ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

দিনাজপুরে শুক্রবার শুরু হচ্ছে ৩ দিনের জেলা ইজতেমা


দিনাজপুরে শুক্রবার শুরু হচ্ছে ৩ দিনের জেলা ইজতেমা

দিনাজপুরে জেলা ইজতেমা অষ্টমবারের মতো শুরু হতে যাচ্ছে। শুক্রবার (৬ নভেম্বর) থেকে শুরু হয়ে চলবে ৮ নভেম্বর পর্যন্ত।

গোর-এ-শহীদ ময়দানে (হেলিপ্যাড) মুসল্লিদের জন্য প্যান্ডেল, টয়লেট, অজুখানা এবং আগত মেহমানদের থাকার ঘর তৈরির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

ইজতেমায় অংশগ্রহণ করতে আসবেন জেলার ১৩টি উপজেলা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রামসহ আশপাশের এলাকার মুসল্লিরা।

আরও পড়ুন: বগুড়ায় অনলাইন জুয়ার এজেন্ট ও ই-ট্রানজেকশন চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

জেলা তাবলিগের আমিরে ফয়সাল এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল হাকিম জানিয়েছেন, বাংলাদেশের আমিরে ফয়সাল এবং ঢাকার কাকরাইলের জিম্মাদার (দায়িত্বশীল) আরো কয়েকজন জিম্মাদার (দায়িত্বশীল) ইজতেমায় উপস্থিত থাকবেন।

জেলা তাবলিগের আরেক দায়িত্বশীল শেখ সাবির আলী জানিয়েছেন, সৌদি আরব, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সুদানের জামাতগুলো দিনাজপুরে অবস্থান করছে। এছাড়া আরো কয়েকটি দেশের জামাত পথে রয়েছে। তারা ইজতেমায় আগত মুসল্লিদের সামনে আম বয়ান পেশ করতে পারেন।

তিনি উল্লেখ করেন, ইজতেমা শুক্রবার থেকে শুরু হলেও বৃহস্পতিবার সকাল থেকেই দলে দলে জামাতগুলো আসতে শুরু করবে এবং মুসল্লিদের উপস্থিতিতে মাঠ ভরে যাবে।

স্বেচ্ছায় শ্রম দেওয়ার জন্য বুধবার বিকেল থেকে মুসল্লিরা ইজতেমায় আসতে শুরু করেছেন। তাদের অজু-গোসলের পানি সরবরাহের জন্য টিউবওয়েল, একটি সাব-মারসিবল পাম্প, মোটর বসানো হয়েছে। নিরাপদ স্যানিটেশনের জন্য দুই শতাধিক টয়লেট প্রস্তুত করা হয়েছে। বিদেশি মেহমান ও তাবলিগ জামাতের বৃদ্ধ সাথিদের জন্য মাঠের দক্ষিণ পাশে বিশেষ কক্ষ তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ, নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক নির্দেশনা

ইজতেমার কার্যক্রম পরিচালনার জন্য মো. মেহেরুল ইসলাম এবং হাবিপ্রবির শিক্ষক কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল হাকিম আমিরে ফায়সালের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ১০ জন সুরা সদস্যও রয়েছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে প্রথমবার জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়। করোনার কারণে দুই বছর ইজতেমা অনুষ্ঠিত হয়নি। এবারের আয়োজন হচ্ছে দিনাজপুরে অষ্টমবারের মতো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা

সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারকে সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বুধবার উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এই সহায়তার চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দ থেকে ৫০ কেজি করে চাল দেওয়া হয়। এছাড়াও, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকার চেক, শুকনো খাবার, শাড়ি এবং কম্বল প্রদান করা হয়। বেসরকারি সংস্থা ব্র্যাকের পক্ষ থেকেও ১৩টি পরিবারকে নগদ আট হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মো. আবু সাইদ, ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক সুশীতল সরকার উপস্থিত ছিলেন।

এছাড়াও, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছাব্বির মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া, জেলা ক্রীড়া দলের সদস্য আলেক উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার জারলিয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সরকার নতুন মনিটরিং নীতিমালা প্রণয়ন এবং পরিমার্জিত কারিকুলাম চালুর উদ্যোগ গ্রহণ করেছে। নতুন মনিটরিং ব্যবস্থায় শিক্ষার্থীদের উপস্থিতির পাশাপাশি তাদের শেখার প্রকৃত পরিমাণ, পাঠদানের মান এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের কার্যকারিতা নিবিড়ভাবে তদারকি করা হবে।

বুধবার (৪ নভেম্বর) হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের বয়স ও সক্ষমতার ভিত্তিতে বিজ্ঞানসম্মত ও আনন্দময় শিখন নিশ্চিত করার জন্য কারিকুলাম পরিমার্জনের কাজ চলমান রয়েছে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল ম্যানেজমেন্ট কমিটির (এসএমসি) সদস্য, প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, শিশুদের প্রতি শিক্ষকদের নিবিড় পরিচর্যা, বিদ্যালয় পরিচালনায় ব্যবস্থাপনা কমিটির সক্রিয় অংশগ্রহণ এবং স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ একটি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ পরিবর্তন করতে সক্ষম।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিলের খাবার বিতরণ করেন এবং খাবার সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি বিদ্যালয়ের মা সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং শ্রেণিকক্ষে লাইব্রেরি কার্যক্রম পরিদর্শন করে বুক ক্যাপ্টেনদের সঙ্গে কথা বলেন। বিদ্যালয়ের বাগান কার্যক্রম এবং লিটল এগ্রিকালচারিস্ট ক্লাবের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করে শিশুদের পাঠাভ্যাস, পুষ্টি, পরিবেশ সচেতনতা ও ব্যবহারিক শিক্ষার বিকাশে এসব উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

স্কুল ফিডিং কর্মসূচি সম্পর্কে ববি হাজ্জাজ বলেন, সরকার ইতোমধ্যে দেশের ১০০টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু করেছে। আগামী বছরের মধ্যে পর্যায়ক্রমে এ কর্মসূচি দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, মাধবপুর উপজেলায় বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) শতাধিক বিদ্যালয়ে নিজস্ব ব্যবস্থাপনায় স্কুল ফিডিং কার্যক্রম পরিচালনা করছে। সরকারের চলমান কর্মসূচির সঙ্গে সংস্থাটির কার্যক্রমের অভিজ্ঞতা ও পার্থক্য সরেজমিনে পর্যালোচনা করাই এ সফরের অন্যতম উদ্দেশ্য।

প্রতিমন্ত্রী আরও বলেন, কোথায় কী ধরনের ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে, কোন পদ্ধতিতে শিক্ষার্থীদের জন্য বাড়তি সুফল নিশ্চিত করা সম্ভব হচ্ছে এবং কোথায় উন্নতির সুযোগ রয়েছে, তা সরাসরি দেখার সুযোগ তৈরি হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচির অভিজ্ঞতা ও কার্যক্রম পর্যালোচনা করে বাংলাদেশের বাস্তবতায় কার্যকর ও উপযোগী উদ্যোগগুলো সরকারের নিজস্ব কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।

পরে প্রতিমন্ত্রী জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিশুদের স্বাস্থ্যসেবা, পুষ্টি ও সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে পরিচালিত কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

মাধবপুর উপজেলার বিদ্যালয়গুলোতে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) অর্থায়নে ম্যাকগভার্ন-ডোল ফুড ফর এডুকেশন কর্মসূচির আওতায় বিশ্ব খাদ্য কর্মসূচি স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়ন করছে। এ কর্মসূচিতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), রুম টু রিড এবং সিএনআরএস অংশীদার হিসেবে কাজ করছে।

প্রাথমিক শিক্ষার কারিকুলাম উন্নয়ন প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের বয়স, সক্ষমতা ও শিখন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিমার্জিত ও উন্নত কারিকুলাম প্রণয়নের কাজ চলছে। এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, নতুন কারিকুলামে বিদ্যালয়ভেদে শিখন ঘণ্টার বৈষম্য দূর করা, প্রতিটি বিষয়ের পাঠদান ও শিখন উপকরণকে আরও বিজ্ঞানসম্মত, সহজবোধ্য ও বয়সোপযোগী করা এবং শিক্ষার্থীদের প্রকৃত অনুধাবন ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়ন কেবল বিদ্যালয়ের ভবন নির্মাণ বা শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিটি শিশু বিদ্যালয়ে এসে প্রকৃত অর্থে শিখছে কি না, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে বিদ্যালয় ব্যবস্থাপনা, পাঠদানের মান, পুষ্টি, স্বাস্থ্য, সহশিক্ষামূলক কার্যক্রম ও জবাবদিহি—সব ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

পরিদর্শনকালে বিশ্ব খাদ্য কর্মসূচি বাংলাদেশের হেড অব প্রোগ্রাম জেসি উড এবং স্কুল ফিডিং বিষয়ক প্রোগ্রাম পলিসি অফিসার এমা লেফু উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিচেল স্টার্ক টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে, মিরাজ পিছিয়ে পড়লেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


মিচেল স্টার্ক টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে, মিরাজ পিছিয়ে পড়লেন

আইসিসির সর্বশেষ প্রকাশিত পুরুষদের খেলোয়াড় র‍্যাঙ্কিংয়ে টেস্ট বোলারদের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। তিনি দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেনকে পিছনে ফেলে এক নম্বরে অবস্থান করছেন। অন্যদিকে, টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়েছেন।

কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে স্টার্কের দুর্দান্ত বোলিং নজর কাড়ে। তিনি দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেন। যদিও অস্ট্রেলিয়া ম্যাচটি হারিয়েছে, তবুও ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে তিনি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরে এসেছেন। ইয়ানসেন বর্তমানে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

একই ম্যাচে দক্ষিণ আফ্রিকার সাইমন হার্মার ১০ উইকেট নিয়ে বড় লাফ দিয়েছেন। তিনি ৯ ধাপ এগিয়ে সপ্তম স্থানে পৌঁছেছেন। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় মিরাজ শীর্ষ পাঁচে রয়েছেন, এবং তার অবস্থান চতুর্থ।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের পারফরম্যান্সের ফলে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বেশ কয়েকজন খেলোয়াড়ের। ৯ উইকেট নেয়া জোমেল ওয়ারিকান ছয় ধাপ এগিয়ে ৩০তম স্থান অর্জন করেছেন। নাঈম হাসান ৪৭তম এবং শরীফুল ইসলাম ৫৪তম স্থানে উন্নীত হয়েছেন।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ফখর জামান নয় ধাপ এগিয়ে ৩৭তম স্থানে জায়গা করে নিয়েছেন। বেন ডাকেট ক্যারিয়ারসেরা ষষ্ঠ স্থানে উঠেছেন। টি-টোয়েন্টিতে শ্রেয়াস আইয়ার সপ্তম এবং আজমতউল্লাহ ওমরজাই অলরাউন্ডারদের তালিকায় তৃতীয় স্থানে পৌঁছেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে মশাল মিছিলের প্রস্তুতি থেকে ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


দিনাজপুরে মশাল মিছিলের প্রস্তুতি থেকে ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতির সময় থানা পুলিশ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন উপজেলার বিনোদনগর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শাহী ইমরান (২৩), জগন্নাথপুর গ্রামের নুরে আলম সিদ্দিক (২০) এবং একই গ্রামের মাহাদি হাসান (২০)।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৯ আগস্ট রাত ৯টার দিকে বিনোদনগর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় পাঠানগঞ্জ-ডাংশেরহাট পাকা সড়কে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশে কিছু লোক সমবেত হন। অভিযোগ রয়েছে যে, ওই সময় শেখ হাসিনার ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মশাল মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তাদের কাছে পশুকুড়াল, লোহার রড, সামুরাই, হকিস্টিক ও বাঁশের লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল।

পুলিশ জানায়, খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মশাল মিছিলে অংশ নিতে আসা ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান। এই ঘটনায় দায়ের করা মামলার তদন্তের ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

নবাবগঞ্জ থানার ওসি আবদুল কুদ্দুস জানান, মশাল মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মীকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের দিনাজপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%