প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১০ জন। হতাহতদের অধিকাংশই শিশু। শনিবার (২৮ নভেম্বর) প্রাদেশিক রাজধানী আসাদাবাদের উপকণ্ঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, স্কুলের পাশের একটি বিস্ফোরক সংরক্ষণাগারে অসতর্কতার কারণে বিস্ফোরণটি ঘটেছে। সেখানে খননকাজে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের বিস্ফোরক রাখা হতো। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
কুনার প্রদেশের সংস্কৃতি ও তথ্যবিষয়ক পরিচালক সামি উল হক বায়ান জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরক সংরক্ষণাগারে অবহেলার কারণেই স্কুলটিতে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করেছেন। প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ফরিদ দেহকান জানান, স্থানীয় সময় সকাল ১০টার দিকে আসাদাবাদের উপকণ্ঠে আন্দার সের এলাকায় স্কুলটিতে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের পর স্কুল ভবনের একটি অংশ ধসে পড়ে। শ্রেণিকক্ষের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায় ধুলায় ঢেকে যাওয়া শিশুদের স্কুলব্যাগ। উদ্ধারকাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণে অনেক শিশু আহত হয়। কেউ ভাঙা কাচের আঘাতে, কেউ দেয়াল ও ছাদ ধসে আহত হয়েছে। কয়েকজন ধ্বংসস্তূপের নিচেও আটকা পড়ে।
স্কুলের পাশের বাড়িতে থাকা নূর রহমান জানান, বিস্ফোরণের শব্দ শুনে তিনি ধুলার মধ্যে ছুটে যান। ওই স্কুলে তাঁর পরিবারের শিশুরাও পড়ত। একটি কক্ষে চিৎকার ও কান্নার শব্দ শুনে সেখানে ঢুকে নিজের ভাগনির হাত দেখতে পান। পরে ইট সরিয়ে তাকে এবং অন্য আহতদের উদ্ধার করেন।
বিস্ফোরণে আহত ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হাজি সুলাইমান জানান, বিস্ফোরণের পর কাঠের টুকরা ও মানুষের শরীরের অংশ চারদিকে ছড়িয়ে পড়তে দেখেন তিনি। স্কুলে গিয়ে দেখেন, কয়েকটি শিশুর মৃত্যু হয়েছে, অনেকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ভবনের ছাদ ও দেয়ালের বড় অংশ ধসে গেছে।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, কুনার প্রদেশের স্কুলের কাছে বিস্ফোরণে বহু শিশুর প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। সংস্থাটি জানিয়েছে, আহতদের জীবন রক্ষাকারী চিকিৎসাসেবা দিতে এবং ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারগুলোর প্রয়োজন নিরূপণে তারা সহযোগিতা করছে।
এর আগে গত আগস্টে রাজধানী কাবুলের একটি স্কুল প্রাঙ্গণে হাতবোমা হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন