০৪:৪৬ এম
স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য ওষুধের পরিবর্তে হাঁটাচলায় ভরসা রাখার পরামর্শ দিয়েছেন গবেষকরা।
মানুষের নাম, প্রয়োজনীয় কাজ, কিংবা গুরুত্বপূর্ণ তথ্য ভুলে যাচ্ছেন? গবেষকরা স্মৃতিশক্তি বাড়ানোর সহজ একটি উপায় খুঁজে পেয়েছেন। তাদের মতে, মাত্র কয়েক মিনিটের শারীরিক ব্যায়াম কিংবা দ্রুত হাঁটার মাধ্যমেও মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ানো সম্ভব।
গবেষণায় উল্লেখ করা হয়েছে, স্বল্প সময়ের শারীরিক ব্যায়াম মানব মস্তিষ্কে বিশেষ ধরনের স্নায়বিক সংকেত তৈরি করে, যা নতুন তথ্য সংরক্ষণ এবং পরবর্তীতে মনে রাখতে সহায়তা করে।
আরও পড়ুন: শীতের ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের ৮ দর্শনীয় স্থান
বিশেষজ্ঞরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এটা জানা যাচ্ছে যে, নিয়মিত ব্যায়াম মনোযোগ, চিন্তাশক্তি এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। তবে সম্প্রতি পরিচালিত গবেষণায় দেখা গেছে, ব্যায়াম মস্তিষ্কের ‘হিপোক্যাম্পাস’ অংশটি আরও সক্রিয় করে তোলে, যে অংশটি স্মৃতি গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী মিশেল ভস। তিনি জানিয়েছেন, ব্যায়ামের পর মস্তিষ্কে ক্ষুদ্র বৈদ্যুতিক তরঙ্গের মতো কার্যকলাপ বৃদ্ধি পায়, যা স্মৃতি সংরক্ষণ এবং মনে করার প্রক্রিয়াকে শক্তিশালী করে।
গবেষণায় ১৪ জন অংশগ্রহণকারীর মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয়। দেখা যায়, ব্যায়ামের পর হিপোক্যাম্পাস এবং সঙ্গতিপূর্ণ অন্যান্য অংশে কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। গবেষকদের বিশ্বাস, এর মাধ্যমে মস্তিষ্ক নতুন তথ্য আরও কার্যকর নিয়মে সংরক্ষণ করবে।
বিশেষজ্ঞদের মতে, শুধু দীর্ঘ সময়ের ব্যায়াম নয়, অল্প সময়ের হাঁটা বা শরীরচর্চাও স্মৃতিশক্তির জন্য উপকারী। নতুন কিছু শেখার পর কিছুক্ষণ হাঁটলে তা মনে রাখার ক্ষমতা আরও সমৃদ্ধ হতে পারে।
আরও পড়ুন: মেঘমুক্ত আকাশে পঞ্চগড় থেকে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা, উচ্ছ্বসিত প্রকৃতিপ্রেমীরা
গবেষণায় আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে, যেখানে উল্লেখ রয়েছে নিয়মিত শারীরিকভাবে সক্রিয় থাকলে মস্তিষ্কে একটি বিশেষ প্রোটিনের উৎপাদন বৃদ্ধি পায়, যা নতুন স্নায়বিক সংযোগ তৈরিতে সহায়তা করে। এভাবে স্মৃতিশক্তির উন্নতি হওয়ার পাশাপাশি বয়সের সাথে যুক্ত মানসিক অবক্ষয়ের ঝুঁকিও কমে যেতে পারে।
গবেষকদের পরামর্শ হচ্ছে, সুস্থ মস্তিষ্ক ও উন্নত স্মৃতিশক্তির জন্য দৈনন্দিন জীবনে নিয়মিত হাঁটাহাঁটি বা শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা উচিত। কারণ সামান্য ব্যায়ামও মস্তিষ্কের জন্য বড় উপকার বয়ে আনতে পারে।
সূত্র: বিবিসি
আরও পড়ুন: বুধবার ১২ রাশির অর্থভাগ্যে সতর্কতা, জেনে নিন রাশিফল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন