১০:১৯ এম
পাবনার চাটমোহরে মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ঘটেছে এক কৃষক ও ভ্যানচালকের। রোববার সকালে ৬টার দিকে চাটমোহর-পাবনা মহাসড়কের মথুরাপুর ইউনিয়নের ভাদ্রা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে আরো দুইজন আহত হয়েছেন।
নিহত কৃষক নজরুল ইসলাম (৭০) ছিলেন উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা হাট গ্রামের মৃত গোলাম ইয়াসিন আলীর পুত্র, এবং ভ্যানচালক আব্দুল মোমিন (৩২) শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
এ ঘটনায় নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৪০) এবং আজগার আলীর ছেলে মোজাম আলী (৪৫) গুরুতর আহত অবস্থায় রয়েছেন। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লার মেঘনায় ঝোপের দখলে নদী, দেশীয় মাছের সংকট তীব্র
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, সকালে চাটমোহর রেলবাজার (অমৃতকুণ্ডা) হাটে যাওয়ার উদ্দেশ্যে মসুর, রসুন ও সরিষাবোঝাই ব্যাটারিচালিত অটোভ্যানে রওনা দেন নজরুল ইসলামসহ অন্যান্যরা। ভাদ্রা বাইপাস এলাকায় পৌঁছানোর পর অটোভ্যানটির শ্যাফট (ধুলা) ভেঙে যায়। এই সময় পেছন থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-২০৪১) তাদের চাপা দেয়, ফলে ঘটনাস্থলেই নজরুল ইসলাম ও আব্দুল মোমিনের মৃত্যু ঘটে।
চাটমোহর থানার ওসি মোহা. অলিউর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ লাশ উদ্ধার করেছে। মৃতদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও ক্ষতিগ্রস্ত ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন