ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১০ জন নিহত


রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১০ জন নিহত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পালটাপালটি হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের বিভিন্ন স্থানে রুশ ড্রোন হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। অন্যদিকে, রাশিয়া দাবি করেছে যে, এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। যুদ্ধ শুরুর পর এক রাতে এত বিপুলসংখ্যক ড্রোন ভূপাতিতের ঘটনা বিরল বলে উল্লেখ করেছে দেশটি।

শনিবার (২৮ নভেম্বর) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার রোস্তভ অঞ্চলের একটি তেল শোধনাগার এবং সামারা ও বাশকোর্তোস্তান অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা।

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রোস্তভ অঞ্চলের নভোশাখতিনস্ক তেল শোধনাগারে পাঁচ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয়েছে। এছাড়া, সামারা অঞ্চলের অপরিশোধিত তেল পরিবহন, সংরক্ষণ ও মিশ্রণকেন্দ্র এলপিডিএস সামারা এবং বাশকোর্তোস্তানের তেল পাইপলাইন পাম্পিং স্টেশন এলপিডিএস নুরলিনোতেও হামলার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: আফ্রিকার সাহেল অঞ্চলে প্রভাব বিস্তার করতে যুক্তরাষ্ট্র কেন এতটা মরিয়া

এই তথ্যগুলো ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে প্রকাশ করেছে। তবে রাশিয়ার পক্ষ থেকে এসব স্থাপনায় ক্ষয়ক্ষতির বিষয়টি পুরোপুরি নিশ্চিত করা হয়নি।

অন্যদিকে, শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো এ তথ্য নিশ্চিত করেছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

ক্লিৎসকো জানিয়েছেন, হামলার ফলে রাজধানীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ ব্যাহত হতে পারে। শনিবার সকালে বিমান হামলার সতর্কতা জারির সময় কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ড্রোন হামলার ঘটনা ঘটে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও কিয়েভের একটি বিদ্যুৎ উপকেন্দ্র এবং কিয়েভ অঞ্চলের একটি তাপবিদ্যুৎকেন্দ্রে হামলার কথা জানিয়েছে। এছাড়া, কৃষ্ণসাগরে সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজে হামলা চালানোর দাবিও করেছে মস্কো।

আরও পড়ুন: ভারতে পাকিস্তানের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স মোয়াজ্জেম আলী

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের নিজিন শহরে একটি শিল্পপ্রতিষ্ঠানে রুশ হামলায় সাতজন নিহত ও সাতজন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ। এছাড়া রাজধানী কিয়েভে রুশ হামলায় এক নারী নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

অন্যদিকে, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি হাসপাতালের গাড়িতে ইউক্রেনীয় ড্রোন হামলায় এক নার্স ও একজন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ-সমর্থিত স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের মধ্যে ওই হাসপাতালের প্রধান চিকিৎসকও রয়েছেন।

জাপোরিঝঝিয়া ইউক্রেনের এমন চারটি অঞ্চলের একটি, যেগুলোকে রাশিয়া নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে এবং পুরোপুরি দখলে নেওয়ার চেষ্টা করছে।

অঞ্চলটির ইউক্রেনীয় সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জাপোরিঝঝিয়ায় ৭০০টির বেশি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। এসব হামলায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের হামলার লক্ষ্য ছিল সামরিক সংশ্লিষ্ট স্থাপনাগুলো।

আরও পড়ুন: যাত্রীর হামলায় আহত উবার চালক মোহাম্মদ ইউসুফ হাসপাতালে দুই সপ্তাহ পর মারা গেছেন

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। যুদ্ধ শুরুর পর এক রাতে এত বিপুলসংখ্যক ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের ঘটনা অন্যতম বলে দাবি মস্কোর। তবে ইউক্রেন মোট কতটি ড্রোন ছুড়েছিল কিংবা কতটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি রাশিয়া।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, আট ঘণ্টায় রাজধানী মস্কোর দিকে আসা ১২৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে মস্কো ও আশপাশের বিস্তৃত অঞ্চলের দিকে মোট ৪৬২টি ড্রোন আসার খবর পাওয়া গেছে। এর বেশির ভাগই ধ্বংস করা হয়েছে বলে দাবি তাঁর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোহলিকে পেছনে ফেলে ডাকের লজ্জার রেকর্ড গড়লেন জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৫ এম


কোহলিকে পেছনে ফেলে ডাকের লজ্জার রেকর্ড গড়লেন জয়সওয়াল

ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল নিউজিল্যান্ড সফরে ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রাখতে পারছেন না। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮৫ রান করে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও, দ্বিতীয় ইনিংসে তিনি ফিরেছেন শূন্য রানে। এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ডাকের অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন জয়সওয়াল।

শনিবার (২৮ নভেম্বর) ক্রাইস্টচার্চে দ্বিতীয় ইনিংসে মাত্র ছয় বল খেলতে পেরেছেন তিনি। ম্যাট হেনরির বলে আউট হওয়ার সময় ভারতের স্কোরবোর্ডে কোনো রান যোগ হয়নি। এই নিয়ে ডব্লিউটিসিতে আটবার শূন্য রানে ফিরলেন বাঁহাতি ওপেনার। এর আগে সাতটি করে ডাক নিয়ে বিরাট কোহলির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।

ডব্লিউটিসিতে ৪৬ ম্যাচ খেলে সাতবার শূন্য রানে আউট হয়েছেন কোহলি। অন্যদিকে, যশস্বী জয়সওয়াল মাত্র ২৪ ম্যাচেই তাকে ছাড়িয়ে গেছেন। এই তালিকায় ছয়টি ডাক নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন চেতেশ্বর পূজারা।

শুধু ডব্লিউটিসিতেই নয়, ভারতীয় টেস্ট ওপেনারদের মধ্যে আটবার শূন্য রানে আউট হয়ে যৌথভাবে পঞ্চম স্থানে উঠে এসেছেন জয়সওয়াল। তার সমান ডাক রয়েছে মুরালী বিজয়েরও। এই তালিকায় ১৫টি ডাক নিয়ে সবার ওপরে রয়েছেন বীরেন্দ্র শেবাগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হন্ডুরাসে পিকআপের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৫ এম


হন্ডুরাসে পিকআপের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৯

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের কোমায়াগুয়া বিভাগে একটি যাত্রীবাহী বাস পিকআপ ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর খাদে পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। এ তথ্য দেশটির দমকল বিভাগ নিশ্চিত করেছে।

শনিবার (২৮ নভেম্বর) এই দুর্ঘটনাটি ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এটি মধ্য আমেরিকায় সাম্প্রতিক সময়ে ঘটে চলা ধারাবাহিক প্রাণঘাতী বাস দুর্ঘটনার সর্বশেষ ঘটনা।

হন্ডুরাসের দমকল বিভাগের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে বাসচালক, তিনজন পুরুষ এবং পাঁচজন নারী অন্তর্ভুক্ত রয়েছেন। ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেওয়া এক কর্মী জানিয়েছেন, বাসটি উল্টে খাদে পড়ার সময় কয়েকজন যাত্রী ছিটকে বাইরে পড়ে যান।

‘ট্রান্সপোর্ট ক্যারোলিনা’ পরিচালিত বাসটি রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ১৭০ কিলোমিটার পশ্চিমে লা এস্পেরানজা শহরের দিকে যাচ্ছিল।

কোমায়াগুয়া বিভাগের একটি খাড়া ও আঁকাবাঁকা মহাসড়কে পিকআপ ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ ঘটে। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তথ্যসূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপিপন্থী শিক্ষকদের আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৬ এম


রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপিপন্থী শিক্ষকদের আলোচনা সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) ‘সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ: প্রেক্ষিত ৭ নভেম্বর’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাবির সভাপতি অধ্যাপক ড. মো. গোলাম ছাদিকের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল। তিনি উত্তরাঞ্চলে শিক্ষার প্রসার নিয়ে আলোচনা করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করেন। ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে তিনি স্বাধীনতার ঘোষণা প্রদানের মাধ্যমে জিয়াউর রহমানের বীরত্বের প্রকাশ সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশপ্রেম ও বিসর্জনের বিষয়েও বক্তব্য দেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করেছিল। বর্তমানে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দলই বাংলাদেশকে একটি নিরাপদ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। বাংলাদেশের কৃষি ও শিল্প খাত থেকে শুরু করে তৈরি পোশাকশিল্পের যে অগ্রগতি হয়েছে, তার সূচনা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান। এসব উন্নয়নের ভিত্তি তার হাত ধরেই তৈরি হয়েছিল। তাই ৭ নভেম্বর আমাদের দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সব সময়ই গণ-আন্দোলনসহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনায় আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছে। ৭ নভেম্বর আমাদের জাতীয়তাবাদের জন্মদিন। ৭ নভেম্বর হয়েছিল বলেই জিয়াউর রহমান জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তিনি কোনো গুম, খুন বা হত্যার মাধ্যমে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেননি; বরং সিপাহি-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। সব ক্রান্তিকালে আমরা দেখেছি, তিনি নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছেন।

শিক্ষাব্যবস্থার সংস্কার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার বিষয়ে তিনি বলেন, যে ইতিহাসগুলো পাঠ্যবই থেকে তুলে দেওয়া হয়েছিল, সেগুলো নতুন করে আবার পাঠ্যবইয়ে নিয়ে আসা প্রয়োজন। ১৭ বছরে আমাদের শিক্ষাব্যবস্থায় যে অবক্ষয় হয়েছে, সেটির জন্য আমাদের কাজ করতে হবে। ইউজিসির সদস্য হিসেবে আমার যতটুকু সাহায্য করার প্রয়োজন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তা করব।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জনের বেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৭ এম


মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জনের বেশি নিহত

মিয়ানমারের সামরিক বাহিনী কর্তৃক পৃথক দুটি বিমান হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। প্রথম হামলায় বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণকারী পাঁচ শিশুসহ ২১ জন নিহত হন। অন্য হামলায় প্রাণ হারান আরো ৯ জন।

শনিবার, দেশটির উত্তর-পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে এসব হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের মোয়ে বাই জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালায় জান্তা বাহিনী। এতে ২১ জনের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। এই হামলায় ৪০ জনের বেশি আহত হয়েছেন। নুয়ে ও ইয়াউং চি ফাউন্ডেশনের প্রধান জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে দ্বিতীয় দফায় বোমা ফেলা হয়। তিনি নিরাপত্তার কারণে নিজের নাম প্রকাশ করতে চাননি।

আহত ব্যক্তিদের রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ শহরের একটি বাজারেও শনিবার বিমান হামলা চালানো হয়। স্থানীয় অন্ত্যেষ্টিক্রিয়া ব্যবস্থাপনা সংগঠনের প্রধান হ্লা মং উ জানান, ওই হামলায় ৯ জন নিহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে ধারণ করা এএফপির ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের মধ্যে হতাহত ব্যক্তিদের খুঁজছেন লোকজন। অন্য একটি স্থানে সারি করে রাখা লাশের পাশে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।

এদিকে, মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হয়েছে আলজাজিরার পক্ষ থেকে। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো জবাব পাওয়া যায়নি।

বেসামরিক মানুষের ওপর হামলার অভিযোগ

মিয়ানমারের নির্বাসিত স্বঘোষিত জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) দাবি, বৃহস্পতিবার দেশটির মধ্যাঞ্চলেও বিমান, গোলা ও ড্রোন হামলা চালানো হয়। ম্যাগওয়ে অঞ্চলের একটি স্কুল ও বৌদ্ধমঠকে কেন্দ্র করে চালানো ওই হামলায় ২০ জন বেসামরিক মানুষ নিহত হন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এনইউজি দাবি করেছে যে, পিপলস ডিফেন্স ফোর্সেসের (পিডিএফ) ৯ সদস্যও নিহত হয়েছেন।

সাম্প্রতিক তিনটি হামলা ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধে ব্যাপক প্রাণহানির সর্বশেষ ঘটনা। ওই অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল সামরিক বাহিনী।

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির হিসাব অনুযায়ী, মিয়ানমারের এ সংঘাতে সব পক্ষের মিলিয়ে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।

মোয়ে বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এর আশপাশের এলাকায় বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে। এলাকাটি শান ও কারেনি রাজ্যের সীমান্তবর্তী। সেখানে বিপুলসংখ্যক অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ বসবাস করেন।

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়ের পর হামলা

মিয়ানমারে নতুন করে বিমান হামলার ঘটনা ঘটেছে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের কয়েক দিন পর। গত ১৯ নভেম্বর দেওয়া এক রায়ে আদালত জানায়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগণের বিরুদ্ধে দমন-পীড়নের সময় মিয়ানমার গণহত্যা চালিয়েছে। ওই অভিযানে দেশটির নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে বেসামরিক মানুষকে হত্যা, ধর্ষণ ও তাদের সম্পদ ধ্বংস করেছিল।

২০২১ সালের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া মিয়ানমারের সামরিক নেতা মিন অং হ্লাইং এ বছর ব্যাপক সমালোচিত নির্বাচনের পর বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আইসিজের রায়ের ‘অনুপযুক্ত’ অংশগুলো মেনে নেবে না তার সরকার।

এরই মধ্যে দেশটিতে সামরিক বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক এসব হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%