ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শিশুদের নিরাপদ ও সুরক্ষিত শৈশব নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান


শিশুদের নিরাপদ ও সুরক্ষিত শৈশব নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব নিরাপদ হওয়া প্রয়োজন। তাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকতে হবে। এভাবেই নতুন উদ্যমে শিশুরা তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের পথে সফলতা অর্জন করবে।

তিনি উল্লেখ করেন, "প্রত্যেক শিশুর মধ্যেই অপার সম্ভাবনা ও প্রতিভা লুকিয়ে আছে। সেই প্রতিভা বিকাশের জন্য শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টি করা আবশ্যক।"

আজ শিশু অধিকার দিবস-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তার বক্তব্যে এসব কথা বলেন।

আরও পড়ুন: ঈশ্বরদীতে জমি বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা, শিশু ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডা. জুবাইদা রহমান বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা-কর্মচারী এবং শিশু-কিশোরদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

তিনি বলেন, "আজ থেকে ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন। শিশুদের সম্ভাবনা ও ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠার পর থেকে নানা বাধা-বিপত্তি সত্ত্বেও প্রতিষ্ঠানটি গত পাঁচ দশক ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"

তিনি আরও বলেন, "শিশু একাডেমির আঙিনায় ছবি আঁকা, সংগীত, নৃত্য, আবৃত্তি ও সাহিত্যচর্চার মাধ্যমে অগণিত শিশু-কিশোরের প্রতিভা বিকশিত হয়েছে। শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশে প্রতিষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।"

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

শিশুদের অধিকার ও শিক্ষার সুযোগ সম্প্রসারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, "দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা এবং মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন।"

ডা. জুবাইদা রহমান বলেন, "শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীর এই শুভক্ষণে নতুন উদ্যোগে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ শিশু একাডেমিকে দেশের প্রতিটি প্রান্তের সব শিশুর কাছে পৌঁছে দিতে হবে। আগামী দিনেও শিশু একাডেমি শিশুদের স্বপ্ন ও প্রতিভা বিকাশের একটি নির্ভরযোগ্য ঠিকানা হয়ে থাকবে।"

শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, ‘স্নেহের ছোট্ট বন্ধুরা, সকল বাধা-বিপত্তি ছিন্ন করে তোমরা প্রস্ফুটিত হবে। আশা-আকাঙ্ক্ষার সার্থকতার আলোকরশ্মি দু’হাতে বরণ করবে।’

প্রত্যেক শিশুর মাঝে অপার সম্ভাবনা ঘুমিয়ে আছে উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, "সেই প্রতিভাকে প্রকাশের সুযোগ দিতে হবে। নতুন উদ্যম ও নতুন উদ্যোগে শিশুরা ইনশাআল্লাহ সফল হবে।"

আরও পড়ুন: ঘিওরের ধলেশ্বরী নদীতে দুই দিন নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

তিনি বলেন, ‘প্রতিটি শৈশব হোক নিরাপদ, প্রতিটি শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত-এই আমাদের কামনা।’

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ শিশু তাদের স্বাগত জানান। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

শিশুদের আঁকা ছবি নিয়ে আয়োজিত প্রদর্শনী ও আলোকচিত্র গ্যালারিও তাঁরা পরিদর্শন করেন।

আরও পড়ুন: রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ সেন্ট হতে পারে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ মন্তব্য করেছেন যে, মৎস্যখাতের গুরুত্বের কারণে এই খাতে বরাদ্দের পরিমাণ আরও বৃদ্ধি করা প্রয়োজন। তবে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি অর্থের অপচয় বন্ধে যথাযথ ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আবশ্যক।

আজ মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত ‘মৎস্যখাতে বাজেট ও সরকারের উন্নয়ন ভাবনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিষয়গুলো তুলে ধরেন। মৎস্য ভবনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, ‘মাছে-ভাতে বাঙালি’ এই পরিচয়ের সাথে মৎস্যখাতের গভীর সম্পর্ক রয়েছে। তবে প্রাকৃতিক জলাশয় সংকুচিত হওয়া ও পরিবেশগত পরিবর্তনের কারণে দেশীয় মাছের প্রাপ্যতা হ্রাস পেয়েছে। তাই উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণেও গুরুত্ব দেওয়া উচিত।

মৎস্যসম্পদ সংরক্ষণে অভয়াশ্রমের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, প্রকল্প গ্রহণ ও অর্থ ব্যয় করলেই হবে না, বরং অভয়াশ্রমের কার্যকারিতা মাঠপর্যায়ে যাচাই করা প্রয়োজন।

মোহাম্মদ আমিন উর রশিদ আরও বলেন, মাছের প্রজনন ও বংশবিস্তারের সুযোগ তৈরি করা অভয়াশ্রমের মূল উদ্দেশ্য। কোথায় কত টাকা ব্যয় হয়েছে, সেই অর্থে প্রকৃতপক্ষে কী কাজ হয়েছে এবং মাছের উৎপাদনে তার প্রভাব কেমন, এসব বিষয় নিয়মিত পর্যালোচনা করা জরুরি।

মৎস্যজীবীদের তালিকা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যদি ভুয়া বা অযোগ্য ব্যক্তির নাম তালিকায় থাকে, তাহলে প্রকৃত মৎস্যজীবীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন। তাই স্থানীয় পর্যায়ে যাচাই-বাছাইয়ে কর্মকর্তাদেরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় বিভিন্ন দেশ বাণিজ্যিকভাবে টুনা আহরণ করছে। বাংলাদেশও এই সম্ভাবনা কাজে লাগাতে পারে। তবে জরিপ পরিচালনা ও অর্থ ব্যয় করার পাশাপাশি জরিপের ফলাফল কীভাবে বাস্তব মৎস্য আহরণে কাজে লাগানো যায়, সে বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা প্রয়োজন।

মোহাম্মদ আমিন উর রশিদ আরও বলেন, গভীর সমুদ্রের মৎস্যসম্পদ কাজে লাগাতে বাংলাদেশকে দক্ষ জনবল, উপযুক্ত জাহাজ ও প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি মৎস্য খামারিদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করতে হবে।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত খামার পরিদর্শন ও কার্যক্রম তদারকি করতে হবে। এর ফলে দেশের মৎস্য খাত আরও উন্নতি লাভ করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মিঠাপানির মাছের উৎপাদন বাড়ানো, রপ্তানি সম্প্রসারণ এবং খাল-বিল, নদী-নালা ও অন্যান্য জলাশয়কে মৎস্য উৎপাদনের আওতায় আনার বিষয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, মৎস্য খাতের টেকসই উন্নয়নে দূষণমুক্ত জলাশয় ও নদ-নদী এবং নদীর নাব্যতা রক্ষা করা জরুরি। পাশাপাশি উৎপাদনের সাথে মৎস্যপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে কর্মশালায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পণ্যের দাম নিয়ে নাহিদের স্ট্যাটাস, সিন্ডিকেটকে দায়ী করলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


পণ্যের দাম নিয়ে নাহিদের স্ট্যাটাস, সিন্ডিকেটকে দায়ী করলেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ফেসবুকে পোলাওয়ের চাল, মাল্টা, ডিমসহ বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে একটি পোস্ট প্রকাশ করেছেন।

তিনি দাবি করেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য অসাধু সিন্ডিকেটকে দায়ী করা হচ্ছে। নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, আবারও অসাধু সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে -এ নাহিদ ইসলাম এসব কথা জানান।

নাহিদ ইসলাম তার পোস্টে উল্লেখ করেন, দুই মাস ধরে প্রতি কেজি মাল্টা ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ আমদানির নথি অনুযায়ী, প্রতি কেজি মাল্টার ক্রয়মূল্য ৮৭ টাকা। আমদানি শুল্ক, পরিবহন খরচ ও মুনাফা যোগ করেও প্রতি কেজির সর্বোচ্চ খরচ ২১০ টাকা হওয়ার কথা। সে অনুযায়ী, খুচরা বাজারে মাল্টার দাম ২৫০ টাকার বেশি হওয়ার কথা নয়।

মাল্টার দাম বৃদ্ধির পেছনে সরবরাহ–সংকটের কথা বলা হলেও আমদানির তথ্য তা সমর্থন করে না, লেখেন নাহিদ ইসলাম। তার দেওয়া তথ্যে দেখা যায়, গত বছরের জুলাই–সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের একই সময়ে অন্তত ২২ শতাংশ বেশি মাল্টা আমদানি হয়েছে। এরপরও দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় গত দুই মাসে জনগণের কাছ থেকে অসাধু সিন্ডিকেট কয়েক শ কোটি টাকা নিয়েছে বলে অভিযোগ করেন নাহিদ।

নাহিদ ইসলাম পোস্টে আরও উল্লেখ করেছেন, ১২০ টাকার পোলাওয়ের চাল বর্তমানে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। শুধু পোলাওয়ের চাল থেকেই গত তিন মাসে আনুমানিক দেড় হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ।

অন্তর্বর্তী সরকারের সময়ে প্রতি ডজন ডিমের গড় দাম ছিল ১২০ টাকা, বর্তমানে তা ১৬০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান নাহিদ। তার মতে, মুরগির খাবারের দাম বৃদ্ধির যুক্তি দেখানো হলেও সেই বৃদ্ধির প্রভাব বিবেচনায় প্রতিটি ডিমের দাম প্রায় এক টাকা বাড়ার কথা, কিন্তু তা বেড়েছে পাঁচ টাকা।

১২ কেজি সিলিন্ডারের দাম কয়েক দফা বাড়ানোর পরও বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে অন্তত এক হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে বলে জানান এনসিপির এই নেতা। তিনি প্রশ্ন তোলেন, আমদানি পর্যাপ্ত হলে প্রতিদিন অতিরিক্ত কোটি কোটি টাকা কাদের পকেটে যাচ্ছে।

নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ফ্যাসিবাদী আমলের মতো দেশ আবার সিন্ডিকেটের কবলে পড়েছে। তিনি সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মস্থলে যোগদান না করার কারণে এবং শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পর অব্যাহতির আবেদনের প্রেক্ষিতে ছয় শিক্ষকের মূল পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য প্রকাশ করা হয়।

শূন্য ঘোষিত পদগুলোতে থাকা শিক্ষকরা হলেন– পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক দিপা রানী দাস, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ সেন, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া হক চাঁদনী, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল্লাহ, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন চৌধুরী এবং শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পর কর্মস্থলে যোগদান না করার কারণে এবং অব্যাহতির আবেদন করার প্রেক্ষিতে গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১১তম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী উক্ত শিক্ষকদের মূল পদ শূন্য ঘোষণা করা হয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের পাওনা অর্থ (যদি প্রযোজ্য হয়) আদায়ের প্রক্রিয়া চলমান থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী জানান, শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পর তারা ফিরে আসেননি এবং অব্যাহতির আবেদন করেছেন। এই কারণে সিন্ডিকেটে পদ শূন্যের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে তাদের এখনও অব্যাহতি দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের যে পাওনা রয়েছে, সেগুলোর লেনদেন সম্পন্ন করার জন্য তাদের চিঠি প্রদান করা হচ্ছে। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের অব্যাহতি দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শশীভূষণ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


শশীভূষণ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত সদস্য গ্রেফতার

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা পুলিশের এক বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে পুলিশ।

গত রাতে (৫ অক্টোবর সোমবার) রাত ১২টায় শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন রসুলপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের বাসিন্দা খোকন চাকলাদার, মাকসুদ কর্মকার এবং তাহের।
পুলিশ সূত্রে জানা গেছে, রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শশীভূষণ বাজার সদর দক্ষিণ মাথায় খোকন চাকলাদারের একটি পরিত্যক্ত বসত ঘরের নির্জন স্থানে একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশের একটি বিশেষ চৌকস দল সেখানে আকস্মিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করলে ধাওয়া করে খোকন, মাকসুদ ও তাহেরকে গ্রেফতার করা হয়। তবে অন্ধকার ও ভৌগোলিক পরিস্থিতির সুযোগ নিয়ে তাদের সাথে থাকা আরও ৩-৪ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহƒত বেশ কিছু দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়েরের করা হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে শশীভূষণ থানা পুলিশ সর্বদা তৎপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%