১০:১৭ এম
মিয়ানমারের সামরিক বাহিনী কর্তৃক পৃথক দুটি বিমান হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। প্রথম হামলায় বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণকারী পাঁচ শিশুসহ ২১ জন নিহত হন। অন্য হামলায় প্রাণ হারান আরো ৯ জন।
শনিবার, দেশটির উত্তর-পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে এসব হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলের মোয়ে বাই জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালায় জান্তা বাহিনী। এতে ২১ জনের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। এই হামলায় ৪০ জনের বেশি আহত হয়েছেন। নুয়ে ও ইয়াউং চি ফাউন্ডেশনের প্রধান জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে দ্বিতীয় দফায় বোমা ফেলা হয়। তিনি নিরাপত্তার কারণে নিজের নাম প্রকাশ করতে চাননি।
আরও পড়ুন: আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ১০ জন নিহত
আহত ব্যক্তিদের রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ শহরের একটি বাজারেও শনিবার বিমান হামলা চালানো হয়। স্থানীয় অন্ত্যেষ্টিক্রিয়া ব্যবস্থাপনা সংগঠনের প্রধান হ্লা মং উ জানান, ওই হামলায় ৯ জন নিহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে ধারণ করা এএফপির ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের মধ্যে হতাহত ব্যক্তিদের খুঁজছেন লোকজন। অন্য একটি স্থানে সারি করে রাখা লাশের পাশে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
এদিকে, মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হয়েছে আলজাজিরার পক্ষ থেকে। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো জবাব পাওয়া যায়নি।
আরও পড়ুন: মার্কিন বাহিনীতে ইরানের হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইলন মাস্ক
বেসামরিক মানুষের ওপর হামলার অভিযোগ
মিয়ানমারের নির্বাসিত স্বঘোষিত জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) দাবি, বৃহস্পতিবার দেশটির মধ্যাঞ্চলেও বিমান, গোলা ও ড্রোন হামলা চালানো হয়। ম্যাগওয়ে অঞ্চলের একটি স্কুল ও বৌদ্ধমঠকে কেন্দ্র করে চালানো ওই হামলায় ২০ জন বেসামরিক মানুষ নিহত হন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এনইউজি দাবি করেছে যে, পিপলস ডিফেন্স ফোর্সেসের (পিডিএফ) ৯ সদস্যও নিহত হয়েছেন।
সাম্প্রতিক তিনটি হামলা ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধে ব্যাপক প্রাণহানির সর্বশেষ ঘটনা। ওই অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল সামরিক বাহিনী।
সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির হিসাব অনুযায়ী, মিয়ানমারের এ সংঘাতে সব পক্ষের মিলিয়ে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।
আরও পড়ুন: আফ্রিকার সাহেল অঞ্চলে প্রভাব বিস্তার করতে যুক্তরাষ্ট্র কেন এতটা মরিয়া
মোয়ে বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এর আশপাশের এলাকায় বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে। এলাকাটি শান ও কারেনি রাজ্যের সীমান্তবর্তী। সেখানে বিপুলসংখ্যক অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ বসবাস করেন।
রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়ের পর হামলা
মিয়ানমারে নতুন করে বিমান হামলার ঘটনা ঘটেছে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের কয়েক দিন পর। গত ১৯ নভেম্বর দেওয়া এক রায়ে আদালত জানায়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগণের বিরুদ্ধে দমন-পীড়নের সময় মিয়ানমার গণহত্যা চালিয়েছে। ওই অভিযানে দেশটির নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে বেসামরিক মানুষকে হত্যা, ধর্ষণ ও তাদের সম্পদ ধ্বংস করেছিল।
২০২১ সালের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া মিয়ানমারের সামরিক নেতা মিন অং হ্লাইং এ বছর ব্যাপক সমালোচিত নির্বাচনের পর বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আইসিজের রায়ের ‘অনুপযুক্ত’ অংশগুলো মেনে নেবে না তার সরকার।
আরও পড়ুন: ভারতে পাকিস্তানের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স মোয়াজ্জেম আলী
এরই মধ্যে দেশটিতে সামরিক বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক এসব হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন