প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত বছর মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে আইপিএলে একটি নজিরবিহীন নাটক ঘটেছিল। রাজনৈতিক জটিলতার সৃষ্টি হয়েছিল তখন। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কাটার মাস্টারকে দলে ভেড়ালেও বিসিসিআইয়ের হস্তক্ষেপের কারণে শেষ পর্যন্ত তাকে বাদ দেওয়া হয়েছিল। এর ফলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের মতো একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নিরাপত্তা সংকটের কারণে বিশ্বমঞ্চে না খেলার সিদ্ধান্তটি হইচই ফেলে দিয়েছিল। সেই উত্তাল অধ্যায়ের পর প্রশ্ন উঠেছিলÑ আইপিএল আঙিনায় কি মোস্তাফিজকে আর দেখা যাবে? সব জল্পনা ও সংশয়ের মেঘ কাটিয়ে অবশেষে সেই অচলায়তন ভাঙার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফের খেলতে আগ্রহী কাটার মাস্টার। আগামী মৌসুমের আইপিএলের মিনি নিলামে নিজের নামও নিবন্ধন করেছেন এই অভিজ্ঞ পেসার।
আইপিএলের ইতিহাসে অন্যতম সফল বিদেশি মুখ হিসেবে পরিচিত মোস্তাফিজ। ২০১৬ সালের অভিষেক আসরে তিনি চমক দেখিয়ে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন, যা টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র বিদেশি হিসেবে এখনও রেকর্ড। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা এই বাঁহাতি পেসার ৬০ ম্যাচে শিকার করেছেন ৬০ উইকেট। তার এই অভিজ্ঞতা ও মিতব্যয়ী বোলিং যেকোনো দলের জন্য একটি বড় শক্তি হিসেবে বিবেচিত হবে।
তবে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এবারের আয়োজনে কেবল মোস্তাফিজ একা নন, আইপিএলের মিনি নিলামে নাম লেখানোর দৌড়ে বাংলাদেশের আরো বেশ কয়েকজন প্রতিশ্রুতিশীল ক্রিকেটারও আছেন। সব মিলিয়ে প্রায় ছয় থেকে সাত বাংলাদেশি তারকা নিবন্ধন সম্পন্ন করেছেন। তাদের মধ্যে তরুণ গতির ঝড় তোলা পেসার নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন ও মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় অন্তর্ভুক্ত। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকায় এ সংখ্যা আরো বাড়তে পারে।
আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় আইপিএলের এবারের মিনি নিলাম অনুষ্ঠিত হবে। মেগা নিলামের মতো দল পুনর্গঠনের সুযোগ না থাকলেও ফ্র্যাঞ্চাইজিগুলো ফাঁকা জায়গা পূরণে মরিয়া থাকবে। এখন দেখার বিষয়, নিলামের টেবিলে মোস্তাফিজের সঙ্গে তরুণ বাংলাদেশি তারকারা কাঙ্ক্ষিত দল পান কি না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন