বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৫১ এম
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং বিদ্যমান লজিস্টিক সংকট দূরীকরণের উদ্দেশ্যে হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের সেবার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন সীমাবদ্ধতা কাটিয়ে উঠার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বুধবার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটার (ওটি), প্যাথলজি বিভাগ এবং বহির্বিভাগের (ওপিডি) কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তিনি সরাসরি চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে গিয়ে তাদের চিকিৎসার মান, ওষুধের সহজলভ্যতা ও সেবাপ্রাপ্তির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিব্বীর আহমেদ প্রিন্সসহ হাসপাতালের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিব্বীর আহমেদ প্রিন্স জানান, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শনে এসে সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সেবার মান আরো বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। এসব পরামর্শ দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় যেকোনো সড়ক দুর্ঘটনায় জরুরি চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া স্থানীয় বিভিন্ন ইউনিয়নের বিপুল জনগোষ্ঠীর প্রাথমিক ও উন্নত চিকিৎসার মূল ভরসাস্থল এই সরকারি কেন্দ্রটি। বর্তমানে পর্যাপ্ত লজিস্টিক ও জনবলসংকট থাকা সত্ত্বেও হাসপাতালে বিশেষজ্ঞ গাইনি চিকিৎসকের তত্ত্বাবধানে নিয়মিত সিজারিয়ান অপারেশনসহ প্রসূতিসেবা চালু রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সেবা প্রদান নিরবচ্ছিন্ন রাখতে এবং বিদ্যুৎ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে হাসপাতালে সৌরবিদ্যুৎ (সোলার) সিস্টেম চালু এবং প্রিপেইড মিটারের পরিবর্তে পোস্টপেইড মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি রোগীদের লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমাতে এবং চিকিৎসাসেবায় স্বচ্ছতা আনতে ডিজিটাল অটোমেশন চালুর পরিকল্পনা করা হয়েছে, যার মাধ্যমে রোগী নিবন্ধন, টিকিট কাটা ও ডিজিটাল প্রেসক্রিপশন প্রদান করা সম্ভব হবে।
এদিকে প্রেসক্রিপশন প্যাডসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় চিকিৎসা উপকরণের সংকট নিরসনে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় সচেতন মহলের মতে, বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন, এক্স-রে ও আলট্রাসনোগ্রাম বিভাগ পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে বিশাল এই জনপদের স্বাস্থ্যসেবায় হাসপাতালটির সক্ষমতা বহুলাংশে বাড়বে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং দুই দেশের বন্ধুত্বের ক্ষেত্রে সাংবাদিকতায় অবদানের জন্য ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’ অর্জন করেছেন ২৬ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশে চীনা দূতাবাসের সহযোগিতায় দেশের শীর্ষস্থানীয় ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার প্রদান করা হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ।
পুরস্কার চারটি বিভাগে প্রদান করা হয়। প্রতিটি বিভাগে প্রথম পুরস্কার হিসেবে এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকার চেক, স্মারক ও সনদ প্রদান করা হয়।
প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে দ্বিতীয় পুরস্কার অর্জন করেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মো. তৌহিদুল ইসলাম এবং ডেইলি সানের এএনএম মহিবুব উজ জামান। তৃতীয় পুরস্কার লাভ করেন দৈনিক সবুজ বাংলার মোরসালিন আহমেদ, ডেইলি সানের রফিকুল ইসলাম এবং কালের কণ্ঠের মো. হাবিবুর রহমান।
ফটোগ্রাফি ও মাল্টিমিডিয়া বিভাগে প্রথম পুরস্কার জিতেছেন দৈনিক দিনকালের বাবুল তালুকদার। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ইটিভির মো. ইমতিয়াজ আহমেদ ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ওয়ালিউল বিশ্বাস। তৃতীয় পুরস্কার অর্জন করেন ডেইলি টাইমস অব বাংলাদেশের মো. মাহমুদ জামান, নিউজ২৪-এর কাইয়ুম হাসান রিশাদ এবং ঢাকা পোস্টের মো. আরিফুল ইসলাম।
অর্থনীতি ও কূটনীতি বিভাগে প্রথম পুরস্কার লাভ করেন যমুনা টেলিভিশনের আলমগীর স্বপন। দ্বিতীয় পুরস্কার অর্জন করেন ঢাকা পোস্টের এফ এম আবদুর রহমান মাসুম এবং জাগোনিউজ২৪-এর এমদাদুল হক তুহিন। তৃতীয় পুরস্কার পেয়েছেন দ্য ক্লাইমেট ওয়াচের ফারুক আহমদ আরিফ, ডেইলি সানের মো. আরিফুল ইসলাম এবং বাংলাদেশ টেলিভিশনের মো. ইকবাল হোসাইন।
ক্রীড়া, বিনোদন, ভ্রমণ ও অন্যান্য বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন সারাবাংলার ফারহানা হক নীলা। দ্বিতীয় পুরস্কার লাভ করেছেন রূপালী বাংলাদেশের রুহুল আমিন ভূঁইয়া ও আরটিভির এ আর বাদল। তৃতীয় পুরস্কার অর্জন করেন দেশ রূপান্তরের মোহাম্মদ ওমর ফারুক, ঢাকা পোস্টের শাহাদাত হোসেন এবং দ্য ডেইলি স্টারের জারিফ ফাইয়াজ।
এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বাধিক ভিউ পাওয়া কনটেন্টের জন্য যৌথভাবে বিশেষ পুরস্কার লাভ করেন চ্যানেল২৪-এর স্পেশাল করেসপনডেন্ট রেজওয়ান উজ জামান এবং ভিডিওগ্রাফার মো. মোক্তার হোসেন।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মন্তব্য করেন, ‘এই পুরস্কার অনুষ্ঠান দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাবে। আমি বিশ্বাস করি দায়িত্বশীল গণমাধ্যমই পারে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নত করতে।’
অনুষ্ঠানের আয়োজন করেছে সিএমজি ঢাকা স্টুডিও ও আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার। বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব, ন্যাশনাল প্রেস ক্লাব অব বাংলাদেশ, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ দেশের ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাব এতে সহযোগিতা করেছে। সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশে চীনের দূতাবাস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা জমিতে আলু ফলিয়ে উৎপাদন খরচ তুলতে সক্ষম হননি। ভালো দামের প্রত্যাশায় হিমাগারে আলু রেখে তাঁরা এবার আরো বড় বিপদের সম্মুখীন হয়েছেন। উৎপাদন, পরিবহন এবং সংরক্ষণ খরচের তুলনায় বাজারে আলুর দাম অনেক কম। এই কারণে লোকসানের আশঙ্কায় তাঁরা হিমাগার থেকে আলু তুলছেন না।
অন্যদিকে, নতুন মৌসুমের আলু সংরক্ষণের প্রস্তুতি নিতে হিমাগার খালি করার জন্য মালিকরা বারবার তাগাদা দিচ্ছেন। সরকার নির্ধারিত সময়ের মধ্যে মজুদ আলু বিক্রি বা উত্তোলন করা না হলে বিপুল পরিমাণ খাবার আলু অবিক্রীত থেকে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে এসব আলু গবাদিপশুর খাদ্য হিসেবে বিক্রি করতে, এমনকি মাটিতে পুঁতে ফেলতে হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে কৃষক ও ব্যবসায়ীদের পুঁজি হারানোর পাশাপাশি ব্যাংকঋণের কিস্তি ও সুদ পরিশোধে জটিলতা তৈরি হতে পারে।
কালাই উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, উপজেলায় মোট ১২ হাজার ৩৭৪ হেক্টর ফসলি জমির মধ্যে এবার প্রায় ১২ হাজার ৫৫ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। আলু এই উপজেলার অন্যতম প্রধান অর্থকরী ফসল। উপজেলায় ১৩টি হিমাগারের মোট ধারণক্ষমতা প্রায় ২২ লাখ ৫৯ হাজার বস্তা।
হিমাগারভিত্তিক প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে এসব হিমাগারে মোট ৭ লাখ ২৯ হাজার ১০০ বস্তা আলু মজুত রয়েছে। এর মধ্যে ৭টি হিমাগারে বীজ আলু হিসেবে রয়েছে ১ লাখ ২৫ হাজার বস্তা। সে হিসাবে বীজ আলু বাদ দিলে খাবার আলুর পরিমাণ দাঁড়ায় ৬ লাখ ৪ হাজার ১০০ বস্তা।
হিমাগার মালিকদের আশঙ্কা, কৃষক ও ব্যবসায়ীদের লোকসান কমাতে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে বিপুল পরিমাণ খাবার আলু অবিক্রীত থেকে যেতে পারে। এতে আগামী মৌসুমে আলু চাষের জন্য প্রয়োজনীয় পুঁজি হারানোর ঝুঁকিতেও পড়বেন অনেকে।
চাষি ও ব্যবসায়ীরা জানান, চলতি মৌসুমে প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে প্রায় ১৯ থেকে ২০ টাকা। এর সঙ্গে হিমাগার ভাড়া, শ্রমিক, পরিবহন, বস্তা বাঁধাই এবং ওঠানো-নামানোর খরচ যোগ করলে প্রতি কেজিতে মোট ব্যয় দাঁড়ায় প্রায় ২৮ টাকা। অথচ হিমাগারের দরজায় বর্তমানে আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি মাত্র ৭ থেকে ৮ টাকায়। এতে প্রতি কেজিতে লোকসান হচ্ছে প্রায় ২০ থেকে ২১ টাকা। এই দামে আলু বিক্রি করলে উৎপাদন খরচ তো উঠছেই না, হিমাগার ভাড়া ও ব্যাংকঋণ পরিশোধ করাও সম্ভব হচ্ছে না।
নিশ্চিন্তা প্রকাশ করেছেন আলু মজুতকারী আব্দুল মান্নান, যিনি ব্যাংকঋণ নিয়ে ২৪ হাজার বস্তা আলু হিমাগারে রেখেছেন। তিনি বলেন, প্রতি বস্তায় তাঁর খরচ হয়েছে প্রায় ১ হাজার ৪১০ টাকা। কিন্তু ৮৬০ থেকে ৮৭০ টাকা দরে বিক্রি করলে বস্তাপ্রতি ৫৪০ থেকে ৫৫০ টাকা লোকসান হবে। এতে ২৪ হাজার বস্তা আলুতে তাঁর লোকসান দাঁড়াবে প্রায় ১ কোটি ২৯ লাখ ৬০ হাজার থেকে ১ কোটি ৩২ লাখ টাকা। তিনি বলেন, ঋণ শোধ করা তো দূরের কথা, দিনদিন দেনা বাড়ছে। অথচ হিমাগারের ভাড়া ঠিকই দিতে হচ্ছে।
পুনট বাজারের আলু ব্যবসায়ী আসাদুজ্জামান ফকির একাধিক হিমাগারে ১৭ হাজার বস্তা আলু রেখেছিলেন। এর মধ্যে কম দামে ৯ হাজার বস্তা বিক্রি করে তাঁর প্রায় এক কোটি টাকা লোকসান হয়েছে বলে জানান তিনি। এখনো তাঁর ৮ হাজার বস্তা আলু হিমাগারে পড়ে রয়েছে। তিনি আরো বলেন, টানা তিন বছর লোকসান হওয়ায় তাঁর ঋণের চাপ বেড়েছে। এ বছর নগদ ঋণ বা সিসি ঋণ নবায়নও করতে পারেননি। ফলে ব্যবসা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে।
পুনট কোল্ড স্টোরেজের সহকারী ব্যবস্থাপক এনামুল হক জানান, তাঁদের হিমাগারে গড়ে ৪৫ শতাংশ আলু এখনো মজুত রয়েছে। গত এক সপ্তাহে বিক্রি হয়েছে মাত্র ২ শতাংশ। নতুন আলু সংরক্ষণের সময় ঘনিয়ে আসায় মালিকপক্ষের নির্দেশে কৃষক ও ব্যবসায়ীদের দ্রুত আলু তুলে নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।
সাউথপুল কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক জয়ন্ত কুমার সরকার বলেন, বীজ আলু কৃষক ও ব্যবসায়ীরা তুলে নেওয়ার পরও খাবার আলুর একটি বড় অংশ হিমাগারে পড়ে থাকার আশঙ্কা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব আলু বিক্রি বা উত্তোলন করা না গেলে গবাদিপশুর খাদ্য হিসেবে বিক্রি করতে হতে পারে, এমনকি মাটিতেও পুঁতে ফেলতে হতে পারে। এতে আলুর মালিকদের পাশাপাশি হিমাগার মালিকেরাও আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তাঁর ভাষ্য, ঋণ নিয়ে আলু সংরক্ষণ করা ব্যবসায়ীরা লোকসানের কারণে ব্যাংকের কিস্তি ও সুদ পরিশোধ করতে না পারলে তাঁদের ঋণসংক্রান্ত জটিলতাও বাড়বে।
কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশীদ বলেন, হিমাগার থেকে এখন পর্যন্ত প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ আলু উত্তোলন হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় কম। বাজারে দাম আশানুরূপ না হওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা আলু তুলতে আগ্রহ দেখাচ্ছেন না। ফলে আলু দীর্ঘদিন হিমাগারে পড়ে থাকছে এবং সংরক্ষণ ব্যয় তাঁদের ওপর বাড়তি চাপ তৈরি করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গত বছর মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে আইপিএলে একটি নজিরবিহীন নাটক ঘটেছিল। রাজনৈতিক জটিলতার সৃষ্টি হয়েছিল তখন। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কাটার মাস্টারকে দলে ভেড়ালেও বিসিসিআইয়ের হস্তক্ষেপের কারণে শেষ পর্যন্ত তাকে বাদ দেওয়া হয়েছিল। এর ফলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের মতো একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নিরাপত্তা সংকটের কারণে বিশ্বমঞ্চে না খেলার সিদ্ধান্তটি হইচই ফেলে দিয়েছিল। সেই উত্তাল অধ্যায়ের পর প্রশ্ন উঠেছিলÑ আইপিএল আঙিনায় কি মোস্তাফিজকে আর দেখা যাবে? সব জল্পনা ও সংশয়ের মেঘ কাটিয়ে অবশেষে সেই অচলায়তন ভাঙার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফের খেলতে আগ্রহী কাটার মাস্টার। আগামী মৌসুমের আইপিএলের মিনি নিলামে নিজের নামও নিবন্ধন করেছেন এই অভিজ্ঞ পেসার।
আইপিএলের ইতিহাসে অন্যতম সফল বিদেশি মুখ হিসেবে পরিচিত মোস্তাফিজ। ২০১৬ সালের অভিষেক আসরে তিনি চমক দেখিয়ে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন, যা টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র বিদেশি হিসেবে এখনও রেকর্ড। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা এই বাঁহাতি পেসার ৬০ ম্যাচে শিকার করেছেন ৬০ উইকেট। তার এই অভিজ্ঞতা ও মিতব্যয়ী বোলিং যেকোনো দলের জন্য একটি বড় শক্তি হিসেবে বিবেচিত হবে।
তবে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এবারের আয়োজনে কেবল মোস্তাফিজ একা নন, আইপিএলের মিনি নিলামে নাম লেখানোর দৌড়ে বাংলাদেশের আরো বেশ কয়েকজন প্রতিশ্রুতিশীল ক্রিকেটারও আছেন। সব মিলিয়ে প্রায় ছয় থেকে সাত বাংলাদেশি তারকা নিবন্ধন সম্পন্ন করেছেন। তাদের মধ্যে তরুণ গতির ঝড় তোলা পেসার নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন ও মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় অন্তর্ভুক্ত। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকায় এ সংখ্যা আরো বাড়তে পারে।
আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় আইপিএলের এবারের মিনি নিলাম অনুষ্ঠিত হবে। মেগা নিলামের মতো দল পুনর্গঠনের সুযোগ না থাকলেও ফ্র্যাঞ্চাইজিগুলো ফাঁকা জায়গা পূরণে মরিয়া থাকবে। এখন দেখার বিষয়, নিলামের টেবিলে মোস্তাফিজের সঙ্গে তরুণ বাংলাদেশি তারকারা কাঙ্ক্ষিত দল পান কি না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুর মহানগরের নাওজোড়-কড্ডা এলাকায় অবস্থিত একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কারখানাটির পাঁচতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এবং কোনাবাড়ী ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় রাত ১০টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, কারখানাটিতে ঘাম টেপ তৈরি করা হতো। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ