প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জয়পুরহাটের কালাই উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা জমিতে আলু ফলিয়ে উৎপাদন খরচ তুলতে সক্ষম হননি। ভালো দামের প্রত্যাশায় হিমাগারে আলু রেখে তাঁরা এবার আরো বড় বিপদের সম্মুখীন হয়েছেন। উৎপাদন, পরিবহন এবং সংরক্ষণ খরচের তুলনায় বাজারে আলুর দাম অনেক কম। এই কারণে লোকসানের আশঙ্কায় তাঁরা হিমাগার থেকে আলু তুলছেন না।
অন্যদিকে, নতুন মৌসুমের আলু সংরক্ষণের প্রস্তুতি নিতে হিমাগার খালি করার জন্য মালিকরা বারবার তাগাদা দিচ্ছেন। সরকার নির্ধারিত সময়ের মধ্যে মজুদ আলু বিক্রি বা উত্তোলন করা না হলে বিপুল পরিমাণ খাবার আলু অবিক্রীত থেকে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে এসব আলু গবাদিপশুর খাদ্য হিসেবে বিক্রি করতে, এমনকি মাটিতে পুঁতে ফেলতে হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে কৃষক ও ব্যবসায়ীদের পুঁজি হারানোর পাশাপাশি ব্যাংকঋণের কিস্তি ও সুদ পরিশোধে জটিলতা তৈরি হতে পারে।
কালাই উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, উপজেলায় মোট ১২ হাজার ৩৭৪ হেক্টর ফসলি জমির মধ্যে এবার প্রায় ১২ হাজার ৫৫ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। আলু এই উপজেলার অন্যতম প্রধান অর্থকরী ফসল। উপজেলায় ১৩টি হিমাগারের মোট ধারণক্ষমতা প্রায় ২২ লাখ ৫৯ হাজার বস্তা।
হিমাগারভিত্তিক প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে এসব হিমাগারে মোট ৭ লাখ ২৯ হাজার ১০০ বস্তা আলু মজুত রয়েছে। এর মধ্যে ৭টি হিমাগারে বীজ আলু হিসেবে রয়েছে ১ লাখ ২৫ হাজার বস্তা। সে হিসাবে বীজ আলু বাদ দিলে খাবার আলুর পরিমাণ দাঁড়ায় ৬ লাখ ৪ হাজার ১০০ বস্তা।
হিমাগার মালিকদের আশঙ্কা, কৃষক ও ব্যবসায়ীদের লোকসান কমাতে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে বিপুল পরিমাণ খাবার আলু অবিক্রীত থেকে যেতে পারে। এতে আগামী মৌসুমে আলু চাষের জন্য প্রয়োজনীয় পুঁজি হারানোর ঝুঁকিতেও পড়বেন অনেকে।
চাষি ও ব্যবসায়ীরা জানান, চলতি মৌসুমে প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে প্রায় ১৯ থেকে ২০ টাকা। এর সঙ্গে হিমাগার ভাড়া, শ্রমিক, পরিবহন, বস্তা বাঁধাই এবং ওঠানো-নামানোর খরচ যোগ করলে প্রতি কেজিতে মোট ব্যয় দাঁড়ায় প্রায় ২৮ টাকা। অথচ হিমাগারের দরজায় বর্তমানে আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি মাত্র ৭ থেকে ৮ টাকায়। এতে প্রতি কেজিতে লোকসান হচ্ছে প্রায় ২০ থেকে ২১ টাকা। এই দামে আলু বিক্রি করলে উৎপাদন খরচ তো উঠছেই না, হিমাগার ভাড়া ও ব্যাংকঋণ পরিশোধ করাও সম্ভব হচ্ছে না।
নিশ্চিন্তা প্রকাশ করেছেন আলু মজুতকারী আব্দুল মান্নান, যিনি ব্যাংকঋণ নিয়ে ২৪ হাজার বস্তা আলু হিমাগারে রেখেছেন। তিনি বলেন, প্রতি বস্তায় তাঁর খরচ হয়েছে প্রায় ১ হাজার ৪১০ টাকা। কিন্তু ৮৬০ থেকে ৮৭০ টাকা দরে বিক্রি করলে বস্তাপ্রতি ৫৪০ থেকে ৫৫০ টাকা লোকসান হবে। এতে ২৪ হাজার বস্তা আলুতে তাঁর লোকসান দাঁড়াবে প্রায় ১ কোটি ২৯ লাখ ৬০ হাজার থেকে ১ কোটি ৩২ লাখ টাকা। তিনি বলেন, ঋণ শোধ করা তো দূরের কথা, দিনদিন দেনা বাড়ছে। অথচ হিমাগারের ভাড়া ঠিকই দিতে হচ্ছে।
পুনট বাজারের আলু ব্যবসায়ী আসাদুজ্জামান ফকির একাধিক হিমাগারে ১৭ হাজার বস্তা আলু রেখেছিলেন। এর মধ্যে কম দামে ৯ হাজার বস্তা বিক্রি করে তাঁর প্রায় এক কোটি টাকা লোকসান হয়েছে বলে জানান তিনি। এখনো তাঁর ৮ হাজার বস্তা আলু হিমাগারে পড়ে রয়েছে। তিনি আরো বলেন, টানা তিন বছর লোকসান হওয়ায় তাঁর ঋণের চাপ বেড়েছে। এ বছর নগদ ঋণ বা সিসি ঋণ নবায়নও করতে পারেননি। ফলে ব্যবসা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে।
পুনট কোল্ড স্টোরেজের সহকারী ব্যবস্থাপক এনামুল হক জানান, তাঁদের হিমাগারে গড়ে ৪৫ শতাংশ আলু এখনো মজুত রয়েছে। গত এক সপ্তাহে বিক্রি হয়েছে মাত্র ২ শতাংশ। নতুন আলু সংরক্ষণের সময় ঘনিয়ে আসায় মালিকপক্ষের নির্দেশে কৃষক ও ব্যবসায়ীদের দ্রুত আলু তুলে নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।
সাউথপুল কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক জয়ন্ত কুমার সরকার বলেন, বীজ আলু কৃষক ও ব্যবসায়ীরা তুলে নেওয়ার পরও খাবার আলুর একটি বড় অংশ হিমাগারে পড়ে থাকার আশঙ্কা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব আলু বিক্রি বা উত্তোলন করা না গেলে গবাদিপশুর খাদ্য হিসেবে বিক্রি করতে হতে পারে, এমনকি মাটিতেও পুঁতে ফেলতে হতে পারে। এতে আলুর মালিকদের পাশাপাশি হিমাগার মালিকেরাও আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তাঁর ভাষ্য, ঋণ নিয়ে আলু সংরক্ষণ করা ব্যবসায়ীরা লোকসানের কারণে ব্যাংকের কিস্তি ও সুদ পরিশোধ করতে না পারলে তাঁদের ঋণসংক্রান্ত জটিলতাও বাড়বে।
কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশীদ বলেন, হিমাগার থেকে এখন পর্যন্ত প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ আলু উত্তোলন হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় কম। বাজারে দাম আশানুরূপ না হওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা আলু তুলতে আগ্রহ দেখাচ্ছেন না। ফলে আলু দীর্ঘদিন হিমাগারে পড়ে থাকছে এবং সংরক্ষণ ব্যয় তাঁদের ওপর বাড়তি চাপ তৈরি করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন