ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গাছে মুরগিবোঝাই পিকআপের ধাক্কায় নিহত ১, আহত ৩


গাছে মুরগিবোঝাই পিকআপের ধাক্কায় নিহত ১, আহত ৩

ঝালকাঠির নলছিটিতে একটি মুরগিবোঝাই পিকআপ গাছের সঙ্গে ধাক্কা লেগে ইমরান হোসেন (৪০) নামের একজনের মৃত্যু ঘটে। তিনি ওই পিকআপের চালকের সহকারী হিসেবে কাজ করছিলেন।

 

দুর্ঘটনার ফলে পিকআপের চালকসহ আরও তিনজন গুরুতরভাবে আহত হন।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

শনিবার (২৯ আগস্ট) রাত দুইটার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, রাত দুইটার সময় একটি মুরগিবোঝাই পিকআপ বরিশাল থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। দ্রুতগতিতে চলার সময় দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় এসে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

 

এই ঘটনায় ঘটনাস্থলে পিকআপের চালকের সহকারী ইমরান হোসেনের (৪০) মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালকসহ গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ব্যক্তি পটুয়াখালীর দশমিনা এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে ছিলেন।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ জানিয়েছেন, ‘হাইওয়ে পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে অস্ত্র রফতানি বাড়াতে বড় প্রস্তুতি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


বিশ্ববাজারে অস্ত্র রফতানি বাড়াতে বড় প্রস্তুতি পাকিস্তানের

পাকিস্তানের সরকার আন্তর্জাতিক বাজারে প্রতিরক্ষা পণ্যের রফতানি সম্প্রসারণের লক্ষ্যে দেশের সবচেয়ে বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে দুটি নতুন শিল্পকারখানা চালু করতে যাচ্ছে। দেশীয়ভাবে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে চলতি বছরের শেষ নাগাদ এই কারখানাগুলোতে উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

শনিবার পাকিস্তানের সেনাপ্রধান ও দেশটির চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির ওয়াহ শহরের পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরিজ (পিওএফ) পরিদর্শন করেন।

এ সময় তাকে প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা, রফতানির সম্ভাবনা এবং পাকিস্তানের সামগ্রিক প্রতিরক্ষা শিল্পে এর অবদান সম্পর্কে বিস্তারিত জানানো হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, মুনিরের এই সফর পাকিস্তানের প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা, দেশীয় উৎপাদন এবং প্রযুক্তিগত উদ্ভাবন এগিয়ে নেওয়ার বিষয়ে সামরিক নেতৃত্বের অঙ্গীকারকে তুলে ধরেছে।

নতুন দুটি কারখানায় কী ধরনের সামগ্রী তৈরি হবে, সে বিষয়ে পাকিস্তান কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি। তবে সেনাপ্রধানকে নতুন দুটি উৎপাদন কারখানা সম্পর্কে অবহিত করা হয়। সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, এসব স্থাপনা পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতাকে আরও স্থানীয়করণ ও আধুনিকায়নের চলমান উদ্যোগের অংশ।

ওয়াহ শহরের পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরিজ দেশটির সশস্ত্র বাহিনীর জন্য বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করে। আন্তর্জাতিক বাজারে পাকিস্তানের তৈরি সামরিক সরঞ্জামের প্রতি আগ্রহ বাড়ায় প্রতিষ্ঠানটির উৎপাদন ও রফতানি সক্ষমতা সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে ইসলামাবাদ।

দেশীয় অস্ত্র উৎপাদন ও রফতানি বাড়ানোর বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই নতুন কারখানা দুটি চালু হচ্ছে। পাকিস্তান সাম্প্রতিক সময়ে গোলাবারুদ, ড্রোন, প্রশিক্ষণ বিমান থেকে শুরু করে যুদ্ধবিমান পর্যন্ত বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জামের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের চেষ্টা করছে।

গত জানুয়ারিতে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, পাকিস্তান সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে ১৩টি দেশের সঙ্গে আলোচনা করছিল। এর মধ্যে ছয় থেকে আটটি দেশের সঙ্গে আলোচনা তখন বেশ অগ্রসর পর্যায়ে ছিল।

আলোচনায় পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমান, মুশশাক প্রশিক্ষণ বিমান, পাকিস্তানে তৈরি ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাঁজোয়া যান বিক্রির বিষয় ছিল। পাকিস্তান মনে করছে, নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বাড়াতে পারলে একদিকে দেশের সামরিক বাহিনীর প্রয়োজন মেটানো সম্ভব হবে, অন্যদিকে বিদেশি বাজারে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও বাড়বে।

মুনিরের সফরের সময় পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন খাতের কাঠামোগত সংস্কার নিয়েও তাকে অবহিত করা হয়। বিশেষ করে পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরিজের করপোরেট কাঠামোয় রূপান্তর এবং নতুন একটি নিয়ন্ত্রক সংস্থা গঠনের বিষয় তুলে ধরা হয়।

চলতি বছর পাকিস্তান ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড রেগুলেটরি অথরিটি (ডিপ্রা) নামে একটি নতুন সংস্থা প্রতিষ্ঠা করেছে। দেশটির প্রতিরক্ষা উৎপাদন খাতকে পুনর্গঠন এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোই এর অন্যতম লক্ষ্য।

জুনে জারি করা ডিপ্রা অধ্যাদেশের আওতায় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে একটি নতুন নিয়ন্ত্রক কাঠামোর অধীনে আনা হয়েছে। এর মাধ্যমে পাকিস্তান প্রতিরক্ষা শিল্পকে আরও বাণিজ্যিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে এবং রফতানির বড় উৎসে পরিণত করতে চাইছে।

পরিদর্শনকালে আসিম মুনির পাকিস্তানে নকশা করা ও দেশীয়ভাবে উৎপাদিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদের পরীক্ষা ও ট্রায়ালও প্রত্যক্ষ করেন বলে জানিয়েছে আইএসপিআর।

সামরিক বাহিনী বলছে, দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাকিস্তানের প্রতিরক্ষা খাতে বিদেশি নির্ভরতা কমানোর পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা ও উদ্ভাবন বাড়াবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে পাকিস্তানের তৈরি সামরিক সরঞ্জামের উপস্থিতি বাড়ানোর পথও তৈরি করবে।

নতুন দুটি কারখানায় বছরের শেষ নাগাদ উৎপাদন শুরু হলে পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের সামগ্রিক উৎপাদন সক্ষমতা কতটা বাড়বে, তা অবশ্য এখনো স্পষ্ট নয়। তবে দেশীয় অস্ত্র উৎপাদন, বেসরকারি বিনিয়োগ এবং রপ্তানি সম্প্রসারণ—এই তিন ক্ষেত্রকে একসঙ্গে এগিয়ে নেওয়ার ইসলামাবাদের প্রচেষ্টায় এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্র:

আরব নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নৌকা ভ্রমণের পর র‍্যাফেল ড্র, আলফাডাঙ্গায় বিজয়ীদের হাতে পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


নৌকা ভ্রমণের পর র‍্যাফেল ড্র, আলফাডাঙ্গায় বিজয়ীদের হাতে পুরস্কার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত নৌকা ভ্রমণ ও মিলনমেলার পর বর্ণাঢ্য র‍্যাফেল ড্রয়ের বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে আলফাডাঙ্গা সদর বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে র‍্যাফেল ড্রয়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
র‍্যাফেল ড্রয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হাবীব। এছাড়া নবম স্থান অর্জন করেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফুজ্জামান আরব।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিবসহ দলীয় নেতাকর্মীরা।
এর আগে নৌকা ভ্রমণকে ঘিরে মধুমতি নদীর বুকে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে দিনব্যাপী আনন্দ, উচ্ছ্বাস ও মিলনমেলার আয়োজন করা হয়। পরে আয়োজনের অংশ হিসেবে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও-১ আসনের উপসনির্বাচনের জন্য তাদের প্রার্থী ঘোষণা করেছে। আসন্ন নির্বাচনে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল দেলোয়ার হোসেন ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

আজ রবিবার ঠাকুরগাঁও জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত একটি সমাবেশে আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীর নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে লড়াই করেছিলেন দেলোয়ার হোসেন।

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম দেলোয়ার হোসেনের নাম ঘোষণা করেন। তিনি জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দেলোয়ার হোসেন প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

 

আব্দুল হালিম তাকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমার জীবনের সেরা উপহার তুমি’, মায়ের জন্মদিনে অপূর্ব

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


‘আমার জীবনের সেরা উপহার তুমি’, মায়ের জন্মদিনে অপূর্ব

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের জন্য তার মা শুধুমাত্র একজন অভিভাবক নন, বরং জীবনের সবচেয়ে বড় আশ্রয় ও শক্তি। মায়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্টের মাধ্যমে এই অভিনেতা তার ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা প্রকাশ করেছেন।

 

রবিবার (৩০ আগস্ট) দুপুরে, অপূর্ব তার মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘ছোটবেলা থেকে আজ অব্দি, আমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার আঁচল আমায় ছায়ার মতো আগলে রেখেছে। আমার না বলা কথাগুলো চোখের পলকেই বুঝে ফেলা, আমার একটুখানি কষ্টে তোমার বুক ফেটে যাওয়া.. তোমার এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ শোধ করার সাধ্য কার আছে?’

অপূর্ব তার জীবনে মায়ের অবদানের কথা উল্লেখ করে আরো লিখেছেন, ‘আমি আজ যা কিছু হয়েছি, যতদূর আসতে পেরেছি, তার পেছনের মূল শক্তি কেবল তোমার দু'আ আর আশীর্বাদ।’

তিনি পোস্টে উল্লেখ করেছেন যে, মায়ের হাসিই তার পৃথিবীকে আলোয় ভরিয়ে দেয়। অপূর্ব লিখেছেন, ‘তুমি হাসলে আমার পৃথিবী আলোয় ভরে যায়।

 

আল্লাহর কাছে তার একটাই প্রার্থনা, তিনি যেন মাকে সবসময় সুস্থ রাখেন, দীর্ঘায়ু করেন এবং মায়ের মুখের এই সুন্দর হাসিটি চিরকাল বজায় রাখেন।’

অপূর্ব সবশেষে মায়ের জন্য পৃথিবীর সব সুখ কামনা করে লিখেছেন, ‘পৃথিবীর সব সুখ আর ভালোলাগার অধিকারী হও তুমি আম্মু। আমার জীবনের সেরা উপহার তুমি। শুভ জন্মদিন!’

মায়ের জন্মদিনে অপূর্বর এই আবেগঘন পোস্ট ইতোমধ্যে ভক্তদেরও আবেগাপ্লুত করেছে।

 

অনেকে প্রিয় অভিনেতার মায়ের জন্য শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%