১১:৪০ এম
‘গণিতকে করব জয়’ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ‘গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি-২০২৬’-এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মোট ৫০ জন কৃতী শিক্ষার্থী বিভিন্ন শ্রেণির মেধাক্রম অনুযায়ী শিক্ষাবৃত্তি পেয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) শেরপুরের খরমপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক, শেরপুরের সভানেত্রী সাদিয়া রহমান। তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও এককালীন শিক্ষাবৃত্তি তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, শিক্ষার্থীদের গণিতভীতি দূর করে গণিতচর্চায় আগ্রহী করে তোলা এবং যুক্তিনির্ভর চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেরপুর জেলা পুলিশের এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
আরও পড়ুন: ইবি শিক্ষার্থীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসা সহায়তার আকুতি
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং প্লেসের সহসভাপতি ও পরিচালক মো. মিজানুর রহমান ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা। এ সময় শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ, শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর প্লেস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শেরপুরসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির মোট ৩৭০ জন শিক্ষার্থী অংশ নেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন