ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

বগুড়ায় অনলাইন জুয়ার এজেন্ট ও ই-ট্রানজেকশন চক্রের ৩ সদস্য গ্রেপ্তার


বগুড়ায় অনলাইন জুয়ার এজেন্ট ও ই-ট্রানজেকশন চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার নন্দীগ্রামে অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট এবং অবৈধ ই-ট্রানজেকশন চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় তাদের কাছ থেকে জুয়া ও বেটিংয়ের জন্য ব্যবহৃত ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (৪ নভেম্বর) ভোরে নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুর বাজার ও মাধবকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুর এলাকার মো. আনছার আলীর ছেলে মো. সোহেল রানা (২৮), বৃকঞ্চি গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. এমরান হোসেন (২৯) এবং মাধবকুড়ি গ্রামের মো. আব্বাস আলীর ছেলে মো. রেজাউল করিম তানসেন (৩২)।

আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৩টার দিকে ডিবির একটি দল পণ্ডিতপুকুর বাজার এলাকার মেসার্স দুই ভাই এন্টারপ্রাইজের গোডাউনের বারান্দায় অভিযান চালায়। সেখান থেকে মোবাইল নেটওয়ার্ক ও ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা এবং ভার্চুয়াল মুদ্রা লেনদেনের সময় সোহেল রানা ও এমরান হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে সহযোগী রেজাউল করিম তানসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান আরও জানান, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৫টি স্মার্টফোন এবং ১টি বাটন ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, ফোনগুলোতে বিকাশ, নগদ এবং বাইন্যান্সের মতো ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে অনলাইন জুয়ার মাধ্যমে বড় অঙ্কের আর্থিক লেনদেনের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় জুয়ার অ্যাপ এবং সাইট ব্যবহারের প্রাথমিক প্রমাণও পাওয়া গেছে।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে নন্দীগ্রাম থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন: বিজলী ক্যাবলস লিমিটেডের পুরস্কার পেলেন, নারায়ণগঞ্জের রনি মল্লিক ও নবী হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংকক বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে আটকে গেল এমিরেটসের বিশাল এয়ারবাস এ৩৮০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


ব্যাংকক বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে আটকে গেল এমিরেটসের বিশাল এয়ারবাস এ৩৮০

থাইল্যান্ডের ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে আটকে পড়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজ।

সোমবার (২ নভেম্বর) রাতে, দুবাইয়ের উদ্দেশে উড়োজাহাজটি ছেড়ে যাওয়ার প্রস্তুতির সময় এই ঘটনা ঘটে। পরবর্তীতে, জরুরি ভিত্তিতে টোয়িং যান পাঠানো হয় উড়োজাহাজটি সরানোর জন্য। এক ঘণ্টারও বেশি সময় আটকে থাকার পর উড়োজাহাজটি স্থানান্তর করা সম্ভব হয়।

সুবর্ণভূমি বিমানবন্দর কর্তৃপক্ষের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯টা ১১ মিনিটে এমিরেটসের ইকে৩৭৩ ফ্লাইটটি ট্যাক্সিওয়ে ই২১-এ চলাচলের অক্ষম হয়ে পড়ে। এই খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ব্যাংকক ওয়ার্ল্ডওয়াইড ফ্লাইট সার্ভিসেস কোম্পানির সঙ্গে যোগাযোগ করে। পরে, একটি পুশব্যাক ট্রাক্টর পাঠিয়ে উড়োজাহাজটি সরানোর ব্যবস্থা করা হয়। রাত ১০টা ১৮ মিনিটে উড়োজাহাজটি আটকে পড়া স্থান থেকে সরানো হয় এবং রাত ১০টা ২২ মিনিটে এটি দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করে।

থাই এক্সামিনারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উড়োজাহাজটির ভারে ট্যাক্সিওয়ের নিচের মাটি বা পৃষ্ঠ ধসে যাওয়ায় এটি আটকে পড়ে। ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ ওই এলাকা পরিদর্শন করে ট্যাক্সিওয়ে ই২১-এর কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতির চিহ্ন পায়।

কর্তৃপক্ষের ধারণা, ব্যাংকক বিমানবন্দরসংলগ্ন এলাকায় টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে ট্যাক্সিওয়ের কিছু অংশ দুর্বল হয়ে পড়েছিল। পরবর্তীতে, উড়োজাহাজের অতিরিক্ত ওজনের চাপে সেসব অংশ ক্ষতিগ্রস্ত হয়। এমিরেটসের উড়োজাহাজটি সরাতে টোয়িং যানকে প্রায় ৭১ মিনিট কাজ করতে হয়েছে।

এদিকে, এক সপ্তাহের ব্যবধানে একই বিমানবন্দরে এ ধরনের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে গত ২৮ অক্টোবর চায়না এয়ারলাইন্সের একটি উড়োজাহাজও ট্যাক্সিওয়েতে আটকে পড়েছিল।

ঘটনার পর থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পরিবহণমন্ত্রী ফিপাত রাচাকিতপ্রাকর্ন বিমানবন্দরে জরুরি মেরামতের নির্দেশ দিয়েছেন। মেরামতকাজের জন্য একটি রানওয়ে ও একটি ট্যাক্সিওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রানওয়েটি ১৩ ঘণ্টা এবং ট্যাক্সিওয়েটি ৬১ ঘণ্টা ব্যবহারের অনুপযোগী থাকবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মেরামতকাজ শুরু হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত চলার কথা রয়েছে। মেরামতের পর বিমান চলাচলের উপযোগী করতে রানওয়ের পৃষ্ঠ পুরোপুরি শক্ত হওয়ার জন্য এ সময় নির্ধারণ করা হয়েছে।

তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় সামগ্রিক ফ্লাইট পরিচালনায় কোনো প্রভাব পড়বে না। বিমানবন্দরের সচল থাকা অন্য দুটি রানওয়ে ব্যবহার করে আগমন ও বহির্গমনকারী উড়োজাহাজের চলাচল স্বাভাবিক রাখা হবে।

সূত্র: এভিয়েশন এ টু জেড ও হিন্দুস্তান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির ফাঁদে ২ প্রতারক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির ফাঁদে ২ প্রতারক আটক

পদ্মা ও মেঘনার সুস্বাদু ইলিশের অনলাইনে বিক্রির প্রতারণার অভিযোগে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে দুইজনকে গ্রেফতার করেছে চাঁদপুরের গোয়েন্দা পুলিশ।

বুধবার সকালে সন্দ্বীপের একটি এলাকা থেকে গ্রেফতার করার পর তাদের চাঁদপুরে নিয়ে আসা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মুঠোফোন, সাতটি সিম, একটি ডেক্সটপ এবং আরও একটি ল্যাপটপ উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে শান্ত শীল (২৫) এবং মিঠুন সূত্রধর (২৯) রয়েছেন। তারা দুজনই সন্দ্বীপের স্থায়ী বাসিন্দা।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর সময়, সংবাদকে জানান, এই প্রতারক চক্র অনলাইনে ভুয়া পেজ খুলে নামমাত্র মূল্যে চাঁদপুরের পদ্মা ও মেঘনার ইলিশ বিক্রির বিজ্ঞাপন দেয়। ইতোমধ্যে তাদের হাতে অনেকেই প্রতারিত হয়েছেন। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ওই পেজের বিরুদ্ধে চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমানের কাছে বেশকিছু অভিযোগ জমা দেওয়া হয়। পরে গোয়েন্দা পুলিশ তদন্ত করে প্রতারক চক্রকে সনাক্ত করতে মাঠে নামে। পরবর্তীতে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জিয়াউল হকের নেতৃত্বে একদল পুলিশ সন্দ্বীপ থেকে তাদের গ্রেফতার করে।

এদিকে, বুধবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে গ্রেফতার হওয়া ওই দুইজনকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং এর জাতীয় জাদুঘর পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং এর জাতীয় জাদুঘর পরিদর্শন

বাংলাদেশ সফরে আসা চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন করেছেন। মঙ্গলবার বিকালে তিনি জাতীয় জাদুঘরে পৌঁছালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী তাকে স্বাগত জানান।

লিউ হাইশিং পরিদর্শনের সময় জাতীয় জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও সংগ্রহশালা ঘুরে দেখেন। এই সময় তিনি বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাবও এই সময় উপস্থিত ছিলেন।

এ ধরনের সফর বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউপি নির্বাচনের জন্য তালিকা যাচাইয়ের নির্দেশ ইসির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


ইউপি নির্বাচনের জন্য তালিকা যাচাইয়ের নির্দেশ ইসির

নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন উপযোগী ইউনিয়নগুলোর তালিকা যাচাই করার জন্য। তালিকায় কোনো ইউনিয়নের নাম বাদ পড়েছে কি না, সীমানাসংক্রান্ত বিরোধ বা আইনি জটিলতা রয়েছে কি না, তা যাচাই করে তথ্যের সঠিকতা নিশ্চিত করতে বলা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ-সংক্রান্ত চিঠি দেশের সব জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট জেলার সব উপজেলার নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা প্রস্তুত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সরকার বিভাগের দেওয়া তথ্যের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। তবে তালিকায় নির্বাচন উপযোগী সব ইউনিয়নের নাম যথাযথভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না, কোনো ইউনিয়নের নাম বাদ পড়েছে কি না এবং আইনি জটিলতা বা সীমানাসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়ে হালনাগাদ তথ্য রয়েছে কি না, তা পুনরায় যাচাই করতে হবে।

নির্বাচন কমিশনের চিঠিতে আরো বলা হয়েছে, তালিকা যাচাইয়ের পর ইউনিয়ন পরিষদের নাম, তারিখ, মামলা, সীমানাসংক্রান্ত জটিলতা, ভোটার তালিকা পুনর্বিন্যাস কিংবা অন্য কোনো বিষয়ে সংশোধনের প্রয়োজন হলে আগামী ৮ নভেম্বরের মধ্যে তা নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় পাঠাতে হবে।

জানা গেছে, আগামী ২১ জানুয়ারি প্রথম দফার ভোটের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। আগামী ১০ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। পাঁচ ধাপে স্থানীয় সরকারের এ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।

দেশে বর্তমানে ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। বাকি ইউনিয়ন পরিষদগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে।

এদিকে ইউপি নির্বাচনের জন্য ভোটকেন্দ্র ও ভোটকক্ষের তালিকাও চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এবার মোট ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে স্থায়ী ভোটকেন্দ্র ৪৫ হাজার ৯৭২টি এবং অস্থায়ী কেন্দ্র ৪২৫টি। এসব কেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ রয়েছে ২ লাখ ২ হাজার ১৫৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৩ হাজার ৫৮০টি। সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি।

আগামী ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%