১১:৪১ এম
সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে একটি সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে, যার উদ্দেশ্য হলো মাঠ প্রশাসনকে আরো সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করা। আগামী ১ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে অংশগ্রহণের জন্য দেশের ৫০২ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে আয়োজিত এই সম্মেলনে মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টরা সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত, উন্নয়ন অগ্রাধিকার এবং জনসেবা নিশ্চিত করার বিষয়ে ইউএনওদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। বিশেষ করে উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন এবং নাগরিক সেবার মান বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রতি বছর জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করা হয়। তবে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এ ধরনের সম্মেলন সাধারণত অনুষ্ঠিত হয় না। এ কারণে সরকারের নীতি ও অগ্রাধিকার কর্মসূচি তৃণমূল পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নে ইউএনওদের ভূমিকা আরো শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আরও পড়ুন: বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট
দিনব্যাপী সম্মেলনের একটি খসড়া কর্মসূচি ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। খসড়ায় উপজেলা পর্যায়ে সরকারের বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়গুলোয় গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ স্থানীয় প্রশাসনের নানা বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
সম্মেলনে স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবদের উপস্থিত থাকার কথা রয়েছে। তারা নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম ও উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন কর্মসূচি সম্পর্কে ইউএনওদের সরাসরি নির্দেশনা দেবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) খোরশেদ আলম আমার দেশকে জানান, প্রধানমন্ত্রী সম্মেলন আয়োজনের বিষয়ে সম্মতি দিয়েছেন। তিনি বলেন, ইউএনওদের মাঠ পর্যায়ে অনেক ধরনের দায়িত্ব পালন করতে হয়। এ কারণে এ কর্মসূচি নেওয়া হয়েছে। সম্মেলনে বিভিন্ন বিষয়ে সরকারের পক্ষ থেকে বার্তা ও দিকনির্দেশনা দেওয়া হবে। এর মাধ্যমে মাঠ প্রশাসনে জনগণের সেবার মান আরো উন্নত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: পার্শ্ববর্তী দেশ আমাদের ডাটা হ্যাক করেছে, নতুন আইন জরুরি: রিজভী
সাবেক সচিব আবদুল আউয়াল মজুমদার এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে আমার দেশকে বলেন, এর ফলে সরকারপ্রধানের সঙ্গে ইউএনওদের সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় তাদের যেসব সমস্যা ও সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়, সেগুলো সরাসরি সরকারের কাছে তুলে ধরতে পারবেন। অন্যদিকে প্রধানমন্ত্রীও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সরকারের অগ্রাধিকার ও প্রত্যাশার বিষয়ে সরাসরি বার্তা দিতে পারবেন।
তিনি বলেন, এরশাদ সরকারের আমলেও দুবার ইউএনও সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সে সময় প্রায় ৪৬০ জন ইউএনওকে নিয়ে চারটি বিভাগে এ আয়োজন করা হয়। তার মতে, বর্তমান সম্মেলনটি কয়েকটি ভাগে আয়োজন করা গেলে আরো ভালো ফল পাওয়া যেত।
উপজেলা প্রশাসনের দায়িত্ব
উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পর্যায়ে সরকারের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের অন্যতম প্রধান দায়িত্ব পালন করে থাকেন। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, প্রকৌশলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম তদারকি এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয় সাধন করতে হয় তাদের।
আরও পড়ুন: রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক সংযোগ, জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, ভেজালবিরোধী অভিযান, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং মাদক নিয়ন্ত্রণেও ইউএনওদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকেন। পাশাপাশি ভূমি ব্যবস্থাপনা, সরকারি খাসজমি উদ্ধার, ভূমি রাজস্ব আদায় এবং সরকারি সম্পত্তি রক্ষায় দায়িত্ব পালন করেন।
উপজেলা পর্যায়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও বিভিন্ন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন তদারকি, সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং দুর্যোগের সময় ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনাও তাদের দায়িত্বের মধ্যে পড়ে। সব মিলিয়ে উপজেলা পর্যায়ে সরকারের প্রায় সব গুরুত্বপূর্ণ কার্যক্রমের সঙ্গে ইউএনওদের সম্পৃক্ততা রয়েছে।
গত ৩ অক্টোবর রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনের মালটিপারপাস হলরুমে এক সভায় প্রতি বছর জেলা প্রশাসক সম্মেলনের আদলে ইউএনও সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় তিনি বলেন, প্রতি বছর জেলা প্রশাসকরা সরকারের মন্ত্রী ও সচিবদের সামনে মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। একইভাবে ইউএনওরাও যদি মাঠ পর্যায়ের সমস্যা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকতাগুলো সরাসরি সরকারের কাছে তুলে ধরতে পারেন, তাহলে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব হবে। এরই ধারাবাহিকতায় ইউএনও সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার।
আরও পড়ুন: মালয়েশিয়ার রাজনীতিতে পাকাতান হারাপান চাপে, বাড়ছে মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন