১১:৫৫ পি.এম
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরের দীর্ঘদিন ধরে পড়ে থাকা পরিত্যক্ত সরকারি ভবনে বখাটে কিশোর ও যুবকদের আড্ডা, মাদক সেবন এবং অসামাজিক কার্যকলাপের ভয়াবহ অভিযোগ উঠেছে। প্রশাসনিক নজরদারির অভাবে এসব পরিত্যক্ত ভবন এখন অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা ও সামাজিক অবক্ষয়ের চরম আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত এসব স্থানে আইনি পদক্ষেপ ও প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠালিয়ার এসব সরকারি কোয়ার্টার ও ভবন প্রায় এক দশক আগে ব্যবহারের অযোগ্য ও বিপজ্জনক ঘোষণা করা হয়। বর্তমানে ঝুঁকিপূর্ণ থাকা সত্ত্বেও দু-একটি ভবনে দু-একটি পরিবার বসবাস করলেও অধিকাংশ ভবনই সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় পড়ে আছে। আর এই অরক্ষিত সুযোগকে কাজে লাগিয়ে স্থানগুলোকে মাদকসেবী ও বখাটেদের প্রধান আস্তানায় পরিণত করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দিন-রাত সমানতালে এসব পরিত্যক্ত ভবনে বহিরাগত কিশোর ও তরুণদের অবাধ আনাগোনা চলছে। গভীর রাত, এমনকি ভোর ৩টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান নিয়ে তারা বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকে। তাছাড়া, ভবনের সামনের প্রধান সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট ও আলোর ব্যবস্থা না থাকায় অন্ধকারের সুযোগ নিয়ে অপরাধীরা নির্বিঘ্নে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: শৌলজালিয়া শিক্ষার্থীদের অগ্নিনির্বাপণ ও দুর্ঘটনা মোকাবিলা বিষয়ক প্রশিক্ষণ
সম্প্রতি স্থানীয় সচেতন নাগরিকেরা সরেজমিনে ভবনগুলো পরিদর্শন করে সেখানে মাদক সেবনের বিভিন্ন উদ্বেগজনক আলামত দেখতে পান। স্থানীয়দের মতে, কারও সম্মানহানি করা তাঁদের উদ্দেশ্য নয়; বরং বড় ধরনের কোনো অঘটন বা অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কিশোরদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করাই তাঁদের মূল লক্ষ্য।
এ অবস্থায় পরিত্যক্ত ভবনগুলো দ্রুত সিলগালা করে অবাধ প্রবেশ বন্ধ করা, নিয়মিত পুলিশি টহল জোরদার করা এবং সংলগ্ন সড়কে দ্রুত ল্যাম্পপোস্ট স্থাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। একই সাথে নিজের সন্তানরা কোথায় যায় এবং কাদের সঙ্গে মেলামেশা করছে—সে বিষয়ে অভিভাবকদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন