখি শিকার ও খাঁচাবন্দি করে কেনাবেচা করার প্রবণতাও এদের মুক্ত প্রজননে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বাস্তুসংস্থানে দোয়েলের ভূমিকা উল্লেখ করে বিশেষজ্ঞরা জানান, দোয়েল প্রাকৃতিকভাবে কৃষকের বন্ধু হিসেবে কাজ করে ফসলের ক্ষতিকর পোকা দমনে ভূমিকা রাখে। এই পাখি কমে যাওয়ার ফলে প্রকৃতিতে ক্ষতিকর পোকার উপদ্রব বেড়ে যাচ্ছে, যা পরোক্ষভাবে কৃষির ফলন ক্ষতিগ্রস্ত করছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।

বাংলাদেশের বন্যপ্রাণী ও পাখিকুল রক্ষার্থে দেশে ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২’ রয়েছে। এই আইন অনুযায়ী যেকোনো দেশীয় বন্য পাখি শিকার, হত্যা, আটক, ক্রয়-বিক্রয় বা পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইন লঙ্ঘনকারীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও মোটা অঙ্কের অর্থদণ্ডের বিধান রয়েছে। বন্য পাখি শিকার বা বিক্রির যেকোনো তথ্য জানাতে বন অধিদপ্তরের অধীনে বিশেষায়িত ‘বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট’ কাজ করছে।

জাতীয় পাখি দোয়েলকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে পরিবেশবিদরা বেশ কিছু সুপারিশ করেছেন। এর মধ্যে কৃষিক্ষেত্রে রাসায়নিক বিষের বদলে পরিবেশবান্ধব সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করা, নগর পরিকল্পনায় ‘সবুজ করিডোর’ রাখা, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের শতভাগ কঠোর প্রয়োগ নিশ্চিত করা এবং কৃত্রিম আবাসন হিসেবে পার্ক ও বনাঞ্চলে গাছের ডালে মাটির হাঁড়ি বা কৃত্রিম ‘পাখির বাসা’ বেঁধে দেওয়া জরুরি।

বিশেষজ্ঞরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দোয়েল কেবল একটি পাখি নয়, এটি আমাদের জাতীয় পরিচয় ও লোকজ ঐতিহ্যের অংশ। অবিলম্বে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ না নিলে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই গানের পাখিটি কেবল কাগজের নোট আর পাঠ্যবইয়ের ছবিতেই সীমাবদ্ধ থেকে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%