১২:২৯ পি.এম
বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা এগিয়ে আছেন। প্রাথমিক ফলাফলে তিনি ৫৮ শতাংশ ভোট অর্জন করেছেন। তার প্রতিদ্বন্দ্বী সাবেক অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আন্দ্রে গিউরভ পেয়েছেন প্রায় ৩৮ শতাংশ ভোট। গিউরভ পরাজয় মেনে নিয়ে বলেছেন, ভোটের ফল গ্রহণ করতে হবে। আনুষ্ঠানিক ফলাফল যদি এই ব্যবধান বজায় রাখে, তবে ইয়োতোভা বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী রাষ্ট্রপ্রধান হবেন।
রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটের প্রাথমিক হিসাব দেশটির বিভিন্ন জরিপ সংস্থা দিয়েছে। ইয়োতোভা রাশিয়ার সঙ্গে সংলাপের পক্ষে অবস্থান নিয়েছেন এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করেছেন। অন্যদিকে, গিউরভ পশ্চিমাপন্থি বিরোধী দলগুলোর সমর্থন পেয়েছেন।
গিউরভ বলেছেন, "ভোটের ফল মেনে নেওয়া উচিত।" তিনি আরও বলেন, "বুলগেরিয়ার নাগরিকেরা এভাবেই ভোট দিয়েছেন।"
আরও পড়ুন: জেলেনস্কির জন্য মস্কোর দরজা খোলা: ক্রেমলিন
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইয়োতোভাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, "নিরাপত্তা ও প্রতিরক্ষা থেকে শুরু করে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা এবং জ্বালানির স্বাধীনতা—সব ক্ষেত্রেই যৌথ কাজ অব্যাহত রাখার অপেক্ষায় আছি।"
ভোট-পরবর্তী জরিপে ভোটার উপস্থিতি ২৭ থেকে ২৯ শতাংশ হতে পারে বলে ধারণা করা হয়েছে। গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল রেকর্ড সর্বনিম্ন ২৩ শতাংশ। সেই তুলনায় এবার ভোটার উপস্থিতি কিছুটা বৃদ্ধি পেয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে এবং সোমবার আনুষ্ঠানিক ফল প্রকাশের কথা রয়েছে। বুলগেরিয়ার প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক।
৬১ বছর বয়সি ইয়োতোভা গত জানুয়ারিতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। তার দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র প্রধানমন্ত্রী রুমেন রাদেভ পদত্যাগ করে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জয়ী হন। এরপর ইয়োতোভা ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পান।
রাজধানী সোফিয়ায় ভোট দিতে গিয়ে ৬৪ বছর বয়সী শিক্ষক ক্রাসিমিরা কোস্তোভা দুই প্রার্থীর প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। এএফপিকে তিনি বলেছেন, "দুই প্রার্থীর কাউকেই আমার পছন্দ নয়।" তবুও তিনি ভোট দিয়েছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সুরে পরিবর্তন ভালো লক্ষণ: ইরান
৬৭ বছর বয়সি অবসরপ্রাপ্ত প্রকৌশলী পেতার দইচিনভ গত সপ্তাহে প্রথম দফার ভোটে অংশ নেননি। তার ধারণা ছিল, নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে। এবার ভোট দিয়ে তিনি বলেছেন, দুই প্রার্থীর কেউই তার "গণতন্ত্রের দৃষ্টিভঙ্গির" সঙ্গে মেলে না। তাই তিনি "তুলনামূলক কম খারাপ" প্রার্থীকে ভোট দিয়েছেন।
বুলগেরিয়ার কৃষ্ণসাগর উপকূলে গত মাসে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব হামলার ঘটনায় এখনো ২১ জন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ার অংশ হিসেবে এসব হামলা হয়েছে।
প্রধানমন্ত্রী রুমেন রাদেভ বলেছেন, হামলাগুলো মস্কোর স্বার্থে কাজ করছে বলে মনে হচ্ছে। এ ঘটনায় তিনি রুশ রাষ্ট্রদূতকে তলব করেছিলেন। তবে তার সরকার বলেছে, হামলার সঙ্গে মস্কোর সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই।
দুই প্রেসিডেন্ট প্রার্থীই হামলার নিন্দা জানিয়েছেন। তারা ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। তবে টেলিভিশন বিতর্কে গিউরভ ইয়োতোভার সমালোচনা করে বলেন, তিনি হামলার জন্য সরাসরি রাশিয়াকে দায়ী করেননি। গিউরভ বলেছেন, "পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য রাশিয়াকে অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে।"
আরও পড়ুন: ইউনেসকো: সাংবাদিক হত্যার ৮৬% ঘটনার বিচার হয়নি
ইয়োতোভা জবাবে বলেন, "শুধু আলোচনার মাধ্যমেই শান্তি আসতে পারে।"
ভোট দেওয়ার পর তিনি বলেছেন, তিনি চান "বুলগেরিয়া শক্তিশালী ইউরোপের মধ্যে শক্তিশালী হোক" এবং "নিজের সিদ্ধান্তে সার্বভৌম থাকুক।"
গত সপ্তাহে প্রথম দফার ভোটে ইয়োতোভা ৩৫ শতাংশ এবং গিউরভ ৩২ শতাংশ ভোট পেয়েছিলেন। জনমত জরিপে ইয়োতোভা ২০ শতাংশ ব্যবধানে এগিয়ে থাকার পূর্বাভাস দেওয়া হলেও প্রথম দফার ফলে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ছিল অনেক কম।
রাজনৈতিক বিশ্লেষক তেওদর স্লাভেভ এএফপিকে বলেন, কৃষ্ণসাগরে রাশিয়ার হুমকির বিষয়ে ইয়োতোভার অসন্তোষজনক প্রতিক্রিয়ার মূল্যায়ন করেছেন ভোটাররা।
আরও পড়ুন: হরমুজ প্রণালীতে অজ্ঞাত বস্তুর আঘাতে জাহাজের ক্ষতি
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন