১২:৩১ পি.এম
ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সেনাবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হুথিদের বিরুদ্ধে ১ হাজার ২৭২টি সামরিক অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে প্রায় ৫০০ হুথি যোদ্ধা ও ফিল্ড কমান্ডার হতাহত হয়েছেন।
সেনাবাহিনীর মুখপাত্র মেজর মাজেদ আল-নুজাইলি জানান, এসব অভিযানে হুথিদের ১৬৯টি যানবাহন, সামরিক সরঞ্জাম এবং ভারী অস্ত্র ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, হতাহতদের মধ্যে কতজন নিহত এবং কতজন আহত হয়েছে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য প্রদান করেননি।
আল-নুজাইলি সামাজিক মাধ্যম এক্সে একটি বিবৃতিতে উল্লেখ করেন, ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর অংশ হিসেবে হুথিদের অবস্থান, সামরিক রসদ ও জনবলবাহী বহর, প্রতিরক্ষাব্যূহ, গোলাবর্ষণের অবস্থান এবং সরবরাহপথ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন: ইরান: যুক্তরাষ্ট্র যুদ্ধের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতি বিপর্যস্ত করতে চায়
তিনি আরও জানান, উত্তর ইয়েমেনের আল-জাওফ ফ্রন্টে সরকারি বাহিনীর স্থল অভিযান জোরদার করা হয়েছে এবং বিভিন্ন অবস্থান পুনর্দখলে এসব অভিযান সহায়তা করছে।
সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, মারিব, আল-বায়দা, লাহিজ এবং তাইজ প্রদেশেও সরকারি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তাইজে সেনাবাহিনী এবং তাদের মিত্র পপুলার রেজিস্ট্যান্স যোদ্ধাদের সঙ্গে হুথিদের সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে যুদ্ধবিমান, ড্রোন এবং কামান ব্যবহৃত হচ্ছে।
বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষায় সেনাবাহিনী প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে বলেও তিনি দাবি করেন।
এর আগে সেনাবাহিনী জানিয়েছে, তারা হুথিদের দুটি ড্রোন ভূপাতিত করেছে এবং তাইজের দক্ষিণাঞ্চলের আল-মিসরাখ জেলায় গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
আরও পড়ুন: মণিপুরে জাতিগত সহিংসতায় নিহত ৫, বিক্ষোভ অব্যাহত
সূত্র: আনাদোলু
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন