ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রোনালদোর হতাশার ম্যাচেও জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ পর্তুগালের


রোনালদোর হতাশার ম্যাচেও জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ পর্তুগালের

বিশ্বকাপের আগে পর্তুগাল তাদের শেষ প্রস্তুতি ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস অর্জন করেই বিশ্বকাপে যাচ্ছে। এই ম্যাচে অবশ্য কিছুটা আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। ৪১ বছর বয়সী রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রোনালদো ম্যাচে কয়েকটি সহজ সুযোগ পেয়েও গোল করতে পারেননি। দুই অর্ধেই গোলরক্ষককে একা পেয়েও তিনি আন্তর্জাতিক ফুটবলে নিজের রেকর্ড ১৪৩ গোলের সংখ্যা বাড়াতে ব্যর্থ হন।

পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো ম্যাচটিতে ৬৫ মিনিট পর্যন্ত খেলেছেন। পর্তুগালের শুরুর একাদশের অন্য যে কোন আউটফিল্ড খেলোয়াড়ের তুলনায় তিনি বেশি সময় মাঠে ছিলেন। আসন্ন বিশ্বকাপে তিনি মেসি ও ওচোয়ার সঙ্গে রেকর্ড ষষ্ঠবারের মতো অংশ নিতে যাচ্ছেন।

ম্যাচের ৭৫তম মিনিটে বদলি হিসেবে নামা ফ্রান্সিসকো কনসিয়াসাও জয়সূচক গোলটি করেন। ডান দিক থেকে ভিতরে কাট ইন করে দুর্দান্ত কার্লিং শটে বল জালে জড়ান তিনি।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

এর আগে ২৩তম মিনিটে পেদ্রো নেতো পর্তুগালকে এগিয়ে দেন। তবে ১৪ মিনিট পরই নাইজেরিয়ার আকর অ্যাডামস সমতা ফেরান। বিশ্বকাপে খেলতে না পারা নাইজেরিয়া কিন্তু শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি।

পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ বিরতির সময় আটটি পরিবর্তন এনে স্কোয়ার্ডের যত বেশি সম্ভব খেলোয়াড়কে খেলার সুযোগ দেওয়ার চেষ্টা করেন।

বিশ্বকাপে পর্তুগাল গ্রুপ ‘কে’-তে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উজবেকিস্তান এবং কলম্বিয়ার সঙ্গে। বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

এর আগে পর্তুগাল আরেকটি প্রীতি ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়েছিল।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

অন্যদিকে, বিশ্বকাপ মিস করা নাইজেরিয়ার লক্ষ্য ২০২৭ সালের আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্ব। এই ম্যাচে দীর্ঘ ক্লাব মৌসুম শেষে বিশ্রামে রাখা হয়েছিল দলের দুই প্রধান তারকা ভিক্টর অসিমহেন এবং আদেমোলা লুকম্যানকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:১৩ এম


তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট আজ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভের পর বিএনপি এককভাবে সরকার গঠন করেছে। রাষ্ট্রক্ষমতায় আসার পর আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রথম বাজেট পেশ করতে যাচ্ছে বিএনপি।

এটি বর্তমানে মেয়াদে প্রথম বাজেট হলেও সামগ্রিকভাবে এটি বিএনপি সরকারের ১৩তম জাতীয় বাজেট হিসেবে গণ্য হবে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর জন্য এটি প্রথম বাজেট। আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। এবারের বাজেটের পরিমাণ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হবে।

অর্থমন্ত্রী আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ সালের বাজেট পেশ করতে যাচ্ছেন। অর্থ বিভাগ সূত্র জানাচ্ছে, এবারের বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। চলতি ২০২৫-২৬ সালের সংশোধিত বাজেটে ব্যয়ের পরিমাণ ছিল ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা। অর্থাৎ আগামী অর্থবছরে সরকারকে ব্যয় করতে হবে ১৯ শতাংশ বেশি চলতি বাজেটের তুলনায়।

চলতি বছরের মূল বাজেটে ব্যয়ের লক্ষ্য ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

আগামী অর্থবছরের যে ব্যয় ধরা হয়েছে, তার মধ্যে ৬ লাখ ৫ হাজার ৭৪০ কোটি টাকা চলে যাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, ঋণের সুদ, ভর্তুকি প্রণোদনা ও নগদ ঋণসহ পরিচালন ব্যয় খাতে। বাকি মাত্র ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা উন্নয়ন ব্যয়ের জন্য নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:১৭ এম


সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী

 

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। জামানতবিহীন ঋণের সীমা ল্যাঙ্গুয়েজ স্টুডেন্টস ভিসায় ৩ লাখ থেকে ১০ লাখে উন্নীত করা হয়েছে।

২০৩০ সালের মধ্যে প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

এ ছাড়া দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণপূর্বক প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্রুত বাস্তবসম্মত ও জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা পরিহার করে।

গতকাল বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের উত্থাপিত বিভিন্ন প্রশ্ন ও সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে বিকাল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের (দ্বিতীয়) বাজেট অধিবেশনের চতুর্থ দিনের বৈঠক শুরু হয়।

প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আরো জানান, দেশের প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় ৮-১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। আগামী ১৮০ দিনের মধ্যেই ২ হাজার ৩৩৬টি কারিগরি প্রতিষ্ঠান এবং ৮ হাজার ২৩২টি মাদ্রাসায় ফ্রি ওয়াইফাই চালু করা হবে। আগামী অর্থবছরে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করতে হবে। বাংলাদেশে পে-প্যালের কার্যক্রম চালু করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেমের এক সম্পূরক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিরোধী দলের এমপিদের এলাকায়ও সমানভাবে উন্নয়ন কাজ করা হবে। তিনি বলেন, বর্তমান সরকার দেশের সুষম উন্নয়নে বিশ্বাস করে। তাই সরকারি দলের সংসদ সদস্যদের মতো বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায়ও সমানভাবে উন্নয়ন কাজ করা হবে।

একই সঙ্গে গঠনমূলক সমালোচনা থাকলে সরকার তা গ্রহণ করবে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৮ কোটি টাকা ব্যয়ের পরও সচল হয়নি খুলনার খাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:২০ এম


৪৮ কোটি টাকা ব্যয়ের পরও সচল হয়নি খুলনার খাল

খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনের প্রধান অবলম্বন হচ্ছে খালগুলো, কিন্তু বর্তমানে সেগুলো দখল, ভরাট ও দূষণে মৃতপ্রায় অবস্থায় রয়েছে। কোটি কোটি টাকা ব্যয়ে সংস্কারের দাবি করা হলেও বাস্তবে অধিকাংশ খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে আসন্ন বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা করছেন নগরবাসী।

বুধবার (১০ জুন) সরেজমিনে মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে যে, এক সময়ের প্রমত্তা বাস্তুহারা খাল এখন হয়ে গেছে বর্জ্য ও কচুরিপানার ভাগাড়ে। ড্রেন ও বৃষ্টির পানি নিষ্কাশনের এই প্রধান পথটি বন্ধ হয়ে যাওয়ার ফলে সামান্য বৃষ্টিতেই নগরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

বাস্তুহারা খালের পাশাপাশি তালতলা, রায়ের মহল-মোল্লাপাড়া বাটকেরি, নিরালা ও কারিকরপাড়া খালের অবস্থাও অত্যন্ত শোচনীয়। অনেক স্থানে খালের জায়গা দখল করে স্থায়ী স্থাপনা গড়ে তোলা হয়েছে। কোথাও কোথাও খাল এতটাই সংকুচিত হয়ে গেছে যে সেটিকে এখন সরু ড্রেন বলে মনে হচ্ছে। ময়ূর নদে পানি পড়ার পথগুলো বর্জ্যের স্তূপে রুদ্ধ হয়ে আছে।

নিরালা এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার জানান, আগে পানি দ্রুত নামলেও এখন মাত্র কয়েক ফোঁটা বৃষ্টিতেই পানি উপচে সড়কে চলে আসে। বছরের পর বছর ধরে খাল খননের কথা শোনা গেলেও তার বাস্তবিক প্রতিফলন দেখা যায় না।

গৃহিণী শিউলি বেগম অভিযোগ করেছেন, খালের মুখ কয়েক বছর ধরে বন্ধ থাকার কারণে বর্ষা এলেই ঘরে পানি প্রবেশ করে। তালতলা এলাকার ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, 'খাল খননের কথা শোনা গেলেও বাস্তবে পানি চলাচলের মতো পরিস্থিতি তৈরি হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই দোকানপাটে পানি ঢোকার শঙ্কা থাকে।'

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) তথ্যমতে, গত পাঁচ বছরে কেবল খাল খননেই ব্যয় হয়েছে প্রায় ৪৮ কোটি টাকা। তবে পরিবেশবাদী ব্যক্তিরা এই ব্যয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনার জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, 'খাল পুনরুদ্ধারের জন্য বিচ্ছিন্ন উদ্যোগ নয়, বরং সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। দখল ও দূষণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে জলাবদ্ধতা আরও ভয়াবহ রূপ নিতে পারে।'

নগর পরিকল্পনাবিদদের মতে, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা ও জনবল সংকট খাল রক্ষার বড় বাধা হিসেবে কাজ করছে। কেসিসির প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবিরুল জব্বার জানান, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তবে টেকসই সুফল পেতে সরকারের উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সম্প্রতি বিভিন্ন খাল পরিদর্শন করে জানিয়েছেন, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে।

বর্তমানে খুলনার ২২টি খালের মধ্যে ১৬টির দায়িত্ব রয়েছে কেসিসির এবং বাকি ৬টি খালের দায়িত্ব রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের। বর্ষা সমাগত হলেও এই দুটি সংস্থার সমন্বিত উদ্যোগের অভাব এবং খালের বেহাল দশা নগরবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেট ঘোষণার আগে কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৮:২৪ এম


বাজেট ঘোষণার আগে কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা কমে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭৩৪ দশমিক ৮৮ মিলিয়ন বা ৩৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলারে। এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য প্রদান করেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, ১০ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৪ হাজার ৭৩৪ দশমিক ৮৮ মিলিয়ন ডলার। International Monetary Fund এর (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ৭৭ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলারে।

এর পূর্বে, গত ৩ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন মার্কিন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ হাজার ১৬০ দশমিক ৬০ মিলিয়ন ডলারের সমপরিমাণ।

নিট রিজার্ভের হিসাব করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করার পর নিট বা প্রকৃত রিজার্ভ পরিমাণ পাওয়া যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%