০৮:১৩ পি.এম
ঢাকা, ২১ আগস্ট, ২০২৬ : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্তব্য করেছেন যে, সত্য, চিন্তা এবং জনগণের রাজনৈতিক স্পৃহাকে শক্তি বা আইনি নিষেধাজ্ঞা দিয়ে কখনো চিরতরে দমিয়ে রাখা সম্ভব নয়।
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী মনোজগৎ সাময়িকভাবে কাউকে নিষিদ্ধ করতে পারে কিংবা জনগণকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু সত্যকে সব সময়ের জন্য বন্দি রাখা সম্ভব নয়। প্রকৃতি ও স্রষ্টার আইন তার নিজস্ব গতিতে চলে।’
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ও লেখক ইমরুল কায়েসের রচিত ‘তারেক রহমান : নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এই অনুষ্ঠানের আয়োজন করেছে প্রকাশনা সংস্থা ‘মাতৃভাষা প্রকাশ’।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
তথ্যমন্ত্রী আরো বলেন, তারেক রহমানকে ঘিরে যে বইটি প্রকাশিত হয়েছে, সেটি মূলত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী মনোজগতের বিরুদ্ধে একটি ঐতিহাসিক সত্যের দস্তাবেজ। রাজনৈতিক নিপীড়ন ও কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েও তারেক রহমান ও তাঁর পরিবার যে আত্মত্যাগ স্বীকার করেছেন, তা গণতন্ত্রের প্রতি জনগণের আগ্রহ ও স্পৃহাকে আরও শক্তিশালী করেছে।
জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে স্বৈরাচারীদের শিক্ষা না নেওয়ার পরিণতি তুলে ধরে বলেন, ‘হিটলার থেকে শুরু করে যারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, তাদের পরিণতি ভয়াবহ হয়েছে। শেখ হাসিনাও ইতিহাস থেকে শিক্ষা নেননি বলেই জনগণের ম্যান্ডেট হারিয়ে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব।
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নু এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরীও এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
বাংলাভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাতৃভাষা প্রকাশের প্রকাশক নেসার উদ্দীন আয়ূব এবং বইটির লেখক ইমরুল কায়েস অনুভূতি প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন