০২:০৮ পি.এম
চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতকের মৃত্যুর কারণে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের তথ্য স্বাস্থ্য অধিদফতর জানিয়েছিল। তবে হাসপাতালের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির দাবি করেছেন, কারণ দর্শানোর নোটিশটি হাসপাতালের প্যাথলজি সেন্টারের বিপরীতে দেয়া হয়েছিল।
শুক্রবার (১২ জুন) তিনি এক ফেসবুক পোস্টে হাসপাতালটিকে দেয়া কারণ দর্শানো নোটিশের তথ্য তুলে ধরে দাবি করেন, স্বাস্থ্য অধিদফতরের অধীনে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়নি।
ফেসবুক পোস্টে তিনি বিভিন্ন পয়েন্ট তুলে ধরে জানান, কর্তৃপক্ষ হাসপাতালের লাইসেন্স [HSM 4310058] বাতিল করেনি, বরং প্যাথলজি সেন্টারের লাইসেন্স [HSM 4310059] বাতিল করেছে।
আরও পড়ুন: রূপপুরের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রাশিয়ার বিমান
তিনি লিখেছেন, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়নি। প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এটা অবহেলা না কি সুচিন্তিত সিদ্ধান্ত? যদি অবহেলা হয়ে থাকে, তাহলে তা কেমন ধরনের অবহেলা? এটা আপনারাই বিবেচনা করবেন।
হাসপাতাল ও প্যাথলজির আলাদা লাইসেন্স থাকার কথা তুলে ধরে তিনি আরও উল্লেখ করেন, চলুন দেখে নেই, দুইটি লাইসেন্স রয়েছে। একটি আদ-দ্বীন হাসপাতালের জন্য, যেখানে লেখা আছে ‘ to set up and run a hospital/clinic’ [কপি নিম্নে সংযুক্ত করা হল]। এই লাইসেন্সের নম্বর HSM 4310058। অপরদিকে আরেকটি লাইসেন্স কর্তৃপক্ষ দিয়েছে, যেখানে উল্লেখ আছে ‘to set up and run a pathology Center’। এই লাইসেন্স নম্বর HSM 4310059 [কপি নিম্নে সংযুক্ত করা হল]।
শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের বদলে প্যাথলজিকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, এখন আসেন কারণ দর্শানো নোটিশ কী বলে? কর্তৃপক্ষ ৪ জুন ২০২৬ তারিখে কারণ দর্শানো নোটিশ জারি করে [কপি নিম্নে সংযুক্ত করা হল]। উক্ত নোটিশে লাইসেন্স নম্বর HSM 4310059 উল্লেখ করা হয় এবং ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়। জবাব দাখিলের জন্য ৪৮ ঘণ্টা সময় চাওয়া হয়। পরে জবাব দাখিল করা হয়। অতঃপর গতকাল লাইসেন্স বাতিল করা হয়। ৩০ দিনের মধ্যে আপিল করার আইনি সুযোগ দেয়া হয় [সিদ্ধান্ত নিম্নে সংযুক্ত করা হল]।
পোস্টের শেষে তিনি প্রশ্ন তুলেছেন, এখন আপনারাই বিচার করুন কী হয়েছে? কোনটা বাতিল হলো? hospital/Clinic নাকি pathology Center? কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন।
আরও পড়ুন: রূপপুর বিদ্যুৎকেন্দ্রে বি-২ ধাপের ফিজিক্স টেস্ট সম্পন্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন