১০:১৫ এম
মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের কোমায়াগুয়া বিভাগে একটি যাত্রীবাহী বাস পিকআপ ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর খাদে পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। এ তথ্য দেশটির দমকল বিভাগ নিশ্চিত করেছে।
শনিবার (২৮ নভেম্বর) এই দুর্ঘটনাটি ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এটি মধ্য আমেরিকায় সাম্প্রতিক সময়ে ঘটে চলা ধারাবাহিক প্রাণঘাতী বাস দুর্ঘটনার সর্বশেষ ঘটনা।
হন্ডুরাসের দমকল বিভাগের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে বাসচালক, তিনজন পুরুষ এবং পাঁচজন নারী অন্তর্ভুক্ত রয়েছেন। ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেওয়া এক কর্মী জানিয়েছেন, বাসটি উল্টে খাদে পড়ার সময় কয়েকজন যাত্রী ছিটকে বাইরে পড়ে যান।
আরও পড়ুন: আফ্রিকার সাহেল অঞ্চলে প্রভাব বিস্তার করতে যুক্তরাষ্ট্র কেন এতটা মরিয়া
‘ট্রান্সপোর্ট ক্যারোলিনা’ পরিচালিত বাসটি রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ১৭০ কিলোমিটার পশ্চিমে লা এস্পেরানজা শহরের দিকে যাচ্ছিল।
কোমায়াগুয়া বিভাগের একটি খাড়া ও আঁকাবাঁকা মহাসড়কে পিকআপ ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ ঘটে। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তথ্যসূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন