ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

চৌহালীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অপরাধ দমন ও নিরাপত্তা নিয়ে আলোচনা


চৌহালীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অপরাধ দমন ও নিরাপত্তা নিয়ে আলোচনা

সিরাজগঞ্জের চৌহালীতে অনুষ্ঠিত হয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা। এই সভাটি বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান শাকিল। সভায় আলোচনা করা হয় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রয়োজনীয় সিদ্ধান্তও গ্রহণ করা হয়।

সভায় বক্তব্য রাখেন চৌহালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাআলম, থানার তদন্ত ওসি মো. তারিকুজ্জামান তারিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিফ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রিয়াজ হোসেন, সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার রায়, পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, ইউআরসি অফিসার চঞ্চল কুমার মিস্ত্রি, মহিলা বিষয়ক অফিসার ও প্রশাসক শামীম জাহিদ তালুকদার, পরিসংখ্যানের চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা, মনজুর কাদের কারিগরি কলেজের অধ্যক্ষ আহসান হাবীব দুলাল, পিআইও আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মোন্নাফ খান, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাবলু, খাষকাউলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু এবং গ্রাম আদালতের সমন্বয়ক মো. শহীদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন: মিরপুরে পুলিশের বিরুদ্ধে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

সভায় বক্তারা অবৈধ বালু উত্তোলন বন্ধ, মাদক ব্যবসা ও সেবন রোধ, চুরি-ছিনতাই দমন এবং ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


রংপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ জন

রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন, যাদের সবাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মোজাফফর রহমান (৩৫), গোলাপী বেগম (৪৮) এবং উলিপুর উপজেলার বাসের সহকারী আপেল মাহমুদ (২৫)। নিহত অপর একজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীত পাশে মাজার মসজিদের সামনে একটি মাটিভর্তি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী মারা যান।

দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় বাস থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়।

বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জনসহ মোট ৪ জন মারা গেছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ সেন্ট হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ সেন্ট হতে পারে

রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ কিনবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। সংস্থাটির চেয়ারম্যান রেজাউল করিম শনিবার যুগান্তরকে জানিয়েছেন, রূপপুর চালুর সময় সম্পর্কে এখনও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো তথ্য প্রদান করা হয়নি।

একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, রূপপুরের সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলে পিডিবির সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিদ্যুৎ ক্রয়-বিক্রয় চুক্তি সম্পন্ন হতে পারে। রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম প্রায় ১০ টাকা হতে পারে, এমন তথ্য জানিয়েছেন কয়েকজন নীতিনির্ধারক যুগান্তরকে।

পিডিবির বিশেষজ্ঞ কমিটি মনে করছে, রূপপুরের বিদ্যুতের মূল্য প্রতি ইউনিট ৭ মার্কিন সেন্ট বা ৮ দশমিক ৭৫ টাকায় পাওয়া যাবে। ওই কমিটি এই মেগা প্রকল্পের জন্য কোনো ক্যাপাসিটি চার্জ (প্রতি মাসে বিনিয়োগের অংশ পরিশোধ) দেওয়ার পক্ষে নয়। তবে গত ৯ মাসে রূপপুর প্রকল্পে কী পরিমাণ অর্থ কোন খাতে ব্যয় হয়েছে, তা সংশ্লিষ্ট কোম্পানি জানাতে পারেনি।

একাধিক সূত্র জানাচ্ছে, রূপপুর কেন্দ্রের আয়ু ৮০ বছর ধরে সুপারিশ করেছে রোসাটম। কিন্তু পিডিবি ৬০ বছর আয়ু বা উৎপাদনের মেয়াদকাল ধরে হিসাব করে বিদ্যুৎ বিভাগে একটি প্রতিবেদন জমা দিয়েছে। সেই হিসাব অনুযায়ী, এই কেন্দ্র থেকে ৭ সেন্ট বা ৮ টাকা ৭৫ পয়সায় প্রতি ইউনিট বিদ্যুৎ পাওয়া যেতে পারে। তবে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হিসাবে বেশ কিছু খরচ বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে ইন্স্যুরেন্সসহ অন্যান্য খাত যোগ হবে। ফলে প্রতি ইউনিটের দাম ১০ টাকার নিচে আসবে না। এ নিয়ে আলোচনা চলছে। পিডিবির সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আলোচনা চূড়ান্ত হলে বিদ্যুৎ ক্রয়-বিক্রয় চুক্তি পিপিএ সই হবে।

সরকারি কর্মকর্তাদের মতে, পিডিবি প্রতি ইউনিটের ক্রয়মূল্য ৭ সেন্ট ধরেছে। এর মধ্যে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগ ধরা হয়েছে। যদিও এই অর্থ ঋণের ৪ শতাংশ সুদসহ পরিশোধ করতে সরকারকে ২০ বছরে ২০ বিলিয়ন ডলার দিতে হবে। রূপপুর কেন্দ্রের প্রতি ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। এই ইউনিটের উৎপাদন দক্ষতা ৯০ শতাংশ হিসেবে ধরা হয়েছে। প্রতিবছর এই কেন্দ্রের পরিচালন ব্যয় ২০ কোটি ডলার হিসেবে ধরা হয়েছে। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, রূপপুর থেকে আসল লাভ পাওয়া যাবে ২০ বছর পর। তখন ঋণ শোধের পর প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৩ সেন্ট হতে পারে। তবে সবকিছু সরকারের দক্ষতার ওপর নির্ভর করছে।

ভারতের নিউক্লিয়ার পাওয়ার করপোরেশনের তথ্যমতে, সেখানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের মূল্য পড়ছে ২ দশমিক ৫০ থেকে ৪ দশমিক ৫০ রুপি। সেখানে বাংলাদেশের কেন্দ্রে খরচ পড়ছে ৮ থেকে ১০ টাকা। তবে ডলারের দাম বাড়লে এই খরচ আরও বাড়বে।

রূপপুর পৌঁছেছে আরেকটি চালান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানিয়েছেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানির (ইউরেনিয়াম) আরেকটি চালান এসেছে। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় জ্বালানি বহনকারী গাড়িগুলো প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর আগে সোমবার সকালে রাশিয়া থেকে একটি ফ্লাইটে সেগুলো ভারতের দিল্লি হয়ে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানটিতে ১২টি টিপিএসে ৪১ টন পারমাণবিক জ্বালানি আনা হয়েছে। বিমানবন্দরে জ্বালানি বুঝে নেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লুলার বিজয়ে ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা, ভূরাজনীতির নতুন সমীকরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


লুলার বিজয়ে ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা, ভূরাজনীতির নতুন সমীকরণ

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুই ইনাসিও লুলা দ্য সিলভার ঐতিহাসিক পুনর্নির্বাচন বিশ্ব ভূরাজনীতিতে সুদূরপ্রসারী পরিবর্তনের পথ সুগম করেছে। এই বিজয়ের ফলে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধরনের রাজনৈতিক ধাক্কা হিসেবে এটি পরিগণিত হচ্ছে।

লুলার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ডানপন্থী ফ্ল্যাভিও বলসোনারো। তিনি বিজয়ী হলে ট্রাম্প প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা লাতিন আমেরিকায় ডানপন্থী রাজনীতির অবস্থানকে আরও শক্তিশালী করার ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু লুলার এই জয় সেই সম্ভাবনা পুরোপুরি নস্যাৎ করেছে।

বিশ্লেষকদের মতে, লুলার বিজয়ের ফলে আর্জেন্টিনা সহ প্রতিবেশীদের সঙ্গে ব্রাজিলের বিদ্যমান রাজনৈতিক টানাপোড়েন আরও তীব্র হতে পারে। অন্যদিকে, ওয়াশিংটন যখন পুরো লাতিন অঞ্চলে নিজেদের একচ্ছত্র প্রভাব বিস্তার করতে চায়, তখন বেজিংয়ের জন্য এটি একটি বড় সুযোগ তৈরি করেছে। নির্বাচনী ফলাফল ঘোষণার পরপরই লাতিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতির এই দেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে চীন।

আন্তর্জাতিক কূটনীতির পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলাতেও লুলা বিশ্বমঞ্চে মূল নেতৃত্বদাতার ভূমিকায় থাকবেন। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, লুলার বিগত মেয়াদে আমাজন বনাঞ্চল উজাড়ের হার আগের বছরের জুলাইয়ের তুলনায় রেকর্ড ৪২ শতাংশ হ্রাস পেয়েছিল। পরিবেশ সুরক্ষায় লুলার নীতি বিশ্বজুড়ে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।

সব মিলিয়ে, লুলার প্রত্যাবর্তন ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে বড় প্রভাব ফেলার পাশাপাশি বেইজিংয়ের অবস্থান শক্ত করবে এবং বৈশ্বিক জলবায়ু লড়াইকে এক নতুন গতি দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

প্রয়াত চিত্রনায়ক মান্নার ব্যবহৃত গাড়ি মেরামত করার সময় আগুন লাগার ঘটনায় দায়ের করা মামলায় তার পরিবারের ব্যবস্থাপক ও এক টেকনিশিয়ানকে আদালত কারাগারে পাঠিয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ থেকে এ তথ্য প্রকাশিত হয়েছে।

কারাগারে পাঠানো দুই আসামি হলেন মান্নার পরিবারের ব্যবস্থাপক মো. মামুন মণ্ডল (২৯) এবং টেকনিশিয়ান মো. সোহেল পাটওয়ারী (৩৭)। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াউর রহমান আদালতে আসামিদের হাজির করে তাদের কারাগারে রাখার আবেদন করেন। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন জানানো হয়। তবে আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলামের বক্তব্য, গাড়িটিতে ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়া হয়নি।

তিনি বলেন, "২০০৮ সালে মান্নার মৃত্যুর পর গাড়িটি দীর্ঘদিন অব্যবহৃত ছিল। সেটি মেরামতের সময় যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগে।" আজ তাদের জামিন আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলার গ্যারেজে গাড়িটি রাখা ছিল। ওই ভবনের একটি ফ্ল্যাটে মান্নার স্ত্রী বসবাস করেন। গাড়ি থেকে তেল পড়ার কারণে ভবন কর্তৃপক্ষ সেটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। পরে মান্নার স্ত্রী ব্যবস্থাপক মামুনকে গাড়িটি বাইরে কোনো ওয়ার্কশপে নিয়ে মেরামত করার নির্দেশ দেন।

অভিযোগে বলা হয়েছে, সেই নির্দেশনা অনুসরণ না করে সোমবার মামুন টেকনিশিয়ান সোহেলকে নিয়ে ভবনের গ্যারেজেই গাড়ি মেরামতের কাজ শুরু করেন। সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে গাড়িটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। পাশের একটি ব্যক্তিগত গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া আগুনে ভবনের গ্যারেজ, বৈদ্যুতিক তার, সিসিটিভি ক্যামেরা ও গেটের শাটারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। ভবনের কয়েকটি অংশের কাচও ভেঙে যায়। এ ঘটনায় প্রায় ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভবনটির ব্যবস্থাপক মো. গাজি মানিক মিয়া মঙ্গলবার সকালে ভাটারা থানায় মামলা করেন। পরে বেলা ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মামুন ও সোহেলকে গ্রেফতার করে পুলিশ।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, গাড়িটি প্রায় দেড় বছর ধরে পড়ে ছিল। বাইরে নিয়ে মেরামতের কথা থাকলেও মেকানিক ডেকে ভবনের গ্যারেজেই কাজ শুরু করা হয়। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%