প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা অবশেষে পূরণ হয়েছে। ঢাকাগামী আন্তনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের প্রচেষ্টায় এই গুরুত্বপূর্ণ দুটি ট্রেনের স্টপেজ চালু হওয়ায় স্থানীয় বাসিন্দারা আনন্দিত। নতুন এ যাত্রার সূচনা উপলক্ষে রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে হিলি রেলস্টেশনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
রোববার সকাল সাড়ে ৮টায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি দিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ট্রেনের যাত্রী, চালকসহ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বাসিন্দারা। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন যাত্রীরা। দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়িত হওয়ায় স্টেশনজুড়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান এ সময় বলেন, "হিলিবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ঢাকাগামী আন্তনগর ট্রেন নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু করা। অবশেষে সেই দাবি পূরণ হয়েছে। এ জন্য সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।" তিনি আরও বলেন, ট্রেন দুটির স্টপেজ চালু হওয়ায় হিলি ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে। এটি এ অঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী জানান, "হিলি একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও ব্যবসায়িক এলাকা। প্রতিদিন এ অঞ্চল থেকে ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নানা প্রয়োজনে ঢাকায় যাতায়াত করতে হয়। এত দিন সরাসরি ট্রেনের যাত্রাবিরতি না থাকায় তাঁদের ভোগান্তিতে পড়তে হতো। এখন থেকে সেই দুর্ভোগ অনেকটাই কমবে।" তিনি যোগ করেন, "হিলিবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় আমরা আনন্দিত।"
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডল বলেন, "আমাদের দিনাজপুর-৬ আসনের এমপি ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা এ জেড এম জাহিদ হোসেন আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন।" তিনি আরও বলেন, "ট্রেন দুটির যাত্রাবিরতি শুধু যাত্রীদের যাতায়াতের সুবিধাই বাড়াবে না, বরং হিলি স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।"
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে হিলি রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালুর দাবিতে তাঁরা বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছিলেন। এ দাবি বাস্তবায়িত হওয়ায় এখন থেকে হিলি ও আশপাশের এলাকার মানুষ সহজেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন। এতে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের কাজে যাতায়াত আরও সহজ হবে।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকাগামী দুটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হওয়ায় হিলিবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ উদ্যোগের ফলে হিলির যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন