ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

বরগুনা ও পটুয়াখালীতে জেঁকে বসেছে শীত, ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ


বরগুনা ও পটুয়াখালীতে জেঁকে বসেছে শীত, ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ

বরগুনা–পটুয়াখালীসহ দেশের উপকূলজুড়ে কার্তিকের শেষ সপ্তাহে হঠাৎ করেই শীত জেঁকে বসেছে। গত তিন-চার দিন ধরে রাতের শেষভাগ থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা এবং হিমেল হাওয়া জনজীবনে শীতের অনুভূতি আরো বৃদ্ধি করেছে। পুরো উপকূলীয় অঞ্চলে বইছে উত্তরের ঠাণ্ডা বাতাস, যা যেন আগাম শীতের বার্তা নিয়ে এসেছে প্রকৃতি।

উপকূলীয় এলাকার বাসিন্দাদের সাথে কথা বললে তারা জানান, রাত নামলেই তীব্র শীত অনুভূত হচ্ছে। ভোরের দিকে কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট, ফলে দৃষ্টিসীমা কমে যাচ্ছে।

মাছ ধরার নৌকার মাঝিরা জানান, ভোরের দিকে নদীতে কুয়াশার চাদর পড়ে যোগাযোগে সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে দিনের বেলায় রোদ উঠলেও ঠাণ্ডা বাতাসের দাপটে গরম কাপড় ছাড়া বের হওয়া বেশ কষ্টকর হয়ে পড়েছে।

আরও পড়ুন: সিলেটে টিলা কাটার মহোৎসব, গত ২৫ বছরে ৩০ শতাংশ টিলা নিশ্চিহ্ন

সরেজমিনে দেখা গেছে, গত এক সপ্তাহ ধরে বরগুনার বেতাগী পৌর শহরে শীত আগাম বসে যাওয়ায় নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। ভোরে রিকশাচালক, দিনমজুর, কৃষিজীবী ও জেলেরা কাজ করতে গিয়ে শীতে কাঁপছেন। ফুটপাতের খাবারের দোকানগুলোতে বেড়েছে গরম চা-কফির চাহিদা। অপরদিকে, শিশুরা ও বয়স্কদের ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানানো হয়েছে, ইতিমধ্যে সর্দি-কাশি, জ্বর এবং শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপকূলে উত্তর দিক থেকে বইতে থাকা শুষ্ক ও ঠাণ্ডা বাতাসের কারণে তাপমাত্রা কমে যাচ্ছে। শনিবার বরিশালের রাতের তাপমাত্রা ছিল ১৮ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে।

শীতের আগমনে কৃষক সমাজ কিছুটা স্বস্তি পেলেও ভোরের শিশিরে ফসলের ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে। সেই সঙ্গে নাব্যতা কমে যাওয়ায় নদীপথে নৌযান চলাচলেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়্যিদ আমারুল্লাহ বলেন, ‘শিশুদের ঠাণ্ডা জাতীয় কোনো খাবার খেতে দেওয়া যাবে না। হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’

আরও পড়ুন: ‘নদী ছাড়া আমাদের বাঁচার পথ নেই’ মানববন্ধনে জলবায়ু সংকট ও নদী রক্ষার দাবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুতিদের দুটি ক্ষেপণাস্ত্র ও তিনটি ড্রোন প্রতিহত করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪২ এম


হুতিদের দুটি ক্ষেপণাস্ত্র ও তিনটি ড্রোন প্রতিহত করল সৌদি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের দ্বারা ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন সফলভাবে প্রতিহত করার তথ্য প্রকাশ করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

রবিবার (১৫ নভেম্বর) একটি বিবৃতিতে জানানো হয়, রিয়াদ এবং সৌদির তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে এই হামলাগুলো পরিচালিত হয়েছিল।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে হুতিদের পক্ষ থেকে। এর আগে, গত সপ্তাহে, রিয়াদের তেল কোম্পানি ‘সৌদি আরামকো’র একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছিল বিদ্রোহীরা। পাশাপাশি, সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশ, যেখানে দেশের অধিকাংশ তেল ও গ্যাস মজুদ রয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে হুতি হামলার শিকার হচ্ছে। গত অক্টোবর মাসেও এই অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীটি বড় ধরনের হামলা চালিয়েছিল।

হুতিদের এই হামলার বৃদ্ধি সৌদি আরবের বিমানবন্দর, বন্দর ও তেল স্থাপনাগুলোর উপর প্রতিক্রিয়া হিসেবে, ইয়েমেনে তাদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা আরও তীব্র করেছে সৌদি জোট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেঙ্গালুরুতে পরিবারের ৭ সদস্যকে হত্যার পর ইন্দুশেখরের দাবি, ‘এখন শান্তিতে আছি’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪২ এম


বেঙ্গালুরুতে পরিবারের ৭ সদস্যকে হত্যার পর ইন্দুশেখরের দাবি, ‘এখন শান্তিতে আছি’

ভারতের বেঙ্গালুরুতে স্ত্রীসহ পরিবারের সাত সদস্যকে হত্যার অভিযোগে গ্রেফতার ইন্দুশেখর পুলিশকে জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর তিনি বর্তমানে শান্তিতে আছেন। স্ত্রীর পরিবারের সদস্যদের কাছ থেকে বছরের পর বছর ধরে অপমান ও অসম্মান সহ্য করতে হয়েছে বলে দাবি করে তিনি এমন হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

শনিবার পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ইন্দুশেখর বলেছেন, তার স্ত্রী সব সময় তাকে অপমান করতেন। স্ত্রীর পরিবারের সদস্যরাও তাকে অসম্মান করতেন এবং স্ত্রীর পক্ষ নিয়ে চলতেন। এসব কারণে দীর্ঘদিন ধরে তার মধ্যে ক্ষোভ জমেছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইন্দুশেখর বলেছেন, “আমি এখন শান্তিতে আছি এবং সন্তুষ্ট।”

তদন্তে এ ঘটনায় তার মেয়েরও জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। বাবার হত্যার পরিকল্পনা সম্পর্কে জানার পরও তিনি সহযোগিতা করতে রাজি হন বলে পুলিশের দাবি। মায়ের সম্পত্তি তার নামে লিখে দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে তিনি বাবাকে সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের দাবি, হত্যাকাণ্ডের পর মরদেহ সরিয়ে ফেলতে বাবাকে সহযোগিতা করেন ওই মেয়ে। পাশাপাশি বাড়ির রক্তের দাগ মুছে ফেলার জন্য রাসায়নিকসহ বিভিন্ন উপকরণ সংগ্রহ করেন। নিয়মিত বিরতিতে বাড়ি পরিষ্কার করে হত্যার আলামত নষ্টের চেষ্টা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।

বেঙ্গালুরুর শ্রীপুরম এলাকায় প্রায় ৩ কোটি রুপি মূল্যের একটি সম্পত্তি নিয়ে বিরোধকে হত্যাকাণ্ডের অন্যতম কারণ বলে মনে করছে পুলিশ। শাশুড়ির কাছে সম্পত্তির বড় অংশ দাবি করেছিলেন ইন্দুশেখর। তবে তার শাশুড়ি দুই ছেলের স্বার্থ বিবেচনায় নিয়ে তাকে কেবল ন্যায্য অংশ দেওয়ার কথা জানিয়েছিলেন।

পুলিশের তথ্যমতে, হত্যার পর নিহতদের আঙুলের ছাপ স্ট্যাম্প পেপারে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত। সম্পত্তি ও সংশ্লিষ্ট নথির নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যেই তিনি এমনটি করেছিলেন বলে ধারণা তদন্তকারীদের।

অভিযোগ রয়েছে, মরদেহগুলো বিভিন্ন স্থানে ফেলে দিয়ে পুলিশের সন্দেহ এড়ানোর পরিকল্পনা করেছিলেন বাবা-মেয়ে। পুলিশকে কখনোই ধরা পড়বেন না বলেও মেয়েকে আশ্বস্ত করেছিলেন ইন্দুশেখর।

৫২ বছর বয়সী ইন্দুশেখর ওরফে শেখর পেশায় গাড়িচালক। গত ১৬ থেকে ৩১ অক্টোবরের মধ্যে স্ত্রীর পরিবারের সাত সদস্যকে হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ।

নিহতদের মধ্যে রয়েছেন তার স্ত্রী সুনিথা, শাশুড়ি রূপাবতী, দুই শ্যালক শিবকুমার ও শঙ্কর, তাদের স্ত্রী নলিনী ও দিব্যা এবং সাত বছর বয়সী নাতি পুনিত।

পুলিশের দাবি, গত ১৬ অক্টোবর স্ত্রী সুনিথাকে শিলপাটা দিয়ে আঘাত করে হত্যা করেন ইন্দুশেখর। পরে নন্দী পাহাড়ের কাছে তার মরদেহ ফেলে দেন। এরপরের দুই সপ্তাহে বিভিন্ন অজুহাতে পরিবারের অন্য সদস্যদের নিজের বাড়িতে ডেকে নিয়ে একে একে হত্যা করেন তিনি। কখনো পানাহারের আয়োজন, আবার কখনো পরিবারের অন্য সদস্যদের বেড়াতে যাওয়ার কথা বলে তাদের বাড়িতে আনতেন বলে অভিযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাগামী দুই ট্রেনের যাত্রা শুরু, যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা: হিলিবাসীর স্বপ্ন পূরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৩ এম


ঢাকাগামী দুই ট্রেনের যাত্রা শুরু, যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা: হিলিবাসীর স্বপ্ন পূরণ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা অবশেষে পূরণ হয়েছে। ঢাকাগামী আন্তনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের প্রচেষ্টায় এই গুরুত্বপূর্ণ দুটি ট্রেনের স্টপেজ চালু হওয়ায় স্থানীয় বাসিন্দারা আনন্দিত। নতুন এ যাত্রার সূচনা উপলক্ষে রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে হিলি রেলস্টেশনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

রোববার সকাল সাড়ে ৮টায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি দিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ট্রেনের যাত্রী, চালকসহ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বাসিন্দারা। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন যাত্রীরা। দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়িত হওয়ায় স্টেশনজুড়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান এ সময় বলেন, "হিলিবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ঢাকাগামী আন্তনগর ট্রেন নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু করা। অবশেষে সেই দাবি পূরণ হয়েছে। এ জন্য সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।" তিনি আরও বলেন, ট্রেন দুটির স্টপেজ চালু হওয়ায় হিলি ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে। এটি এ অঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী জানান, "হিলি একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও ব্যবসায়িক এলাকা। প্রতিদিন এ অঞ্চল থেকে ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নানা প্রয়োজনে ঢাকায় যাতায়াত করতে হয়। এত দিন সরাসরি ট্রেনের যাত্রাবিরতি না থাকায় তাঁদের ভোগান্তিতে পড়তে হতো। এখন থেকে সেই দুর্ভোগ অনেকটাই কমবে।" তিনি যোগ করেন, "হিলিবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় আমরা আনন্দিত।"

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডল বলেন, "আমাদের দিনাজপুর-৬ আসনের এমপি ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা এ জেড এম জাহিদ হোসেন আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন।" তিনি আরও বলেন, "ট্রেন দুটির যাত্রাবিরতি শুধু যাত্রীদের যাতায়াতের সুবিধাই বাড়াবে না, বরং হিলি স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।"

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে হিলি রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালুর দাবিতে তাঁরা বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছিলেন। এ দাবি বাস্তবায়িত হওয়ায় এখন থেকে হিলি ও আশপাশের এলাকার মানুষ সহজেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন। এতে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের কাজে যাতায়াত আরও সহজ হবে।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকাগামী দুটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হওয়ায় হিলিবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ উদ্যোগের ফলে হিলির যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে হত্যা, আহত একজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৪ এম


রংপুরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে হত্যা, আহত একজন

রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বিরোধের কারণে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার ফলে আরো একজন যাত্রী আহত হয়েছে। রোববার সকাল ৮টা ২০ মিনিটের সময় উপজেলার জিগারতল এলাকায় এই ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) এবং অপরজন একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। উভয়েই কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের (ঢাকা মেট্রো ব-১২৩৯৯০) একটি নৈশকোচে ভাড়া নিয়ে কন্ডাক্টরের সঙ্গে তাদের কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে এই বিরোধের ফলস্বরূপ কন্ডাক্টর দুই যাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। এ সময় আতিকুল ইসলাম নামের একজন যাত্রীও আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এই ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, বাসটি জব্দ করা হয়েছে এবং চালক, হেলপার ও কন্ডাক্টর পলাতক রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%