ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

স্কুল মিল কর্মসূচির তহবিল সংগ্রহে ১৭ দেশের কূটনীতিকদের র‍্যাম্পে হাঁটা


স্কুল মিল কর্মসূচির তহবিল সংগ্রহে ১৭ দেশের কূটনীতিকদের র‍্যাম্পে হাঁটা

বাংলাদেশের স্কুলশিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করার লক্ষ্যে তহবিল সংগ্রহের একটি ব্যতিক্রমী আয়োজনের অংশ হিসেবে র‍্যাম্পে হেঁটেছেন ১৭টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার। গত ৩০ অক্টোবর রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে ‘থ্রাইভ বেনিফিট ফ্যাশন শো’ শীর্ষক এই আয়োজন অনুষ্ঠিত হয়।

থ্রাইভ বাংলাদেশের স্কুল মিল কর্মসূচির জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে কূটনৈতিক সম্প্রদায়ের সদস্য, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধান, করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি, দাতা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের হসপিটালিটি পার্টনার হিসেবে ছিল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি উল্লেখ করেন, সরকার দেশব্যাপী স্কুল মিল কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে। এ সময় থ্রাইভ বাংলাদেশের মতো উদ্যোগ শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর প্রচেষ্টাকে আরও শক্তিশালী করছে। তিনি বলেন, "ক্ষুধার কারণে কোনো শিশুর শিক্ষাজীবন বাধাগ্রস্ত হওয়া উচিত নয়।"

আরও পড়ুন: মৌলভীবাজারে ১৬ বছর বয়সী কিশোরীকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগে মানববন্ধন

২০১২ সালে প্রিসিলা পেরি হেফেলফিঙ্গার, জিনা গ্যাবেল ও রেজিনা ল্যান্ডারের উদ্যোগে প্রতিষ্ঠিত থ্রাইভ বাংলাদেশ একটি অলাভজনক সংস্থা। প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্কুলের শিশুদের পুষ্টিকর খাবার সরবরাহ করে আসছে। সংস্থাটি বিশ্বাস করে যে, ক্ষুধার্ত পেটে কোনো শিশুর পড়াশোনা করা উচিত নয়।

অনুষ্ঠান আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং তাঁর স্ত্রী ফিলিপা উড।

থ্রাইভ বাংলাদেশের চেয়ার আমনা রহমান বলেন, "বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা বাংলাদেশের শিশুদের জন্য র‍্যাম্পে হেঁটেছেন। প্রতিটি টিকিট ও অনুদানের অর্থ সরাসরি শিশুদের খাবার সরবরাহে সহায়তা করবে।" তিনি আরও বলেন, "একটি শিশুর শিক্ষার সুযোগ পাওয়া কিংবা ক্ষুধার কারণে সেই সুযোগ থেকে বঞ্চিত হওয়ার মধ্যে এ উদ্যোগ পার্থক্য গড়ে দিতে পারে।"

সংস্থাটির ডেপুটি চেয়ার কানওয়াল বক্সী ভগত বলেন, "থ্রাইভের খাবার শিশুদের বিদ্যালয়ে আসতে এবং পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করে।" তিনি উল্লেখ করেন, প্রতিদিন পুষ্টিকর খাবার সরবরাহের মাধ্যমে শিশুদের সুস্থ রাখা, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষাজীবনে ভালো ফল অর্জনে সহায়তা করা হচ্ছে।

আরও পড়ুন: ১১ জেলায় ৮৭৯ জন গ্রেপ্তার, ৩০৩ কিশোর অভিভাবকের জিম্মায় মুক্ত

আরেক ডেপুটি চেয়ার সাদিয়া মইন বলেন, "প্রতিটি পুষ্টিকর খাবারই সুস্বাস্থ্য, আশার আলো ও উজ্জ্বল আগামীর উপহার।"

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বানি নায়ার জানান, থ্রাইভ বাংলাদেশের হসপিটালিটি পার্টনার হতে পেরে তারা সম্মানিত। তিনি আশা প্রকাশ করেন যে, এ আয়োজন ঢাকার অন্যতম অর্থবহ বার্ষিক অনুষ্ঠানে পরিণত হবে।

আয়োজন থেকে সংগৃহীত অর্থ থ্রাইভ বাংলাদেশের ১৩টি সহযোগী স্কুলের শিক্ষার্থীদের প্রতিদিনের খাবার সরবরাহে ব্যয় করা হবে। এসব খাবারের তালিকায় থাকবে তাজা ফলমূল, শাকসবজি, ডিম, দুধ ও বাদামের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার। পাশাপাশি, নতুন স্কুলগুলোকে এ কর্মসূচির আওতায় আনার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেছে করতোয়া গ্রিন স্পিনিং মিলস লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, অ্যাজাইল মাইন্ডস সলিউশন লিমিটেড, র‍্যাংকন, জেডএক্সওয়াই ইন্টারন্যাশনাল ও নেসলে বাংলাদেশ পিএলসি। আয়োজনে সহযোগিতার জন্য ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে থ্রাইভ বাংলাদেশ।

আরও পড়ুন: বেনাপোলে পাসপোর্ট যাত্রীর ১৩ হাজার টাকা ছিনতাই, দুই ব্যক্তি আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলেনস্কির জন্য মস্কোর দরজা খোলা: ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


জেলেনস্কির জন্য মস্কোর দরজা খোলা: ক্রেমলিন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে যোগাযোগের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কখনোই অস্বীকার করেননি। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুতিন সরাসরি ফোন কল আসলে সেই কল গ্রহণ করবেন এবং আলোচনা করবেন।

ক্রেমলিনের জ্যেষ্ঠ সহযোগী (এইড) ইউরি উশাকভ রুশ চ্যানেল ‘ভেস্তি’র সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করেন।

উশাকভকে প্রশ্ন করা হয়েছিল, যদি জেলেনস্কি ফোন করেন তবে কি পুতিন তা রিসিভ করবেন? তার জবাবে তিনি বলেন, "আমি মনে করি তিনি অবশ্যই উত্তর দেবেন। পুতিন কখনো আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেননি।"

এছাড়া, ক্রেমলিনের এই কর্মকর্তা ইঙ্গিত দেন যে, জেলেনস্কি যদি সত্যিই রুশ প্রেসিডেন্টের সাথে সরাসরি আলোচনা করতে চান, তবে মস্কোর দরজা তার জন্য খোলা রয়েছে।

উশাকভ আরও বলেন, "তিনি (জেলেনস্কি) বিভিন্ন মাধ্যমে আলোচনার বার্তা পাঠাচ্ছেন। যদি তিনি সত্যিই পুতিনের সাথে দ্বিপক্ষীয় আলোচনা করতে চান, তবে সরাসরি মস্কোতে চলে আসতে পারেন।" সূত্র: তাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় চারমাথা-কামারগাড়ী মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণে মতবিনিময়সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


বগুড়ায় চারমাথা-কামারগাড়ী মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণে মতবিনিময়সভা

বগুড়া শহরের যানজট নিরসন ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে চারমাথা থেকে নূরানী মোড় হয়ে কামারগাড়ী রেলঘুমটি পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।

সভায় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা ৫০ থেকে ১০০ বছরের শহরের চাহিদা মাথায় রেখে দূরদর্শী পরিকল্পনা করার ওপর গুরুত্বারোপ করে বলেন, চারমাথা থেকে কামারগাড়ী পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত হলে শহরের যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব পরিবর্তন আসবে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ বাইপাস দিয়ে ৪০ ফিট রাস্তা নির্মাণ, স্টেডিয়াম রোড প্রশস্তকরণ এবং শহরকে যানজটমুক্ত করতে সার্বিক পরিকল্পনার কথা জানান তিনি।

রাজশাহীর মতো সুন্দর শহরের দৃষ্টান্ত টেনে বগুড়াকে দৃষ্টিনন্দন করতে সড়ক প্রশস্তকরণে অন্তত ৬ ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়ার মানসিকতা তৈরি এবং পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে বিল্ডার ও সর্বসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান বাদশা।

সভায় প্রকল্পের বিস্তারিত রূপরেখা তুলে ধরেন সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) বগুড়া জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুরুজ মিয়া নেতৃত্বে নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক। তিনি জানান, ২.৩ কিলোমিটার দীর্ঘ এই সড়ক চার লেনে উন্নীত করতে প্রায় ২৯৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। প্রকল্পে ১.৯৮ হেক্টর ব্যক্তিগত জমি এবং ২.০৬ হেক্টর সরকারি জমি অধিগ্রহণ করা হবে। সড়কের মিডিয়ান, ড্রেন, ফুটপাত, বাস-বে, ইউ-লুপ ট্রাক ওভারপাস এবং সোলার লাইটিংয়ের পাশাপাশি বগুড়ায় প্রথমবারের মতো মাটির নিচে ইউটিলিটি ডাক্ট নির্মাণ করে বিদ্যুৎ, পানি, গ্যাস ও ক্যাবল লাইন স্থানান্তরের সুসংবাদ দেন তিনি।

অন্যদিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব আনোয়ারুল আলম বলেন, মাস্টার প্ল্যানের আওতায় সরকারের সমন্বিত ভাবনার অংশ হিসেবেই বগুড়ার একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

মতবিনিময় পর্বে উপস্থিত অংশীজনরা নিজ নিজ মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল নূরানী মোড় থেকে ব্যাটালিয়ন এলাকা পর্যন্ত রেলওয়ের জায়গা ব্যবহারের ওপর জোর দেন, যাতে সাধারণ ব্যবসায়ী ও ব্যক্তি মালিকানাধীন জায়গা রক্ষা পায়। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদল চার লেনের পথটি দত্তবাড়ি হয়ে চেলোপাড়া ব্রিজ ও দ্বিতীয় বাইপাস পর্যন্ত এবং স্টেডিয়াম পর্যন্ত সম্প্রসারণের দাবি জানান।

এনসিপি বগুড়া জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী এম এস এ মাহমুদ নির্দিষ্ট কিছু সড়ক একমুখী করার পরামর্শ দেওয়ার পাশাপাশি ইউটিলিটি ডাক্টে গ্যাস, পানি ও বিদ্যুৎ লাইনের নিরাপত্তা সুনির্দিষ্ট রাখার কারিগরি তাগিদ দেন।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, অংশীজনদের দেওয়া সমস্ত যৌক্তিক মতামত সওজ ও কারিগরি কমিটির মাধ্যমে পর্যালোচনা করে নকশায় অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নেওয়া হবে।

জনস্বার্থ ও শহরের সার্বিক সুবিধা নিশ্চিত করেই প্রকল্পের চূড়ান্ত বাস্তবায়ন ত্বরান্বিত করার আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রকৌশলী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউজিল্যান্ড সফরে মারুফার অংশগ্রহণ অনিশ্চিত চোটের কারণে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


নিউজিল্যান্ড সফরে মারুফার অংশগ্রহণ অনিশ্চিত চোটের কারণে

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেস আক্রমণের একটি গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিত মারুফা আক্তার। তবে, আসন্ন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশকে এই পেসারকে ছাড়াই খেলতে হতে পারে।

মারুফার পুরোনো গোড়ালির চোট আবারও ফিরে আসায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার বিষয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। মাঠে দ্রুত ফেরানোর পরিবর্তে তাকে পুরোপুরি সুস্থ করে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে বোর্ড।

বাংলাদেশ নারী দলের নিউজিল্যান্ড সফর আগামী ১০ ডিসেম্বর শুরু হবে, যেখানে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে। দুই দলের মাঠের লড়াইটি টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে। তবে, মারুফার চোটের কারণে এই সিরিজে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবির সূত্রে জানা গেছে, তার গোড়ালির পুরোনো সমস্যা আবারও দেখা দিয়েছে।

মারুফার সুস্থতার বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিসিবি। দলের অন্যতম নির্ভরযোগ্য এই পেসারকে পুরোপুরি ফিট না করে মাঠে ফেরাতে চায় না তারা। বোর্ডের মূল লক্ষ্য হলো দীর্ঘ মেয়াদে তার ফিটনেস ও বোলিং সক্ষমতা ধরে রাখা।

ক্রিকবাজ -কে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, মারুফার গোড়ালির ব্যথা আবার ফিরে এসেছে। তাই বোর্ড তাকে পর্যাপ্ত বিশ্রাম ও সুস্থ হওয়ার সময় দিতে চায়। ভবিষ্যতে যেন কোনো ধরনের অস্বস্তি ছাড়াই বোলিং করতে পারেন, সেটি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরোপুরি সুস্থ না হলে তার জন্য নিজের স্বাভাবিক সামর্থ্য অনুযায়ী বোলিং করাও কঠিন হয়ে পড়তে পারে বলে মনে করছে বিসিবি।

বাংলাদেশের পেস আক্রমণে মারুফার গুরুত্ব বিবেচনায় নিয়েই এমন সতর্ক সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাময়িকভাবে নিউজিল্যান্ড সফরে তাকে না পাওয়ার আশঙ্কা থাকলেও, চোট পুরোপুরি কাটিয়ে দীর্ঘ সময় দলের হয়ে খেলার উপযোগী করে তোলাই এখন বোর্ডের প্রধান অগ্রাধিকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ, উত্তোলন ২০ বছর চলবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


নোয়াখালীতে ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ, উত্তোলন ২০ বছর চলবে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ সম্পন্ন হওয়ার পর গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কম্পানি লিমিটেড (বাপেক্স) জানায়, কূপটির দুইটি জোনে ৯ হাজার ৭৬৯ কোটি ঘনফুট (৯৭.৬৯ বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে।

ভোক্তা পর্যায়ে এই গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার বিকেলে, সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক অগ্নি প্রজ্বলনের মাধ্যমে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তেল বা অন্য কোনো পদার্থের উপস্থিতি আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি টেস্টের পর জানা যাবে।

এর আগে, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কম্পানি লিমিটেড (বাপেক্স) নিজস্ব অর্থায়নে কূপটির খনন কার্যক্রম সম্পন্ন করে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাপেক্সের ত্রিমাত্রিক সিসমিক সার্ভের প্রতিবেদন অনুযায়ী কূপটির খনন কাজ শুরু হয়।

বাপেক্স জানায়, চলতি বছরের ৮ জুলাই বাপেক্সের বিজয়-১০ রিগ ব্যবহার করে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খনন কাজ শুরু হয়। ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খনন কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ২০ বছর ধরে কূপটি থেকে গ্যাস উত্তোলন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%